-
বিদায় নেয়ার আগে
~ ইরফানুর রহমান রাফিন
অথচ , যা হয়েছিল , তা নাও হতে পারত।
কিছু লাইনে এসে মানুষের নিঃশ্বাস থেমে যায়।
ফার্স্ট লাইনটা সেরকম।
*
মনে কর , তুমি হাসপাতালের বিছানায় শুয়ে আছ। নাকেমুখে নল লাগান। কেবিনের বাইরে ভিড় জমাচ্ছে আত্মীয়তা নামের উৎকণ্ঠা।
আহা , সামাজিকতা বলেও তো একটা কথা আছে !
তুমি বুঝতে পারছ তোমার সময় বেশি নেই। তাই তুমি তোমার কিছু স্মৃতি রিরাইট করবে। চল , শুরু করি।
*
স্মৃতি পুনর্লিখন [১]
শিশু বয়সের তুমি। বাহারি জামা পরে ঘুরে বেড়াচ্ছ পুকুর পাড়ে। অই যে লোকটা , বাবার বন্ধু , এলাকা সম্পর্কিত। সে মুখে হাসি মেখে তোমার দিকে আসছে। হাতে একটা কিটক্যাট। সে এসে তোমার হাতে চকলেট ধরিয়ে দিল , তারপর মাথায় হাত বুলিয়ে আদর করল। সেই স্পর্শে স্নেহ ছাড়া আর কিছু নেই।
একটা শৈশব বেঁচে গেল ট্রমার হাত থেকে।
*
স্মৃতি পুনর্লিখন [২]
তুমি এখন কিশোরী। এক বিকালে বন্ধুদের সাথে উঠানে এক্কাদোক্কা খেলছ। হঠাৎ রক্ত , যার জন্য প্রস্তুতি ছিল না। পরনে শাদা জামা। ছেলের দল হেসে উঠল না খিলখিল করে। একজন এসে বলল , যা , জামাটা পাল্টে আয়। সেই বলায় মমতা ছাড়া আর কিছু নেই।
একটা কৈশোর বেঁচে গেল অপমানের হাত থেকে।
*
স্মৃতি পুনর্লিখন [৩৩]
আমার সাথে তোমার একদিন দেখা হয়ে গেল।
আমি সান্নিধ্যের লোভে মিথ্যা কথাটা বললাম না।
বাকি সবকিছু আগের মত রেখে দেয়া যাক।
ভোরবেলা , কাক ডাকছে , পায়চারি করছে কয়েকটি কুকুর। মানুষেরা আসে নি। আঙ্কর ওয়াটের মত প্রাচীন দেখাচ্ছে মধুর ক্যান্টিন।
দুপুর , ক্যাম্পাস সরগরম , কিচিরমিচির করছে তালেবে এলেমরা।
বিকাল , শ্যাডোর ফটোকপি মেশিনের শব্দ অস্থিরতা বাড়াচ্ছে। কার্জনের আকাশে দেখে নেয়া যাচ্ছে না-থাকা ভবিষ্যৎ। টিএসসিতে চলছে বন্ধু-আড্ডা-গান।
এত মায়া লাগে। মনে হয় সব পকেটে নিয়ে ঘুরে বেড়াই। হাকিম চত্বর থেকে পলাশী , বা সেমিনার রুম।
*
স্মৃতি পুনর্লিখন [শেষ]
মনে কর , আজিজের সিঁড়ি প্রথম চুমুর সাক্ষী।
মনে কর , বিকালে একটা মশাল মিছিল দেখলাম।
জাতীয় যাদুঘরের সামনে মাটিতে তাকিয়ে দেখলাম —
কাগজের ফুলের মত কিছু লিফলেট পড়ে আছে।
হলুদ আলোয় লিফলেটও কেমন রহস্যময় মনে হয়।
হয়তো তাতে তেল গ্যাস , জাগো জাগো সর্বহারা। বা ঘুমিয়ে-পড়া জয়ধবনি। কিন্তু হলুদ আলোয় মনে হবে হারিয়ে-ফেলা-পৃথিবীর গান।
কোনো এক ইনকা কুমার লিখেছিল প্রেমিকার তরে।
*
এরপর তোমার সাথে আমার আর স্মৃতি নেই। ভেঙে পড়েছিল যোগাযোগসেতু।
এরপর তুমি আমার জন্য অন্য যে কেউ।*
তোমার কথা মনে পড়লে খুব খারাপ লাগে।
তোমার সাথে আমার আর দেখা হয় না।
খুব খারাপ লাগে।তোমার সাথে আমার আর কথা হয় না।
খুব খারাপ লাগে।
বেঁচে আছ , না মরে গেছ , জানি না।
বিয়ে করেছ , না কর নি , জানি না।
*
আমি তোমাকে কখনো বলি নি ভালোবাসার কথা।
আমি আমার অনুভূতির প্রতি সৎ ছিলাম না।
আমার ভয় লাগত।
আমি ভাবতাম মিথ্যা বলে ধরে রাখা যাবে —
শরীর না পাই , মন না পাই ; অন্তত
সান্নিধ্য তো পাব !
মিথ্যা বলে বেশিদিন ধরে রাখা যায় না , যখন এটা বুঝলাম , ততদিনে তুমি আমার নেটওয়ার্কের বাইরে চলে গেছ…
*
আমি মদ খাই নি , সুইসাইড করি নি।
শুধু একটা লাশের মত এই লাশনগরীতে ঘুরেছি।
আর নিজের কাছে নিজে ছোট হয়ে গেছি।
*
অথচ , আমাদের কোনোদিন , পরিচয় নাও হতে পারত।
আমরা কেউ কারো টাইমলাইনে নাও আসতে পারতাম।
সবকিছু অন্যরকম হত।
আমাদের জীবন , আমাদের বন্ধুত্ব , আর আমাদের শত্রুতা।
সেই অন্য জীবনে
হয়তো অনেক সুখ থাকত , হাহাকার থাকত না।
কিন্তু তেমন জীবন কি যাপন করার মত?
*
আমি ক্ষমা চেয়েছি , তুমি হয়তো করবে না।
ক্ষমা চাওয়া কঠিন
কিন্তু তারচেও অনেক বেশি কঠিন ক্ষমা করা।
*
কিছু লাইনে এসে মানুষের নিঃশ্বাস থেমে যায়।
লাস্ট লাইনটা সেরকম।
বিদায়।
০৩ অক্টোবর ২০২১
7 Comments
Friends
আ.ক.ম. আবু সাইদ
@a-k-m-abu-syed
Reazul Kabir
@reazul-kabir
তানভীর আলম হীরা
@t-a-hira
ইকবাল আহমেদ
@iqbal
Alhan
@alhan
হাবিবুল্লাহ
@habibulla
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
জামাল হোসেন বিষাদ
@jamalbishad
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman



মুগ্ধ….এর বেশী কিছু বলার নাই।