Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমার লেখা বই ‘খেরোখাতা’ এর অংশ বিশেষ। পাওয়া যাবে রকমারিতে।
    বই এর সাথে হোক নিত্য বসবাস।

    কার প্রতি আক্রোশ
    মতিন সাহেব চেয়ারে অস্থির বসে আছেন। পা নাড়ছেন অনবরত। যতটা সম্ভব জোর দিয়ে কথা বলছেন। বোঝাতে চাচ্ছেন। মনে মনে বিরক্ত হচ্ছেন। কথাগুলো কি ওর কানে ঢুকছে? পাশে বসে থাকে নির্ঝর। তার সদ্য ভেজা চুলে কোমল জলের শরীরে আলোর প্রতিবিম্ব খেলা করে। সে ঘরের শাদা টিশার্টে অবাক বসে থাকে। তাকে দ্যাখে শান্ত, স্থির মনে হয়। আসলে কি প্রবল ঝড় তার খুলিতে জটলা পাকায়, কেউ কি বোঝে? নির্ঝর মন দিয়ে কথা শুনছে। মতিন সাহেব বলে যাচ্ছেন।
    _ “নির্ঝর, এভাবে আর চলে না। তুমি তোমার মাকে কষ্ট দিচ্ছ। আজ পনের দিন, মানুষটা আই সি ইউ এ পরে আছে। তোমার কি মনে হয় তোমার মা বেঁচে আছে? তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। জলের মতো টাকা যাচ্ছে। তুমি আবারো ধারের আশায় তোমার চাচীর কাছে গিয়েছো। নির্ঝর, আমরা মধ্যবিত্ত। টানাপোড়নের সংসার। রুমকি একটা প্রাইভেটে পরে। ওর পেছনে কতো টাকা চলে যায়, জানো? আমাদের হিসাবের টাকা। বুঝতে হবে। তুমি ক্লাস এইটে পড়ো না। তুমি এর মধ্যে যে ধার করেছো, শোধ দেবে কিভাবে, জানো? তোমার কোন আয় রোজগার নেই। এই লাখ লাখ টাকা তুমি কোত্থেকে যোগাড় করবে? বলো আমাকে। নির্ঝর বাস্তবতা বোঝো। তোমার মায়ের যে অবস্থা তাতে তাকে নিয়ে আশা করো না। উনি বেঁচে নেই। জোর করে বাঁচিয়ে রাখা হয়েছে। ভেন্টিলেটর খুলে নিলে, উনি নিজে থেকে শ্বাস নিতে পারবেন না। বোঝো, আমার কথাটা বুঝতে হবে তোমাকে। জীবন বড় কঠিন। তোমার বাঁচতে হবে। তুমি ভবিষ্যতের কথা চিন্তা করো। আমার কথা শুনতে খারাপ লাগবে জানি, কিন্তু এটাই বাস্তব। তুমি হসপিটালের বন্ডে সই করে ভাবীকে নিয়ে এসো। আল্লাহর হাতে ছেড়ে দাও। এই আমার উপদেশ। তুমি ভেবে দ্যাখো।”
    নির্ঝর অপলক কথাগুলো শুনলো। তারপর ক্লান্ত স্বরে বলে, “চাচা আমি অবশ্যই আপনার কথাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবো।”
    _ “আজ তাহলে উঠি। তুমি ভেবে দ্যাখো। অনেক দূরের পথ। আজ আসি। আর আমাকে জানিয়ো।”
    নির্ঝর ঘাড় নেড়ে সায় দ্যায়। সদর দরোজা খুলে দিয়ে রাস্তায় এসে দাঁড়ায়। চেয়ে চেয়ে দ্যাখে মতিন সাহেব একটা রঙিন রিকশায় উঠে, চলে যায়। রাস্তার মোড়ে দাঁড়িয়ে নির্ঝর কারণহীন আক্রোশে থুথু ফেলে।

    5
    2 Comments
Skip to toolbar