Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ব্রাত্য জনের প্রার্থনা

    আমার এই উন্মুক্ত শৃঙ্খলতায়,
    কিভাবে, কিভাবে খুন হই প্রতি দিন।
    নিরন্তর যুদ্ধে আমি ক্লান্ত, অনাবিষ্কৃত দ্বীপের মতো একা,
    পর্বতের মতো শান্ত, মৌন।
    ওই প্রবাহিত মেঘনার ভয়ংকর স্রোত আজ মৌন দীঘির জলের মতো শান্ত।
    এই নগরের পথে পথে উদ্বাস্তুর মতো যুদ্ধ করে আমি ছুঁয়ে এসেছি,
    পর্বত শৃঙ্গের সুউচ্চ অসীম উচ্চতা।
    অথচ ঘরে ফিরে দেখি,
    নেই নেই, কেউ নেই।
    নেই পরিচিত সেই মুখ।
    পরিচিত মা নেই, পরিচিত বাবা নেই, পরিচিত বোন নেই।
    নেই প্রিয় মুখ।
    যে ভালোবাসায় জড়িয়ে ধরে বলবে , দেখো একদিন আমাদের প্রণয়লীলা লেখা হবে কবিতায়,
    ভবিষ্যতের প্রয়োজনে।
    আমার যুদ্ধাহত পিতা সংসারের ভারে ক্লান্ত।
    অনেকটা ঝড় বুকে নিয়ে।
    আমার মা এর দুখি মুখ, কাকে খোঁজে, কি খোঁজে?
    তার হিসেব মেলে না।
    এই সব ব্রাত্য জীবনের আয়োজন বুকে ধরে,
    আমি আগুনের মতো লেলিহান।
    পর রাত শেষে মনে পড়ে,
    “আমাদের সরল পথে পরিচালিত করো, তাদের পথ নয় যারা বিপদ্গ্রস্থ।“

    আমি ঘুম ভেঙে জেগে দেখি দাসত্যের সহস্র বছর।
    শেকলে বন্দী ওই খাঁচার পাখি।
    যে জীবনের আয়োজনে ক্রমে ধুঁকে ধুঁকে মুমূর্ষু।

    আমি সাঁঝের আঁধারে প্রদীপের আলোতে পাঠ করি,
    সহস্র বছরের পুঁথি।
    সময়ের সাথে বদলে যায় কাঁটাতারের সীমানা, বদলায় মানুষের মানবিক মানচিত্র।
    ঐশী গ্রন্থের পত্রে পত্রে আমি খুঁজে পাই,
    আমার পূর্বসূরির মানবিক ভূগোল।
    মরু প্রান্তরের সমতল থেকে বিজন বনের ছায়ায় আমার সহস্রাব্দের গল্প।
    নেই কোন পার্থক্য, নেই কোন নতুনত্ব।
    মানুষের স্বভাবে আমি এখনো প্রাচীন যাযাবর।
    যাযাবর মন আমার এখনো খুঁজে ফেরে ইডেনের স্বর্গোদ্যান।
    যেমন খুঁজেছিল হাজার বছর আগের মোজেস, মেরির পুত্র জেসাস।
    সময় এক ভ্রান্ত ধারণা, যতোটা আধুনিকতার খোলসে এখনো আমার যাযাবর মন,
    খুঁজে যায় ইউটোপিয়া।
    আমি চর্যাপদের ভাষায় লিখে যাই নিজের আলেখ্য, মানুষের মানবিকতার মানচিত্র।
    ওদিকে পুড়ে যায় আলেকজান্দ্রিয়া, নালন্দার লাইব্রেরি থেকে প্যালেস্টাইন।
    বেথেল হামের নৌকায় জাল টানে পুরাতন পিতর।
    মেসিয়াহের খোঁজে।
    ফিরে আসবে মিলেনিয়া।
    ওদিকে কেউ প্রাচীন মন্দিরে বসে গম্ভীর গাড় শব্দে বলে,
    গৌতম সরনং গচ্ছামি।
    সিদ্ধার্থের বোধির জন্য সাধনা আজো চলিষ্ণু নদীর মতো বহমান।
    সাক্য বনের পূর্ণিমা একা পড়ে থাকে নিরর্থকতায়।
    আমরা রাতের অন্ধকারে জীবনের ঘাতে প্রতিঘাতে আহত হতে হতে,
    পরস্পরের হাত ধরে গোল হয়ে বসে,
    ফিস ফিস করে উচ্চারন করি সহস্রাব্দের অপূর্ব পঙ্কতি মালা।

    4
    6 Comments
Skip to toolbar