Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমিই সে

    আঘ্রাণের শেষে এই শীত শীত রাতের শূন্য ফসলের মাঠে এই একাকীত্ব শুধু আমার।
    এই পেঁচাদের একাকী শিকারি নজরদারি আর সেই পুরনো একেলা রাঙ্গা ভাঙা চাঁদ,
    আজ সবটুকু একাকীত্ব নিয়ে আমি শুধুই আমার।
    রাতের আকাশে অপরের চোখের জল শিশিরের মতো সিক্ত করে আমায়।
    ঘরে ফেরার কিছু নেই, কেউ নেই।
    এখানে এই বিশাল আকাশের নিচে আমি একা একজন,নিঃসঙ্গ।
    নির্বিকার চোখে তাকিয়ে থাকি ঐ প্রাচীন কালপুরুষের দিকে।
    আজ এই ন্যাড়া খেড়ো ক্ষেতে মিহি কুয়াশায় আমি শতাব্দীর সামনে সময়কে স্থির করেছি,
    সেই খরস্রোতা নদী আজ থমকে গেছে বেদনার কাছে যেমন এক আকাশ নীল খুব গোপন দুঃখ বুকে নিয়ে জমে আছে নিরুত্তর।
    দুরের গ্রামে একটি দুটি পিদিমের শিখা আর দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ মহাকাশ আর বসুন্ধরার দূরত্ব ঘুচিয়ে দিয়েছে।
    রাতের তারার কখনো জোনাক হয়ে কখনো বা পিদিমের সলতের আলোতে চরাচর করেছে প্লাবিত,
    যেমন যমুনার কালো জল।
    এই বিরহ আমার ভালো লাগে, দুঃখকে ভালোবেসে আমি আমার ভেতর তোমাকে খুঁজে ফিরি,
    কিন্তু আজ তুমি নেই।
    নেই নেই কোথাও কেউ নেই।
    আছি শুধু আমি, আমি একা- এক আকাশের নিচে একা।
    ওদিকে রাতের আকাশ ঘন করে ধেয়ে আসে প্রমত্ত প্লাবন।
    আমি ওপরের দিকে চেয়ে ঝড়ের চোখে চোখ রেখে বলি, আমিই সে।
    হে বিধির বিধান, তোমাকে ছিন্ন করতেই আমার জন্ম। আমিই সে।
    ক্রুদ্ধ মেঘদল ক্রোধে অন্ধ হয়ে প্রবল গর্জনে ফুঁসে আসে আমার দিকে ।
    আমি আমার হাতের মুঠো শক্ত করে গলার শিরা ফুলিয়ে বলি, আমি চির বিদ্রোহী, আমিই অগ্নি, আমিই জল, আমিই বায়ু, আমিই ধরিত্রি।
    আমি, আমিই সে-
    আমি পরাজিত হতে আসি নি, হে ঈশ্বর আমিই সেই মানুষ এবং আমি নিকটবর্তী।

    5
    4 Comments
    • কবিতায় প্রকৃতি এসেছে অপরূপ রুপে, সাথে দ্রোহ আর মানব শক্তির আত্মবিশ্বাস। অনেকদিন পর আপনার সিগ্নেচার স্টাইলের কবিতা। চমৎকার।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar