Profile Photo

হাসনাত সৌরভOffline

  • Hasnat21
  • Profile picture of হাসনাত সৌরভ

    হাসনাত সৌরভ

    3 years, 4 months ago

    টোপ
    হাসনাত সৌরভ
    ============

    প্রতিদিন মানুষটাকে ঠিক একইভাবে জোড়াদিঘির পাড়ে বসে থাকতে দেখে শোভন। ছিপ ফেলে একদৃষ্টে তাকিয়ে জলের দিকে। অবিচল। অল্প দূরে বসে থাকা অন্যান্য অত্যুৎসাহী শখের মৎসসন্ধানীদের গল্পগুজব, হাসিঠাট্টা কিছুই যেন স্পর্শ করে না তার একাগ্রতাকে। শোভন মুগ্ধ হয়। ভাবে, জীবনের আসল সময়ে যদি সে এই লোকটার মতো আরেকটু কনসেন্ট্রেট করতে পারত তাহলে হয়তো এমন বেচুবাবু হয়ে সেলস ডিপার্টমেন্টে পঁচে মরতে হতো না, আর রুমেলাও তাকে ছেড়ে… হয়তো!

    মোড়ের মাথায় বিনুদার দোকানের সামনে দাঁড়িয়ে একটা গোটা সিগারেট পুড়িয়ে খরচ করা অব্দি তার এই আত্মদর্শনের বিলাসিতা চলে। তারপর আবার যে কে সেই ঘোড়দৌড়। বাস ধরার তাড়া… ক্লায়েন্ট মিট… ক্লান্ত লাগলেও দম ফেলার উপায় নেই।

    টার্গেট আর টার্গেট। এই একটা শব্দ বিষাক্ত তিরের মতো সারাক্ষণ বিঁধে থাকে মাথার ভেতরে, যতই সেই তিরের পেছনে ‘ইনসেনটিভ’ নামক রঙিন পালকটি গোঁজা থাকুক না কেন…

    সিগারেটের শেষটুকু ঝকঝকে পালিশ করা বুটের পেছনে ফেলে পিষতে পিষতে শোভন জিজ্ঞেস করে—

    –এই বিনুদা, মালটা কে গো, চেনো? রোজ এরকম গেঁড়ে বসে থাকে একই জায়গায়, আদৌ মাছটাছ কিছু পায়? নাকি সবটাই দেখনদারি?

    বিনুদা খুচরো পয়সার বদলে একটা হাজমোলা ক্যান্ডি ধরিয়ে দেয় হাতে। তারপর মাথা নেড়ে বলে— মাছের খবর জানি না, তবে মাছের চার কিনতে ভোলে না কখনও।

    শোভন আর কথা বাড়ায় না। হাঁটতে হাঁটতে লোকটার ঠিক পেছনে গিয়ে দাঁড়ায়। কোনও হেলদোল নেই ভদ্রলোকের! যেন পৃথিবী ওলটপালট হয়ে গেলেও তিনি ওই ফাতনাতেই আটকে থেকে যাবেন শেষ পর্যন্ত!

    জেদ চেপে যায় শোভনের। চুলোয় যাক বাস, আজ সে দেখবেই শেষ পর্যন্ত কী হয়। জুতো ছেড়ে সে বসে পড়ে লোকটার পাশেই।

    লোকটা যদিও ঘাড় ঘুরিয়ে তাকে দেখে না একবারও।

    শোভন ছিপের দিকে তাকিয়ে থাকে। নড়ে উঠল কি একটু! না না, মনের ভুল… নাকি চোখের?

    দু-একটা বোলতা এদিকে থেকে-থেকেই কানের কাছে এসে বোঁ বোঁ করে ঘুরপাক খেয়ে যাচ্ছে। ঘাটের গা বেয়ে সরসর করে জলের মধ্যে মিলিয়ে যাচ্ছে হিলহিলে ঢোঁড়া সাপ।

    কতক্ষণ সময় পেরিয়েছে খেয়াল নেই শোভনের। বোধহয় ঝিমুনি আসছিল অল্প। এমন সময় জলের মধ্যে একটা যেন হালকা আলোড়ন টের পেল সে…

    এই তো, টোপ গিলেছে মনে হয় একটা…!

    অদ্ভুত ব্যাপার! লোকটা তবু চুপচাপ বসেই রইল! বিন্দুমাত্র নড়নচড়ন নেই। শুধু অপেক্ষা করার জন্যই যেন তার এই নিয়মিত আয়োজন…

    শোভন অধৈর্য হয়ে ওঠে। বিরক্তি ছুড়ে দিয়ে বলে,

    –আরে ও মশাই, এটা কী হল! মাছটা তো পালাল… আপনার টোপ কোন কারে লাগল শুনি?

    শোভনের প্রশ্নে এই প্রথম মানুষটা সাড়া দিল। শান্ত গলায় বলল,

    –প্র্যাকটিস করছি তো…
    –কী…!

    ছিপ গোটাতে গোটাতে মুচকি হেসে লোকটা উত্তর দিল,

    –ছেড়ে যেতে দেখা…

    @হাসনাতের হস্তাক্ষর

    7
    8 Comments
Skip to toolbar