Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    • 5 years ago

    #গল্প
    ছেঁড়া সুতোর বাঁধন”
    লেখা:— “রুবা”
    তারিখ:-২৫/০৬/২১

    সারাদিন বৃষ্টি পরছে, থামার কোন নামই নেই।চূলার সামনে বাদাম ভাজা দেখছে শান্তির তিন ছেলেমেয়ে।একটু পর পর মা হয়েছে নাকি, হয়েছে নাকি এমন প্রশ্নে শান্তি এবার চড়াও হলো,
    —একে তো বৃষ্টি থামছেনা তার উপর লাট সাহেবের দেখা নেই।আর তোদের শুরু হলো খাই খাই, সারাদিন খাসনি? তবে কিসের এতো খাওয়া?

    বাচ্চাগুলো ভয়ে সেঁধিয়ে গেলো, শান্তি এবার বাদাম পরিষ্কার করে ছেলেমেয়েদের দিয়ে বললো,
    —তোরা খেয়ে নে আর একদম ঝগড়া করবিনা! আমি এক্ষুনি আসছি।
    শান্তি ছাতা নিয়ে বের হলো স্বামী কোথায় আছে খুঁজতে।একা একা বির বির করতে লাগলো সে,
    —আমার মরন হয়না , এই আপদ নিয়ে আর পারিনা।কবে যে এর শেষ হবে জানিনা।
    কিছুক্ষণের মধ্যেই সে স্বামী ননী’ কে দেখতে পেলো, ছাতা মাথায় করে পাশের বাড়ির বউটি খুব যত্ন সহকারে বাড়ির পথেই নিয়ে আসছে।ওকে দেখতে পেয়ে শুরু হলো ননীর তোয়াজ,
    —তাস খেলতে খেলতে বৃষ্টি শুরু হয়ে গেলো, আমি হিরুর ঘরেই খেয়ে ফেলেছি , ওরা এমন করে ধরলো!
    শান্তি কিছুই না বলে ফেরার পথ ধরলো, ননী ঐ ছাতা থেকে বেরিয়ে শান্তির ছাতার নিচে মাথা দিতেই শান্তি ছাতা সরিয়ে বললো,
    —যেভাবে আসছিলে সেভাবেই আসো, আমি গেলাম ।বলে সে দ্রুত পা চালিয়ে বাড়ি পৌঁছালো।
    বাচ্চারা খাচ্ছে আর খেলা করছে দেখে ওর ভালো লাগলো যে ওরা ঝগড়া করেনি।
    ননী বাড়ি পৌঁছে বাচ্চাগুলোকে ডাকলো, কিন্তু ওরা যেনো তা শুনতেই পায়নি এমন ভাব করে আবার ও খেলায় মন দিলো।
    ননী কাপড় পাল্টেই কাঁথা মুরি দিয়ে শুয়ে পরলো , পরক্ষণেই শান্তি তার নাক ডাকার শব্দ শুনতে পেলো।সে একটা দীর্ঘশ্বাস ফেলে পুরোনো স্মৃতি হাতরাচ্ছিলো মনে মনে,
    —সেই কোন এক শরতে ননীর সাথে তার বিয়ে হয়েছিলো।কেউ কেউ বলছিলো তার বাবাকে এমন লক্ষীমন্ত মেয়েকে এমন ছেলের হাতে তুলে দিওনা।এর চরিত্র ভালো নয় মুদির দোকান চালিয়ে যে টাকা পায় তার সবচাই জুয়ায় হারে।কিন্তু তার বাবা এসব শোনা কথায় কান দেবেন না বলে পণ করেছিলেন।শান্তির বিয়ে হয়ে গেলো, সে ও ঐসব লোকেদের মনে মনে ঘৃণা করতে লাগলো যারা তার এমন ভালো স্বামীর নামে কুৎসা রটাচ্ছিলো।একদিন সে ভাবলো আজ ননীর পছন্দের রান্না করে দোকানে নিয়ে গেলে মন্দ হয়না।সে খাবার নিয়ে যখন দোকানে গেলো তখন ছোট্ট কর্মচারী মাসুম’ ঘুমে ঢুলছে।শান্তি দোকানের দিকে তাকিয়ে বিশেষ কোন জিনিস দেখতে পেলোনা যা লোকে কিনবে।ওকে দেখে কয়েকজন এগিয়ে এসে ভাবী ভাবী বলে নানা মন্তব্য করতে লাগলো।শান্তির এসব একটুও ভালো লাগলোনা।সে মাসুমের নাম ধরে চেঁচালো,
    —কিরে তোর কাকু কই? আর দোকানের এই হাল কিভাবে হলো?
    তখন লোকগুলো বলতে লাগলো ,
    — আমাদের কথা ভালো লাগলোনা মনে হয়? তোমার সুপুরুষ স্বামী তো আমাদের থেকে ধার না পেলে তোমাকে নিয়ে হাওয়া খাইতো।দেখো গিয়া দিনে দুপুরে লাইলী নিয়া কোন গানে নাচতাছে!
    বলেই সবাই হাসাহাসি করতে লাগলো।
    সে কিছু না বলে খাবার রেখে বাড়িতে ফিরে এলো।অনেক কাঁদতে ইচ্ছে হলেও সে কাঁদতে পারলোনা।সেদিন মধ্যরাত্রে বাড়িতে এলো ননী ।আর মদ খেয়ে টলতে টলতে বলতে লাগলো,
    —ভাবছিলাম তুই জানতে পারবিনা, এখন যেহেতু জেনেই গেছিস তাইলে আর এতো ঢং কিসের? তোরে তো আর না খাইয়ে রাখিনা !
    শান্তি যেনো ভূত দেখছিলো।মেট্রিক পাস মানেই বিয়ে দিতে হবে তার বাবার ইচ্ছা।তাও এমন লোকের সাথে যে তার গর্ভবতী বউ রেখে ফুর্তি করে বেড়ায়।ব্যবসা সব লাটে তুলেছে জুয়া আর মদ খেয়ে।সে ননীর ভাইবোনদের এসব বলার সাথে সাথে তারা তেলেবেগুনে জ্বলে উঠলো।বলতে লাগলো,
    —আমার ভাই পুরুষ মানুষ, করতেই পারে।বয়স হলে ঠিক হয়ে যাবে।
    তার বাবা আর ভাইয়েরাও একই কথা বুঝালো শান্তিকে।কিন্তু বাবা এসব সহ্য করতে না পেরেই বোধহয় এতো দ্রুত চলে গেলেন।

