Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • যেখানে বাংলাদেশ

    বিস্তৃত ধানের ক্ষেত আর অস্তমিত সূর্যের গোধূলিবেলায়,
    যখন মাঠে মাঠে সোনার ফসল নিয়ে আসে নবান্নের ঘ্রাণ-
    সে আমার দেশ, আমার বাংলাদেশ।
    গ্রাম্য পুকুরে স্বাধীন বালিকার ডুবসাঁতার,
    আর হিজলের ছায়ায় পানকৌড়ি ডেকে যায় একা।
    দূরে বেত বনে, বাঁশের চিরল পাতায় পূর্ণিমার চাঁদ,
    নিয়ে আসে শীতের ন্যাড়া মাঠ-
    সে আমার বাংলাদেশ।
    শহুরে সন্ধ্যায় তরুণ বিপ্লবীর শ্রেণী সংগ্রাম আর চায়ের দোকানে
    ঝড়ো হাওয়া জড়ো করা কাল বৈশাখী -আমার বাংলাদেশ।
    পাহাড়ি মহুয়ার মাদকতায় বৃষ্টির দিগন্তে
    খরস্রোতা নদীর সরল জীবনে- আমার বাংলাদেশ।
    শারদীয় পুজার সকাল জুড়ে কাশফুলের স্নিগ্ধতায় , ঢোলের আর কীর্তনের সুরে-
    আমার বাংলাদেশ।
    বসন্তের ছোঁয়ায় যখন রাজপথ জুড়ে জ্বলে ওঠে সব গুলো রক্ত পলাশ, কৃষ্ণচূড়া,
    রক্তের লাল ঢেলে প্রখর করে উন্নত বর্ণমালা-
    সে আমার দেশ, বাংলাদেশ।
    ভুল নায়কের হাতছানিতে সহস্র মানুষের মশাল মিছিলে- বাংলাদেশ।
    বৌদ্ধবিহারের পুরনো দেয়ালে কেমন মিশে থাকে সহস্র বছরের প্রেম
    আর পিতার উদার জায়নামাজে- আমার বাংলাদেশ।
    গ্রামীন মহিলাদের নকশি কাঁথায়, লালসালুতে
    উদাম গায়ের উলঙ্গ মানুষের আগুনের ওম- আমার বাংলাদেশ।
    মন্দিরের সৌম্যতায়, মসজিদের আজানের ধ্বনিতে, খ্রিস্টের প্রেমে আর বৌদ্ধিক জ্ঞানে- আমার বাংলাদেশ।
    পুরনো লাইব্রেরির পোকায় কাঁটা বইয়ের পাতায় পাতায়,
    একুশ থেকে একাত্তর আর রক্তের স্বাধীনতায় আমার বাংলাদেশ।
    প্রাচীন বঙ্গ থেকে পলি মাটি আর পালি ভাষায় বেড়ে ওঠা নারীর মতো কোমল দেহের বক্রতায়- আমার বাংলাদেশ।
    মানুষের প্রবল ভালোবাসায়, কিশোর কিশোরীর উচ্ছলতায়, বৃদ্ধের প্রার্থনায়, চার্চের ধর্মযাজকের প্রেমে আর শোণিতে শোণিতে আমার বাংলাদেশ।
    শ্রমজীবী মানুষের সংগ্রামের খেরোখাতায়, মধ্যবিত্তের সুদিনের স্বপ্নে, শহরের দেয়ালে দেয়ালে, নতুন গ্রাফিতিতে আমার বাংলাদেশ।
    পদ্মা, মেঘনা যমুনায়, বানভাসি জলে, নিদারুন খরায়- আমার বাংলাদেশ।
    বঙ্গোপসাগর থেকে সুন্দরবনের রহস্যে আর হিমালয় কন্যার প্রহরায়- বাংলাদেশ।
    রেখাচিত্রে, দুর্ভিক্ষে, তিন কন্যায় জেগে থাকে – আমার বাংলাদেশ।
    বাউল গানে আর আমার কাব্যিক অক্ষমতায়- বাংলাদেশ।
    সহস্র বছরের অজস্র কবির প্রথম ও শেষ প্রেম- বাংলাদেশ।
    পলি বিধৌত ফসলের সুঘ্রানে, জলজ সবুজের আতিসাজ্জ্যে, উর্বরা প্রকৃতির প্রতিটি কণায় কণায়, নদীর জালের মতো মানচিত্রে,
    ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সীমানার অধিক ওপরে,
    আকাশের বিশালতায়, নীলাভ সৌন্দর্যে, নক্ষত্রের মতো উজ্জ্বলে- আমার বাংলাদেশ।
    আরো সহস্র, নিযুত, কোটি, কোটি সংগ্রামী মানুষের ইতিহাসে, বর্তমানে, ভবিষ্যতের স্বপ্নে, শিল্পে-
    আমার মায়ের দু চোখ জুড়ে, নতুন ভোরের সূর্যের উজ্জ্বল গর্বিত কিরণে,
    ভাল লাগায়, ভালোবাসায়- লাল সবুজের বাংলাদেশ।

    6
    6 Comments
Skip to toolbar