Profile Photo

Rupantor RoyOffline

  • rupantorroy
  • Profile picture of Rupantor Roy

    Rupantor Roy

    • 1 week ago

    আমরা এক আজব দুনিয়ায় বাস করি। যার নাম পৃথিবী। এখানে বাস করে ৮০০ কোটিরও বেশি মানুষ। তাদের মধ্যে আমি একজন, আপনি একজন, আর আপনার চেনাজানা আরও অনেক মানুষ। জানেন, আমাদের মধ্যে একটা অদ্ভুত মিল কী? আমি একা, আপনি একা, এবং বাকি সবাইও একা।

    আপনি যদি খুব সূক্ষ্মভাবে চিন্তা না করেন, তাহলে হয়তো এসব কিছুই উপলব্ধি করতে পারবেন না। আর তার জন্য দরকার অনেকটা অবসর সময়, নিজের সঙ্গে কাটানোর মতো কিছু মুহূর্ত আর একাকিত্বের স্বাদ। আপনি যদি একবার গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনি অনেক উন্নত হবেন। একই সঙ্গে ভেঙেও পড়বেন।

    ‘আমি একা, আমাকে কেউ বুঝবে না’—এগুলো হলো রোগক্লিষ্ট মস্তিষ্কের ব্যাখ্যা। চারদিকে তাকিয়ে দেখুন। কত মানুষ আছে আপনার! তারা আপনাকে হাসাতে পারে। আপনিও তাদের অসময়ে একটু খোঁজ নিতে পারেন। তারপরও একটা প্রশ্ন থেকে যায়—তারা কি সত্যিই আপনাকে পুরোপুরি বোঝে? কিংবা আপনি কি তাদের পুরোপুরি বুঝতে পারেন?

    একটা সময়ে এসে প্রত্যেক মানুষই ভেতরে ভেতরে কোনো না কোনো বিষয় নিয়ে ধুঁকতে থাকে। অথচ বাইরে থেকে তাকে দেখে মনে হয়, সে খুব সুখে আছে। তার মতো হাসিখুশি মানুষ পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু তার ভেতরের খবর কজন জানে?

    মানুষ যা দেখায়, তা সে নয়। কাউকে বুঝতে হলে তার ভেতরের জগৎটাকে জানতে হয়। কিন্তু সে যদি নিজের সেই জগৎ কাউকে দেখাতেই না চায়, তখন?

    মানুষ হয়ে যখন জন্মেছি, তখন কষ্ট তো পেতেই হবে। সেই কষ্টের গভীরতা যতই হোক না কেন, তবু তো আমি মানুষ। দুঃখ, ব্যর্থতা কিংবা দীর্ঘদিনের মানসিক টানাপোড়েন কখনো কখনো মানুষকে শিল্পের দিকে নিয়ে যায়। কেউ লেখক হয়, কেউ গায়ক, কেউবা অন্য কোনো শিল্পী।

    কেন আমাদের জীবনে বারবার ব্যর্থতা আসে, তা বোঝার ক্ষমতা আমার এখনো হয়নি। কারণ, আমি কখনো নিজেকে সফল মানুষ হিসেবে দেখতে পারিনি। নিজেকে অনেকবার, অনেকভাবে ভেঙেছি। এখনো ভাঙছি।

    ‘আমাদের কেউ বুঝতে পারে না’—এই ধারণাটা হয়তো পুরোপুরি সত্য নয়। কখনো যদি তোমার এমন মনে হয়, তাহলে গান শোনো। কিংবা বই পড়ো। আর যদি নিজের অনুভূতিগুলো প্রকাশ করার মতো কোনো ভাষা খুঁজে না পাও, তাহলে লেখক হও, গায়ক হও।

    কখনো মনে পড়ে তোমার প্রথম প্রেমের কথা?

