Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • দেবী দর্শন

    রাত গভীর হতেই আমি জেগে উঠি। নগরের অধিকাংশ বাসা বাড়িতে আলো নিবিয়ে ঘুমিয়ে পড়েছে সকল অভাজন। আমার কাঁচ ঘরে একগুচ্ছ জোনাক পোকা। আলোকিত করে রাখে এই অন্ধকার। এরই মাঝে ভেসে আসে নূহের প্লাবন। বৃষ্টির বৃক্ষ অনেক আগেই বৃষ্টির সোঁদা গন্ধ নিয়ে এসেছে এই নগরে। আমি বারান্দার দরোজাটা খুলে আকাশের পাণে চেয়ে দেখি বৃষ্টি এখন কোথায়, কেমন? চক্রাকারে আবর্তিত মেঘমালা ভেসে যায় কোন দূর দিগন্তে। হঠাৎ একদল পরিযায়ী পাখির দল ছুটে যায় বজ্রের ঝিলিকের মতো তীরের শাণিত ফলার মতো। আমাদের পরাবাস্তবতার পৃথিবীতে এখনো বেঁচে আছে ইন্দ্রজালের সৌরভ। সামনের ফ্ল্যাটের পর্দা সরানো চার তলায় জ্বলছে নিয়ন আলো। স্পষ্ট দেখা যায় একটি অপূর্ব সুন্দর মেয়ে রক্তের মতো জমাট বাঁধা লাল শাড়িতে পারদের প্রলেপের আয়েনার সামনে বসে আছে। কপালের টিপটা ঠিক করে এঁকে নিচ্ছে। প্রতিদিন রাতের পরিচিত দৃশ্য। এই সব আলো আঁধারির ছায়া ঘেরা ঘরগুলোতে মেয়েটি যেন নিবেদন করছে আয়েনার কারো কাছে। মেয়েটি সব ভুলে চেয়ে রয় ঐ আয়েনার কাছে। কার কাছে নিবেদন করে সে নিজেকে? আমি মনে মনে বলি, উর্বশী। মেয়েটি উঠে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে সবগুলো রক্তের শিখা শাণিত ছুড়ির ফলার মতো আয়েনার প্রলেপ ভেদ করে অন্য কোন জগতে চলে যায়। কি তাঁর উদ্দেশ্য? আমি অবাক হয়ে কাঁচঘরে জোনাকের আলোতে একা দাঁড়িয়ে থাকি। নেই, নেই, কোথাও কেউ নেই।

    এই আমার প্রথম দেবী দর্শন।

    5
    6 Comments
Skip to toolbar