Profile Photo

MI ShaikhOffline

  • mishaikh
  • Profile picture of MI Shaikh

    MI Shaikh

    2 months, 1 week ago

    শিক্ষা বনাম অসুস্থ প্রতিযোগিতা
    ফলাফলঃ ক্ষমাহীন ভবিষ্যৎ
    –এম আই সেখ
    ‘বাতির নিচে অন্ধকার’
    এটি কি উক্তি ? নাকি বাণী ? নাকি বাণী চিরন্তণী ? সে যাই হোক- এটাতে আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা এখানে যে কেউ কেউ এই ধরনের বাণী বা উক্তিকে আসমাণী বাণীর কাছাকাছি নিয়ে যান। নিবেন ই না বা কেনো? কারণ এই জাতীয় উক্তি যারা করেছেন তারা যে মহান মানব (!)। আপনি আমি পিঁপঁড়া মানব। যতই মূল্যবান কথা বলিনা কেনো , যতই গঠন মূলক সমালোচনা করিনা কেনো ওটা হবে সাধারণ কথা- হিসাবের আওতাহীন। কিন্তু তারা জানেন না যে, মহান মানবেরা কি পরিমান মিথ্যা কথা বলেন, কি পরিমানে মন গড়া কথা লেখেন। কতটা অসঙ্গতিপূর্ণ বাণী তারা ছড়ান। কারণ একটাই- পাঠক সমাজে তথা প্রতিষ্ঠিত সমাজে তারা আসন গেড়েছেন পোক্ত করে। তারা যা বলবেন লোকজনে তাই সত্য ও সঠিক ধরে নিবে। কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুর তো বলেই দিয়েছেন তাঁর ‘ভাষা ও ছন্দ’ কবিতায়- “সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা তা সব সত্য নহে।“ তো আর চিন্তা কি? তারা জানেন না – “বিষ থেকে সুধা, নোংরা স্থান থেকে সোনা, নিচ কারো কাছ থেকে জ্ঞান এবং নিচ পরিবার থেকে শুভ লক্ষণা স্ত্রী- এসব গ্রহণ করা সঙ্গত।“
    বলছিলাম – ‘বাতির নিচে অন্ধকার।‘ বাক্যটি ছোট বেলা থেকেই শুনে আসছি। আমি এই রকম কয়েকটি পান্ডিত্যপূর্ণ বাণী নিয়েই মূল লক্ষ্যে যাবো। বাতির নিচে অন্ধকার থাকবে কেন? তাহলে ধরে নিবো যে ঐ বাতিটি প্রতিস্থাপনে কোনো ত্রুটি আছে। অথবা ঐ বাতিটি জরাজীর্ণ যুগের তেলের প্রদীপ। যদি সেকেলে তেলের প্রদীপ হয় তবে একালেও আমরা সেই দূর্বল প্রদীপ নিয়ে বসে আছি কেনো? তেলের প্রদীপ এখনো জ্বলে তবে প্রযুক্তির মাধ্যমে। বাতি বলতে এখন চোখে ভেসে ওঠে বৈদ্যুতিক বাল্ব। এই বাল্বের আলোও তেলের তৈরী। এই বাতির নিচে কি কেউ অন্ধকার দেখেছে?
    এই বাতিকে ধরলাম শিক্ষা। যাকে আমরা আলো হিসেবে গণ্য করি। ‘শিক্ষাই আলো’- আর আলোর কাজ হল অন্ধকার দূর করা। সেই আলোর নিচে যখন অন্ধকার থাকবে, আলো যখন অন্ধকার দূর করতে পারবেনা, ধরে নিতে হবে সেই আলোতে কোনো গন্ডগোল আছে। যে আলো ভালো করে পথ দেখাবে, বস্তু ( তথ্যের বিচার ) চিনতে সাহায্য করবে, সেই আলোর নিচে অন্ধকার থাকলে বুঝতে হবে আলো এবং বস্তুর মাঝে কালো কোনো হাত আছে। কারণ নিরেট জিনিসের ভিতর দিয়ে আলো যেতে পারেনা। অসভ্য বাংলায় যদি বলি তাহলে হবে- মূর্খের দ্বারা কখনও শিক্ষার আলো ছড়ানো সম্ভব না।
