Profile Photo

হাসনাত সৌরভOffline

  • Hasnat21
  • প্রবহণ
    হাসনাত সৌরভ
    =============================

    আয় আয় আয় …

    জাহেক পায়রাগুলোকে গভীর আন্তরিকতার সঙ্গে ডাকে। ওর ডাক শুনে এক ঝাঁক পায়রা পাঁচ তলার ছাদের উপর থেকে ঘুলঘুলির ফোকর গলে, এসি মেশিনের পিছন থেকে মাটিতে নেমে আসে। গম হাতে উড়ন্ত পায়রাদের ডানা ঝাপটানোর আওয়াজ আর বাতাসে গা ভাসিয়ে নীচে নেমে আসার দৃশ্য দেখে দিনের শুরু হয় জাহেকের।

    বহুকাল আগে এই বাড়িটা বানিয়েছিলেন জাহেকের দাদা। উনি এই অঞ্চলের নাম করা অ্যাডভোকেট ছিলেন। লোকের মুখে মুখে ঘুরত জমিনুদ্দীনের নাম। সারাটা দিন বাড়িতে লোকজনের আনাগোনা চলত। জাহেকের বাবাও ওকালতি পাশ করে একই পেশায় মনোনিবেশ করেছিলেন। বাড়িটা জাহেকের দাদা বিখ্যাত অ্যাডভোকেটের নামেই। সেটাই বংশানুক্রমিক ভাবে চলে আসছে। যদিও জাহেকের সময় এসে সেই বাড়ির লালিত্য কিছুটা ম্লান হয়েছে।

    সকাল থেকে সাহারা কান পেতে থাকে। বিছানায় শুয়েই শুনতে পায় ‘আয় আয় আয়’ ডাক। পায়রাবাবুর ডাক শোনার অপেক্ষাতেই যেন ও বিছানা আঁকড়ে থাকে। এই ডাক কানে এলে ও বিছানা ছেড়ে জানালার সামনে এসে দাঁড়ায়। সাহারাদের ফ্ল্যাট থেকে জয়তুদের বাড়ির পিছনের অংশের সামান্যটুকু দেখা যায় মাত্র। ও ডাক শুনে উঠে জানালা দিয়ে পায়রাদের দেখে।

    সাহারার বিয়ে হয়েছে প্রায় সাত বছর। সংসারে সদস্য সংখ্যা বাড়েনি। এ বাড়িতে মানুষ বলতে ওরা স্বামী-স্ত্রী দুইজন। কিন্তু সারাটা বছর সাহারা একাই থাকে এই ফ্ল্যাটে। স্বামী ব্যবসার কাজে দুবাই-সিঙ্গাপুর-হংকং চষে বেড়াচ্ছে। সাহারার আঠারশো স্কোয়্যার ফিটের অত্যাধুনিক ফ্ল্যাট দামী দামী কিউরিওতে ভরে উঠেছে। ওয়ারড্রোব উপচে পড়ছে পোশাকে। কিন্তু তার সেদিকে কোনো খেয়ালই নেই। যতটা মনোযোগ ওর এই পায়ারাগুলোর প্রতি। আঠাশ বছরের যৌবন প্রতিদিন একটু একটু করে বিফলে যায়। টাকাপয়সা, গয়নাগাঁটি, বিলাসিতায় মোড়া হয়েও সাহারার কাছে সে সব মূল্যহীন।

    কী গো ভাবী, তোমার পায়রা দেখা হল?

    কাজের মেয়ে পলির ডাকে চমক ভাঙ্গে সাহারার।

    সাহারা ম্লান হাসি উপহার দেয় পলিকে। সেই হাসিতে ধরা থাকে বিষাদ। শরীর আর মনের যন্ত্রণার কথা।

    ও পলির মুখে ‘পায়রাবাবু’র গল্প শোনে। জাহেক’র বৌ রাজশাহী গমনের পরে আর এ বাড়িতে ফেরেনি। শপিং করতে যাচ্ছি বলে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। কী কেচ্ছা, কী কেচ্ছা!

