Profile Photo

অভিমানী মনOffline

  • ovimanimon
  • Profile picture of অভিমানী মন

    অভিমানী মন

    • 4 years, 10 months ago

    শুরু হয় বাঁচার সংগ্রাম

    ১৬ ডিসেম্বর হানাদাররা আত্মসমর্পণ করে। দেশ স্বাধীন হয়। মানচিত্রের কতৃত্ব পায় বাঙালি।
    হাজার বছরের ইতিহাসে এটা অনেক বড় ঘটনা।
    কিন্তু তখন তখনি শুরু হয়ে যায় নতুন ধরণের সংগ্রাম; পুনর্গঠনের; পুনর্বাসনের।
    ৭২ এর ফেব্রুয়ারিতে আমরা লঞ্চ ট্রেন বাসে চেপে আবারো চন্দ্রঘোনায় আসি।
    এই প্রত্যাবর্তনে আনন্দ ছিল বটে; তবু ছিল করুন।
    নদীতে পঁচা লাশ। পথের দুধারে পোড়া ঘরবাড়ি। চাঁদপুর রেল স্টেশনে পৌঁছে দেখি, ট্রেন নেই। প্লাটফর্মে শুয়ে আছে শতশত মানুষ। এতো উদ্বাস্তু কোত্থেকে এলো কে জানে!
    সকাল সাতটার ট্রেন ছাড়ে এগারোটায়। কম্পার্ট্মেন্টে ভীষণ গাদাগাদি।
    স্বাধীনতার খুশির চেয়ে মানুষের মুখে দেখি অসহায়ত্ত্বের ছায়া।
    শ্রেণিভেদে স্বাধীনতা একেকজনের কাছে একেকভাবে ধরা দেয়। কেউ কাঁদে কেউ হাসে। কার হাসি কে হাসে!
    চন্দ্রঘোনায় ফিরে এসে কোয়ার্টারে গিয়ে দেখি, চেয়ার টেবিল খাট আলমিরা কিছু নেই!
    যুদ্ধের আগের বছর বাবা আমার দুইবোনকে সোনার লকেট বানিয়ে দিয়ছিল; পোটলায় ভরে উঠানের কোনায় পুতে রেখে এসেছিল মা; সেগুলো পাওয়া যায় না।
    প্রতিটি পরিবারে শুনি, জীবন ও সম্পদ হারানোর হাহাকার। যুদ্ধে পঙ্গু হয় অনেকে।
    নিঃস্ব অসহায়ের মতন শুরু হয় আমাদের স্বাধীনতার দিন।
    হাজারো হরানোর বেদনা নিয়ে আবারো শতশত শ্রমিক কর্মচারী কারখানার কাজে যোগদান করে।
    পাগলীটাও ফিরে আসে। মিলগেটের মাইকে গান বাজে।
    এম্পয়েজ ক্লাবের সামনে উঁচু বাঁশের মাথায় দেখি নতুন পতাকা; সবুজ জমিনে লাল সূর্যের মাঝখানে বাংলাদেশের হলুদ মানচিত্র।
    নতুন পতাকা নিয়ে আমাদের উচ্ছাস প্রবল। পতাকা নিয়ে বাসার সামনের রাস্তায় ‘জয় বাংলা’ বলে ছুটোছুটি করে খেলি।
    যুদ্ধের পর কয়েকমাস মিলে অর্ধেক বেতন হয়। বিজয়ের আনন্দদিনেও অনটনের হাহাকার গোপনে লেগে থাকে। বাসার সামনে ভিক্ষুকদের লাইন দেখি; যা আগে এতটা ছিল না।
    মা মুষ্টিচালের জন্য আলাদা ভান্ড বানায়।
    ঠগ, যাদুকর, সাপুড়েদের মজমা দেখি এম্পলয়েজ ক্লাবের সামনে। ঐসব মজমায় পকেটমারদের আনাগোনা থাকে।
    প্রতিরাতে চুরি হয় কোথাও না কোথাও। গ্রামাঞ্চল থেকে ডাকাতির খবর আসে।
    অভাব সামাল দিতে রেশনকার্ড ছাড়ে সরকার।
    এরিমধ্যে একদিন ছুটির সকালে বাবা আমাকে নিয়ে ডর্মেটরীতে আসে। খাড়া পথের পাশে পাহাড়ের উপরে সুদৃশ্য ডর্মেটরী। দোতলার একটা রুমে নিয়ে এসে বলে–দেখ, এগুলো কী!
    আমি অবাক হয়ে দেখি, থরে থরে এলএমজি আর রাইফেল সাজানো; রুমের মাঝখানে স্তুপ করে রাখা অনেক কার্তুজ। আমি ছুঁয়ে ছুঁয়ে দেখি। মুঠোভরে গুলি তুলে নিয়ে আবার ঢেলে দিই।
    বাবা বলে–এগুলা মুক্তিযোদ্ধাদের হাতিয়ার। এগুলা দিয়া আমরা দেশ স্বাধীন করেছি…। #

    1 Share
    26
    14 Comments
Skip to toolbar