    চারদিকে আলো জ্বল জ্বল করছে আর আমরা আলোর নিচে অন্ধকারে হাবুডুবু খাচ্ছি। তাহলে আমাদের গলদটা কোথায়? ইদানিং শিক্ষার মান নিয়ে তুমুল হৈ চৈ পড়ে গেছে। পড়বেই তো! অশিক্ষাবিদেরা শিক্ষা কার্যক্রমে যখন আমূল পরিবর্তন আনার চেষ্টা করে, প্রকৌশলীরা যখন ব্যবসায়ীদের জ্ঞান দিয়ে ব্যবসা চাঙ্গা করার চেষ্টা করে তখনই ঘটে বিপত্তি। আগামী পাঁচ দশকেও পারবে কিনা সন্দেহ আছে। এই যদি হয় শিক্ষা পদ্ধতি তবে সামনে আমাদের জন্য অপেক্ষা করছে ক্ষমাহীন ভবিষ্যৎ।
    মানব সন্তান ও পশু শাবক এই দুইয়ের জন্মের পর পরই তাদের আকৃতিগত পার্থক্য ছাড়া তেমন কোনো পার্থ্যক্য থাকেনা। তার জন্য শিক্ষা জন্ম নেয় না, শিক্ষার জন্য তার জন্ম হয়। শেখা শুরু করে। এক সময় জীব সত্ত্বা চলে আসে মানব সত্ত্বায়। সভ্যতার বিবর্তন আসে। যোগাযোগের সৃষ্টি হয় শুধু শিক্ষা গ্রহণের কারণে। এপারের মানুষের ওপারে যাওয়ার দরকার হয়। দুই পাড়ের মানুষের মিলন বন্ধু হয় খেয়া নৌকা। এই খেয়া নৌকা যতই মজবুত ও ধারণ ক্ষমতা সম্পন্ন হবে দুই পাড়ের মানুষের পারস্পারিক আদান প্রদান ততই গাঢ় হবে। এপাড়ে জীর্ণ নগর ওপাড়ে ধনাঢ্য নগরী। ধনাঢ্য নগরীতে পৌঁছানোর মাধ্যম এই খেয়া নৌকা হল শিক্ষা। প্রখ্যাত লেখক মোতাহের হোসেন চৌধুরী মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সাথে তুলনা করেছেন। নিচ তলা হল জীব সত্ত্বা আর ওপর তলা হল মানব সত্ত্ব বা মনুষ্যত্ত্ব। জীব সত্ত্বার ঘর থেকে মানব সত্ত্বার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা।
    আমার কথা হল- মানব সত্ত্বার ঘরে ওঠার মই যদি শিক্ষা হয় তবে মইটি হতে হবে যুগোপযুগী , টেকসই ও প্রযুক্তি নির্ভর। ঘুণে ধরা নড়বড়ে মই দিয়ে ওপর তলা ওঠা কঠিন। আমাদের শিক্ষা ব্যাবস্থাটা নড়বড়ে ঘুণে ধরা একটা পুরাতন মইয়ের মতোই। যার নিচে আছে অনেক গুলো পশু। ওপরে ওঠার উপযুক্ত মই পাচ্ছেনা তাই মনুষ্যত্ত্বও অর্জন করতে পারছেনা। শিক্ষার যুতসই কোনো কাঠামো এখনও তৈরি হয়নি। শিক্ষা পরিকল্পনা প্রনয়নে শিক্ষাবিদদের অনুপস্থিতি চিরকাল- ব্যপারটা যেন আদার বেপারী জাহাজের খবরের টাইপের। তাহলে মনুষ্যত্ত্ব আসবে কোত্থেকে? শিক্ষা ব্যবস্থাটা আমাদের হয়ে গেছে পুঁথি কেন্দ্রিক। এই পুঁথি কেন্দ্রিক শিক্ষা সম্প্রসারণ না ঘটিয়ে বহুমুখী ও কর্ম ভিত্তিক শিক্ষা সম্প্রসারণ ঘটানো উচিত। পুঁথি কেন্দ্রিক শিক্ষার সম্প্রসারণে কেরাণী ও বাঁহাতি ছাড়া আর কিছু তৈরি হবেনা। অন্যদিকে শিক্ষা গ্রহণে চলছে এক ভীষণ অসুস্থ প্রতিযোগিতা। বাবা ছুটছে টাকার পিছনে। সন্তান ভালো স্কুলে পড়লে ভালো খরচ হবে। এই ভালো খরচের জন্য ভালো আয় করতে হবে। ভালো আয়ের জন্য কালো টাকা ধরতে হবে, কালো বাজারি করতে হবে- মোটামুটি মনুষ্যত্ত্ব শেষ। এদিকে সন্তানের অবস্থা একটু দেখি; চার বছর বয়স। এখন তার সুস্থ দেহ সুন্দর মন গঠনের সময়। গভীর ঘুম দরকার। খোলামেলা পরিবেশ দরকার। কিন্তু জননী বলে কথা। সন্তানের পিছিয়ে পড়া কোন জননী চায়? বয়স ৪-৫ হতেই ঘুম থেকে টেনে তোলা হয়। নামীদামী স্কুলে তাকে ভর্তি করে দেয়া হয়। যে কাঁধে থাকার কথা সোহাগী হাতের আদর, সেই কাঁধে এখন কঠিন বিদ্যার পাথর। মোটামুটি তার মানষিক বিকাশ শেষ।