    মাথা হেঁট করে ফিরে আসে জাহেক। পলির কথায় সাহারার মনে হয় তাই হয়তো পায়রাগুলোর প্রতি নিবেদিত প্রাণ। পলি বলে, ‘জাহেকের শরীরের দোষ দিয়ে বৌটা ভেগেছে।’

    জাহেক পায়রাগুলোকে খেতে দিতে দিতে ভাবে জোর করে কারো কাছ থেকে ভালোবাসা কিংবা শ্রদ্ধা কোনোটাই আদায় করা যায় না। প্রথমটা স্বতঃস্ফূর্ত হলেও দ্বিতীয়টা অর্জন করতে হয়। বাবা রাগী মানুষ ছিলেন আর দাদু ছিলেন রাশভারী স্বভাবের। লোকে দাদুকেই কেন জানি বেশি ভালোবাসত এবং সম্মান-শ্রদ্ধা করত। দাদু একটা কথা বলতেন জাহেককে, ‘দ্যাখো ভাই, যে তোমাকে ভালোবাসবে তাকেই তুমি ভালোবেসো। জোর করে কারো কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা কোরো না।’ এখন বুঝতে পারছে কত মূল্যবান কথা তিনি বলে গিয়েছিলেন জাহেককে।

    জাহেক পারতপক্ষে সেইভাবে কখনো কোনো মেয়েদের দিকে তাকায় না। সেও দাদুর চেম্বারে প্র্যাকটিস করে। তবে প্র্যাক্টিসে মন বসে না। কী হবে এতো টাকাপয়সা দিয়ে? কিছুই তো সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। তাছাড়া কার জন্যে টাকা ইনকাম করবে! একটা হতাশা জাপটে ধরে। ও কাজ কর্ম শিকেয় তুলে ছাদে উঠে বাগান, পাখি, কাঠবেড়ালি আর বেজিদের লুকোচুরি খেলা দেখে। ভোরের আকাশ দেখে, পশ্চিম আকাশে বৈরাগ্যের রং দেখে। দিনান্তে পাখিদের বাসায় ফেরা আর সন্ধ্যাতারাটিকে দেখে। তখন খুব মায়ের কথা মনে পড়ে। মা এখন দূর-স্মৃতি। পূর্ণিমা সন্ধ্যায় চাঁদ উঠলে জাহেক আস্তে আস্তে ছাদে চলে আসে। তখন খুব মনে পড়ে তিন রাতের বৌটিকে। বুকের ভিতরটা পুড়ে খাক হয়।

    দাদি বলেন, ‘পুরুষ মানুষের এতো বৈরাগ্য ভালো নয়। কে দোষ করল, তার জন্যে সারাটা জীবন ব্রহ্মচারী হয়ে থাকতে হবে? সে তো নাগরের সঙ্গে দিব্যি সুখে ঘরকন্না করছে। আর তুই? খালি চাঁদ তারা দেখে বেড়াচ্ছিস।’ গ্রহ দোষ কাটাতে দাদী কী না করছেন জাহেকের জন্যে।

    এমনই একটা রাতে জাহেক ছাদে উঠেছিল। সে জেনেছিল বিশ্বব্রহ্মান্ডের এক গভীর রহস্যের কথা। এই সপ্তাহে তিনটি গ্রহ খুব কাছে চলে আসছে। পৃথিবী থেকেই দেখা যাবে মঙ্গল, শনি আর বৃহস্পতিকে। আর শুক্রকে তো প্রতিদিন দেখা যায়।

    সাহারার মন ভালো নেই। কিছুদিন ধরে একটা সন্দেহ তার মনের ভিতরে উঁকি দিচ্ছিল। তাদের হোটেল ব্যবসা। স্বামী বিপ্লবকে তাই সারাটাবছর বাইরে ব্যস্ত থাকতে হয়। যখন বাড়িতে আসে তখন যেন অন্য এক মানুষ মনে হয়। যেন দূর আকাশের কোনো গ্রহ। যতক্ষণ থাকে মোবাইল নিয়েই কাটিয়ে দেয়। সেদিন মোবাইলে একটা ফটো দেখেছিল, সুন্দরী এক বিদেশিনীর। রাত জেগে মেয়েটির সঙ্গে প্রতিদিন রাতে চ্যাট করে। এতোদিন বাদে এসেও সাহারার সঙ্গ কামনাতে বিন্দুমাত্র আগ্রহ নেই বিপ্লবের। সাহারা কাছে এসে গান-গল্প করতে এলে বিপ্লব রাগত স্বরে বলে, ‘কী এসব ছেলেমানুষী করছ শুনি? আমার অনেক কাজ পড়ে গেছে। যাও, পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো।’

    সাহারা পরাজিতের হাহাকার বুকে নিয়ে দ্বিধা টলোমলো পায়ে পাশের ঘরে এসে শুয়ে পড়ে। এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে জানালা দিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। জ্যোৎস্না এসে পড়ছে ওর বিছানার উপরে। নরম জ্যোৎস্নায় ভিজে যাচ্ছে বিছানা বালিশ। ও চাঁদের দিকে তাকিয়ে বলেছে, আয় ঘুম আয়…।

