Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • সত্যকথন

    আমি বেঁচে আছি। কাম, ক্রোধ, কামনা, বাসনা, লোলুপ ভালোবাসা, প্রেম, ঘৃণা এবং সকল মহৎ ও ক্ষুদ্র অনুভূতি এবং অনুভব নিয়ে বেঁচে আছি। সকল পাপ ও পুণ্যের পৃথিবীতে আমার অস্তিত্বের স্বর তীব্র দাম্ভিক উচ্চারণে জানান দিয়েই বেঁচে আছি। জীবনের মোহ আমি উপেক্ষা করতে পারি নি। আমার ভালো লাগে নিরলস আলস্য, আমার ভালো লাগে সবাইকে পরাজিত করে জিতে যাবার আনন্দ। আবার সবকিছু জুয়ার আসরে বাজি রেখে হেরে যাওয়া সর্বহারা আমি ধার করে নিয়ে আসা শেষ পাইটি নিয়ে দাঁতে দাঁত চেপে জুয়ার আসরে ফিরে যেতে যেতে একরোখা উত্তেজনার আনন্দ উপভোগ করি।

    আকাশ আমার বড় প্রিয়। ইকারুসের ডানায় ভর করে আমি ছুঁতে চাই অনন্ত নক্ষত্ররাজি। আমার তীব্র উচ্চাকাঙ্খা আমাকে করেছে দুর্নিবীত। উচ্চাকাঙ্খার আকাঙ্খা আমাকে একটা আপোষহীন, গোঁয়ার যন্ত্রে পরিণত করেছে। ব্যর্থতা আমাকে হতাশা এনে দেয়। আমি আবার শূণ্য থেকে শুরু করি। উপেক্ষায় আড়ালে রাখি লীলাবতীর দুঃখ। সাফল্য আমাকে আনন্দের পর নিয়ে যায় নির্রথকতায়। সবকিছু শূণ্য মনে হয়। প্রার্থনার সকল সময় শূণ্য মনে হয়, সকল শ্রম পন্ড মনে হয়। তারপর আমি ঘরের দরোজা বন্ধ করে নিকোটিন বন্ধু করে অবসর অনুভব করি। আমার উচ্চাকাঙ্খা আমাকে নতুন সৌরলোকের স্বপ্ন দেখায়। আমি নিজেকে প্রস্তুত করি শাণিত ছুরির মতো। আমি বাস্তবতা, নশ্বরতাকে অতিক্রম করার প্রবল দৈব অভিশাপ ও অভিলাসে একাকী পুড়তে থাকি।

    হঠাৎ অনুভব করি হাতের আঙুলে গরম আলোরণ। নিকোটিন ছুড়ে ফেলি। ঘরের জানালায় চোখ রাখি। বাইরের পৃথিবীতে হয়তো দুঃখ, জড়া, যুদ্ধ, মৃত্যু। কিন্তু এই চার দেয়ালের ঘরটাই হয়তো মহাবিশ্বের একমাত্র বাস্তবতা। বাইরের পৃথিবীর জৈবিকতা হয়তো ছায়ার মতো অলীক বাস্তবতা।

    মৃত্যুকে আমি একই সাথে ঘৃণা করি আবার ভালোবাসি। হয়তো মৃত্যুর পর এই ভাষার বুননে আমি বেঁচে থাকতে পারি কয়েক সহস্রাব্দ। সম্পূর্ণ ভিন্ন মানুষের মননে।

    তারপর আমার মনে পড়ে মাতৃগর্ভের কোন স্মৃতিই আমার মনে নেই। মৃত্যুর পরও হয়তো কোন কিছুর প্রয়োজন হবে না, মনে থাকবে না। ভাবনার বুনণে যে অমরত্বের ছবি আমি আঁকছি তা হয়তো শূণ্য হবে যেদিন আর একটাও জীবিত মানুষ থাকবে না পৃথিবীতে অথবা যখন এই গোলাকার গ্রহটি অগ্নিপিন্ডে পরিণত হবে। কিন্তু এই অর্থহীন ভাবনা এবং নির্রথক অস্তিত্ব আমাকে তীব্র আনন্দ দিচ্ছে। যেন মহাকালের এক নির্রথক আলোকছটা। তবু আমি হাসছি, নতুন করে ভালোবাসছি। কি অদ্ভুত জীবনের এই আলোড়ন। এখানেই হয়তো নির্ঝরের স্বপ্নভঙ্গের শুরু।

    2
    2 Comments
Skip to toolbar