    ভর্তির ক্ষেত্রে চলছে অসুস্থ ভর্তিযুদ্ধ, চাই ভালো স্কুল। চলছে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে অসুস্থ প্রতিযোগিতা। মা অহংকার করে বলে, “আমার সন্তান অমুক স্কুলে চান্স পেয়েছে!” সন্তানের মধ্য জন্ম নেয় অহংকার। এর পর শুরু হয় অসুস্থ শিক্ষার জঘন্যতম ভুল পদ্ধতির এ প্লাস পাওয়ার প্রতিযোগিতা। শিক্ষা বোর্ডে চলছে এক বোর্ডের সাথে অন্য বোর্ডের পাশের হারের অসুস্থ প্রতিযোগিতা। এই যে মেধাবী নামধারী মেধা শূন্য শিক্ষার্থীরা শিক্ষা শেষে ( তারা জানেনা যে শিক্ষার শেষ নেই) কোন কৃতিত্বই রাখতে না পেরে কোচিং ব্যবসা শুরু করে, টেন্ডারবাজি শুরু করে। শিক্ষার লক্ষ্য যদি হয় টেন্ডারবাজি তবে সেই শিক্ষার তো কোনো ফলাফলের দরকার নেই। অশিক্ষিতরাও শিক্ষিত হয়- যেমন একজন চিত্র শিল্পী একটা ছবি দেখে অবিকল অন্য একটা ছবি আঁকতে পারে। আমি আমার এলাকার একজন বড় মাপের রাজনীতিবিদ কে দেখেছি তার স্বাক্ষরটি ঠিক ছবির মত করে শিখে নিচ্ছে অন্যের কাছ থেকে। এরাই কিন্তু আবার শিক্ষার সংস্কারে এগিয়ে আসে। শিক্ষাবিদদের এদের দরকার হয় না। এরা যা চাপিয়ে দেবে শিক্ষাবিদদের তাই মানতে হবে। বর্ষাকালে কই মাছ উজায় আর এই শিক্ষাহীন শিক্ষাবিদরা উজায় এদের সময় মতো।
    আরো একটা কথা আছে প্রচলিত- “একজন পিতা একশ স্কুল শিক্ষকের চেয়ে বেশী।“ আজকের শিশু আগামী ভবিষ্যৎ পিতা। এখন দেখা যাচ্ছে এই শিশু তার উপযুক্ত শিক্ষা পাচ্ছেনা, সে দেখতে পাচ্ছে তার বাবা শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করছে, শিক্ষক কে নানা ভাবে লাঞ্ছিত করছে। এই শিশু বড় হয়ে হয়তো একশ’ স্কুল শিক্ষকের চেয়ে বেশি হবে। কারণ সে হয়তো একশ’ স্কুলের শিক্ষক কে সমানে লাঞ্ছিত করতে পারবে।
    আমাদের শিক্ষা ব্যবস্থাটাই পুরা ত্রুটিপূর্ণ। যার খেসারত দিতে হচ্ছে সমাজকে, দেশকে, জাতিকে। সকল নৈতিক অবক্ষয়ের মূল কারণ এই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। ত্রুটিপূর্ণ শিক্ষাই কুশিক্ষা। এই কুশিক্ষার কারণে আমরা ‘কর্ম’ কে ধর্মের সমার্থক ভাবি অথবা ধর্মকে পূঁজি করে কর্মের যোগান দিই। যতই আমরা শিক্ষা নিয়ে ঘাঁটা ঘাঁটি করছি ততই আমরা অন্ধকারে তলিয়ে যাচ্ছি। কালো ছায়া নেমে আসছে জাতীয় জীবনে। ঐযে বললাম- বাতির নিচে অন্ধকার। আল্লামা ইকবাল যথার্থই বলেছেন- “যেই শিক্ষা গ্রহণ করে, যেই শিক্ষার গুণে গুণান্নিত হয়ে ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজতে পছন্দ করে ঐ শিক্ষাকে জ্ঞানীরা শিক্ষা না জা্তির জন্য বিষ বলে গণ্য করেছেন।“
    শিক্ষা নিয়ে লেখা আমার একটি কবিতার শেষ স্তবকটি লিখছি কারণ – অন্ধকার দিয়ে লেখা শুরু করছিলাম আলো দিয়ে শেষ করতে চাই।
    জোনাকিরা আলো জ্বেলে বিদায় জানায়
    রাতের শেষ প্রহর’
    এখনও সকাল হয়, খাঁটি শিশির ঝরে অকপটে,
    এখনও স্বপ্ন দেখায় নতুন ভোরের সোনালি রোদ্দুর-
    হয়তো ফিরে পাবো আবার
    নিষ্কণ্টক নির্ভেজাল এক শিক্ষা সমুদ্দুর।