    সেই সময়ে কতগুলো গান তোমার মনকে দোলাত! প্রেম যদি একতরফা হয়ে থাকে, তাহলে হয়তো তুমি শুনতে ‘মায়াবন বিহারিণী হরিণী’। আর যদি ভালোবাসা পূর্ণতা পেয়ে থাকে, তাহলে হয়তো অন্য কোনো গান তোমার মনের সঙ্গে মিশে যেত। আবার ভালোবাসায় ব্যর্থ হয়ে যখন হৃদয়ে রক্তক্ষরণ হতো, তখন হয়তো শুনতে—‘এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, সুখ চলে যায়।’

    একটু মনোযোগ দিয়ে লক্ষ করলে দেখবে, গান কিংবা সাহিত্যের পাতায় মানুষের প্রায় সব ধরনের অনুভূতিরই জায়গা রয়েছে। সেখানে আনন্দ আছে, বিষাদ আছে, একাকিত্ব আছে, ভালোবাসা আছে, বিচ্ছেদ আছে। কখনো কখনো কোনো একটি গানের কয়েকটি লাইন আমাদের নিজের জীবনের গল্প হয়ে ওঠে। মনে হয়, এই কথাগুলো তো আমারই! আমার মনের ভেতরে জমে থাকা অনুভূতিগুলোই যেন কেউ ভাষায় প্রকাশ করে দিয়েছে।

    পৃথিবীতে কত ধরনের গান রয়েছে! অনুপ্রেরণার গান, একাকিত্বের গান, বিষণ্নতার গান, প্রেমের গান, বিচ্ছেদের গান, আনন্দের গান। জীবনের একেকটি মুহূর্তে একেকটি গান আমাদের মনের সঙ্গে মিশে যায়। আমরা অন্য কারও কণ্ঠে নিজের না-বলা কথাগুলো শুনতে পাই।

    তাই বলছি, তুমি একা নও। তোমার অনুভূতিগুলো হয়তো তোমার মতো করে আর কেউ প্রকাশ করতে পারেনি, কিন্তু পৃথিবীর কোথাও না কোথাও কেউ না কেউ সেই অনুভূতির মধ্য দিয়ে গেছে। হয়তো কোনো লেখক তা লিখে গেছেন, কোনো গায়ক তা গেয়ে গেছেন। তুমি শুধু এখনো তার সঙ্গে পরিচিত হওনি।

    আর যদি কখনো মনে হয়, তোমার অনুভূতি সবার থেকে আলাদা, তোমার মনের কথাগুলো বোঝার মতো কেউ নেই, তাহলে তুমি গায়ক হও। অথবা একজন লেখক।

    অন্তত এমন কিছু সৃষ্টি করো, যার মধ্যে একদিন অন্য কেউ নিজের একাকিত্বকে খুঁজে পাবে।

    1
    3 Comments
    • এই জমনায় এটাই হতে হবে গায়ক অথবা লেখক ঠিক কথা।

    • আপনার লেখাটিতে একাকিত্বের ভেতর দিয়ে মানুষের আত্মিক উপলব্ধির যে গভীর ও সাবলীল বহিঃপ্রকাশ ঘটেছে, তা সত্যিই প্রশংসনীয় এবং আপনি চাইলে আপনার মনের ভাবগুলোকে আরও নতুন কোনো আঙ্গিকে ফুটিয়ে তুলে আমাদের মুগ্ধ করতে পারেন।

    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। একাকিত্ব নিয়ে আপনার এই চিন্তার সাথে আমি ভীষণভাবে একাত্মতা বোধ করছি। নিজের অনুভূতিগুলো এভাবে গুছিয়ে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Friends

Profile Photo
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
Profile Photo
Foyzur Khan
@foyzur-khan
Profile Photo
MAHMUD HAYAT
@mahmudhayat1
Profile Photo
Alamgir Job
@alamgirjob
Profile Photo
iampori
@iampori
Profile Photo
Md. Jahangir Alam
@md-jahangiralam
Profile Photo
shimul gupta
@shimulgupta
Profile Photo
Md Sojib Ahmeed
@mdsojibahmeed
Profile Photo
tazbin smrity
@tazbinsmrity
Skip to toolbar