    সেদিন বিপ্লবের মোবাইলে দেখেছে হোটেলের বিছানায় অন্তরঙ্গ ফটো বিপ্লবের সঙ্গে। গ্যালারিতে বেশ কিছু ছবি আছে মেয়েদের। দেখে কল গার্ল বলে মনে হয়েছে। সাহারা যা বোঝার বুঝে নিয়েছিল। বিপ্লব এবারে খুব বেশিদিন থাকতে পারেনি। সাহারাকে বলেছিল এটিএম থেকে টাকাপয়সা যা লাগে তুলে খরচ করতে। মৌনিমা শুনে ঠোঁট কামড়াতে লাগল, আর বলল, ‘ আমার কিছুই দরকার নেই। তুমি শুধু আমায় মুক্তি দাও।’

    আজকাল সাহারার কিছুই ভালো লাগে না। যার জন্যে ঘরবাড়ি গুছিয়ে রাখবে, সেই মানুষটা কোথায়? এই ধনসম্পত্তিতে আদৌ কি তার কোনো অধিকার আছে। যে পুরুষ তার নিজের স্ত্রী’র প্রাপ্য দাবিটুকু পর্যন্ত পূরণ করতে পারে না, তার জিনিসে কীসের অধিকার? তার এইসব জিনিসপত্র ছুঁতে আজকাল ঘেন্না করে।

    সেদিন বিষণ্ণ মনে সন্ধ্যের পরে ছাদে উঠেছিল। কলেজ লাইফের বান্ধবি ঝিলম দুপুরে বলেছিল আজ রাতে ছাদে উঠে দেখবি মহাজাগতিক এক দৃশ্য। সাহারা পারতপক্ষে কখনো ছাদে ওঠে না। আর সন্ধ্যের পরে তো নাই। আকাশের দিকে তাকিয়ে খুঁজছে সেই মহাজাগতিক দৃশ্য। এমন সময়ে ঝিলাম ফোন করল, ‘কিরে, দেখলি?’ সাহারা ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে বলে, ‘হ্যাঁ, শুক্র, মঙ্গল আর শনিকে দেখছি কিন্তু বৃহস্পতিকে তো দেখছি না।’ ঝিলম যেমন ডিরেকশান দেয় সেইভাবে সাহারা ঘুরতে ঘুরতে ছাদের কার্ণিশে চলে আসে। ওদের আর জাহেকদের বাড়ির মাঝে যে নারকেল গাছটা আছে তার পাতাগুলো দুইদিকের ছাদেই ঝুঁকে পড়েছে। সাহারা খুঁজে না পেয়ে হতাশ হয়। ঝিলম বলে, ‘আমি যেমনটা বলছি শোন, দেখতে পাবি। আমি তো ছাদে উঠেই দেখছি, কী সুন্দর দৃশ্য!’ সাহারা বলে, ‘আমি কিন্তু এখনো খুঁজে পাইনি। এবারে আমি নীচে নেমে যাচ্ছি।’

    ঝিলমের সঙ্গে কথা শেষ হতেই একজনের গলা শুনতে পায় সাহারা, ‘এই যে ম্যাডাম, এই, এই দিকে তাকিয়ে দেখুন, ওই যে ভেনাসের পাশে জুপিটার।’ সাহারা ঘাড় ঘোরায়। দেখে উল্টো দিকের ছাদে একটি যুবক ছাদের কোণে এসে ওকে আঙুল দিয়ে আকাশের বুকে বৃহস্পতির অবস্থান চেনাচ্ছে। সাহারা এগিয়ে যায়। যুবকের নির্দেশ মতো আকাশের বুকে সেই মহাজাগতিক দৃশ্য দেখতে থাকে। সাহারা আর জাহেক দুই ছাদের কার্ণিশে এসে দাঁড়িয়েছে। মাঝে হাত চারেকের ব্যবধান মাত্র।

    ‘আরো একটু ডান দিকে, এই যে আমার দিকে কিছুটা এগিয়ে আসুন, দেখুন এবারে তিনটি গ্রহকেই দেখা যাচ্ছে।’ জাহেকের গভীর আবেগভরা কথাগুলো সাহারার হৃদয় স্পর্শ করে। একটা উত্তাল ঢেউ সহসা আছড়ে পড়ে বুকে। তোলপাড় হচ্ছে বুকের ভিতর। মুহূর্তের ভিতরে হাত চারেকের ব্যবধান তুচ্ছ হয়ে যায়। আস্তে আস্তে ওরা দুইজনে নক্ষত্র বনে হারিয়ে যায়।

    ঠিক এমন সময়ে জাহেকদের পায়রার খোপে দুটি পায়রা মিহি সুরে প্রেমালাপ করে ওঠে, বক-বকম, বক…

    7
    4 Comments
Skip to toolbar