    জাতি অন্ধকারে হারিয়ে যাবে যদি সেই সুশিক্ষার জন্ম না হয়। একদিন হয়তো সেই শিক্ষার জন্ম হবে। আলো ছড়াবে দিকে দিকে। চাঁদের আলোর মতো স্নিগ্ধ আর আরামদায়ক। উদ্ভাসিত হবে গ্রাম, শহর, বন্দর। ততক্ষণে জাতির কপালে কি ঘটবে বলা যায় না। হয়তো হাজারো উর্মিচাঁদের জন্ম নিবে কিংবা আর্কিমিডিসের মতো তথ্যের উত্তর পাওয়ার আনন্দে (…?…) রাস্তায় বেরিয়ে পড়বে আর বলতেই থাকবে—Eureka ! Eureka!!

    4
    2 Comments
    • “বাতির নিচে অন্ধকার” এই একটা রূপকের ভেতর দিয়ে পুরো শিক্ষাব্যবস্থার যে অসারতা তুলে ধরলেন, সেটা সত্যিই ভাবিয়ে তোলে। ঘুণে ধরা মই দিয়ে মনুষ্যত্বের ওপর তলায় ওঠা যে সম্ভব না। এই কথাটা আজকের বাস্তবতায় খুব জরুরি।

    • অন্ধকার বাতির নিচে নয়—অন্ধকার আসলে আমাদের দৃষ্টিভঙ্গি, পদ্ধতি এবং নড়বড়ে মইয়ের হাতলে।………অনন্য ভাবনা

Skip to toolbar