    শান্তি একে একে দুই মেয়ে আর এক ছেলের জন্ম দিলো।আর ননী ভালো হয়ে যাবার ওয়াদা করে এবেলা আর ওবেলা ভুলে যায়।এখন আর শান্তি এসব শুনেনা ননীও এসব ভনীতা করার প্রয়োজন মনে করেনা।সে শান্তির সামনে দিয়েই হিরুর মতো অনেকের বউয়েদের যত্ন নেয়, মদ খায়।তবে জুয়া খেলতে পারেনা কারন শান্তি এই ক’বছরে দোকানটায় দখল নিতে পেরেছে ।যদিও এর জন্য তার পিঠে অনেক হাড় হয়তো ভেঙেছে আর বুকের ক্ষত তো কেউ জানেইনা।
    হঠাৎ ঘুমের ঘোরে ননী ছেলেমেয়েদের আদর করে ডাকতে লাগলো।শান্তি ওদের হাত-পা ধুয়ে তাদের বাবার পাশে শুইয়ে দোকানের দিকে রওয়ানা দিলো।মনে মনে ভাবতে লাগলো,
    —এই একটা সুতো যা ছেঁড়া তবু ওকে আজও বেঁধে রাখে আষ্টেপৃষ্ঠে।সারাদিন সে লোকের হাসাহাসি সব তোয়াক্কা করে দোকান চালায় আর চোখ বন্ধ করে ওর তিনটি সন্তানকে অনেক বড়ো হয়ে গেছে দেখতে পায়।

    সমাপ্ত//

    সবাইকে অসংখ্য ধন্যবাদ ❤️

    6
    5 Comments
Skip to toolbar