Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • মায়া’র গল্প

    নাম তার মায়া।
    পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, যারা না চাইতেই এক জীবনে এতো ভালোবাসা পায়, যার ঋণ হয়তো হাজার কোটি বার জন্ম নিয়েও শোধ করা কারো পক্ষে সম্ভবপর হয়না। মায়া যেন তাঁদেরই দলে। সাধু-সন্ন্যাসী গোছেরও নয় আবার কবি সাহিত্যিকদের দলেও সে পড়ে না, তবুও কেন যেন তার একটা অনুগত সারি তৈরি হয়ে গেছে কে জানে? সে যা বলে তাই তার অনুগত শ্রেণি অন্ধ অনুকরণ করে, কেন যে করে সেটা আমারও এক আজন্ম প্রশ্ন।কেন যেন একটা অধরা মায়া তাকে ঘিরে আবর্তিত হয়। পৃথিবীতে ভালোবাসা পাওয়াটা বড়ই সৌভাগ্যের। সেক্ষেত্রে মায়ারা অবশ্যই সৌভাগ্যবান।

    আমারও তার প্রতি এক দুর্বার আকর্ষণ । তরুণী বয়সে ভাইয়াদের প্রতি যে একটা আলাদা অনুভূতি বা ফিলিংস কাজ করে আমি এর ব্যতিক্রম নই। গা-ছাড়া, ভবঘুরে টাইপের পুরুষের প্রতি নারীদের স্বাভাবিকভাবেই একটা টান থাকে। তরুণীদের একটু বেশীই থাকে।গল্প শুনতে শুনতেই আমার মনের ভেতরে তার জন্য অজান্তেই এক জায়গা গড়ে উঠল। এই জায়গাটাই যে কখন স্বপ্ন পর্যন্ত গড়িয়ে গেল তা বুঝতেও পারলাম না। মায়া (ভাইয়া) বেশ রহস্যময় একটা চরিত্র। কথাটায় কিছুটা ভুল হলো। প্রত্যেকটা মানুষই রহস্যময় কারণ প্রত্যেকের ভেতরেই কিছু না কিছু গোপন বিষয়াদি থাকে। আর গোপন শব্দটাই রহস্যময়। আর রহস্য অধিকাংশ ক্ষেত্রেই গোপন। সুতরাং প্রতি মানব চরিত্রই রহস্যময়। তবে সব রহস্যে কৌতুহল থাকে না, কিন্তু মায়াদের রহস্যে কৌতুহল থাকে।

    মায়ার ঘরটা আহামরি সাজানো নয়, তবুও সুন্দর। কিছু কিছু সময় “ছিমছাম” শব্দটাও যে অবর্ণনীয় সৌন্দর্যকে ছাপিয়ে উঠে বিষয়টা অনেকটাই সে রকম।বহুদিন এই ঘরে কেউ আসে না বলে মাকড়সারাও নিভৃতি বাসা বেঁধেছে। আরবীতে মাড়সাকে বলে আনকাবুত। আনকাবুতকে নিয়ে পবিত্র কোরআনে একটা সূরাই নাযিল রয়েছে।মাঝারী ধরণের এটা ঘর না লাইব্রেরী তাই বুঝতে পারছিনা।ঘরটার দুই দিকেই শেলফ আর শেলফ ভরা শুধু বই আর বই। মেঝেতে সস্তা চাটাই কোন বিছানা নেই তবে একটা টেবিল আছে। টেবিলের পাশে ছেঁড়া কাগজ রাখবার ঝুড়ি। টেবিলে সাজানো রাজ্যের অভিধান। দোয়াত-কলম, পেন্সিল ও একটা ডায়েরী। যদিও অন্যের ডায়েরী অনুমতি বিহীন পড়াটা পাপ তবে লোভের কাছে হার মানতে হলো। তবে ডায়েরীটা উল্টাতেই মন খারাপ হয়ে গেলো। ফাকা ডায়েরী কি কেউ এভাবে রাখে? মন খারাপ করে এলোমেলো পাতা উল্টোতেই বুঝলাম, ডায়েরীটা পেছন থেকে লেখা শুরু হয়েছে।অদ্ভুত ডায়েরী যে কেউ পেছন থেকে লেখে এই প্রথম দেখলাম। ভালো লাগলো মনে হলো এই ব্যতিক্রমতার জন্যই বোধহয় মায়ার প্রতি মানুষের মায়া জন্মে। দোয়াত কালিতে গোটা গোটা করে লেখাগুলোও অদ্ভুত। কিছু কিছু লেখা যুক্তিগ্রাহ্য মনে হলেও কিছু কিছু লেখা বেশ অগোছালো মনে হলো। আমি পাতা উল্টাতে লাগলাম…

    বিষয় মায়া
    মায়া নামটা শুনেই কেমন যেন মেয়েলী মেয়েলী মনে হয়। কিন্তু মায়া শব্দটা যে নেহায়েৎ পুরুষবাচক আর এর স্ত্রীবাচক শব্দ মায়াবী/মায়াবিনী তা মনে রয়ে গেছে আমার নাম মায়া রাখাতেই।তবে আমি বেশ অবাক হয়েছি বাংলার বিশিষ্ট পন্ডিতজনেরাও আমার নামটি ডেকে কেন যে মেয়েদের সারিতে চোখ রাখতেন তা আমি আজও বুঝতে পারিনা।

    আমার বড় বোন যমজ। একজন কায়া আর একজন ছায়া। এই নামগুলোর মিল হিসেবেই কি আমার নাম মায়া কিনা কে জানে? নাকি জন্মের সময় আমার মা ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে চলে গেছেন একথা বাবাকে জিজ্ঞাসা করবার আগেই বাবাও আমার মায়া ত্যাগ করলেন।

    তবে এই নামটা আমাকে বেশ ভাবায়। পৃথিবীটা মায়ার, বাবা হয়তো এই কথাটিই আমার চলার পাথেয় করতেই নামটা রেখেছেন।কিন্তু আমি আসলে পৃথিবীর মায়ায় পড়েছি কি পড়িনি এই দ্বিধার মায়া আজও কাটিয়ে উঠতে পারিনি।

    নারী প্রসঙ্গ
    নারীরা দেবী! এদের পূজো করা যায়, তবে ভালোবেসে বুকে টেনে নিতে যাওয়াটা বিপত্তির। দেবীর পায়ে ফুল দিতে হয় গলায় নয়।তারপরেও ভুললে চলবে না নারীই আদি শক্তি, আদমের প্রথম ভালোলাগার সঞ্চালক। পৃথিবীর রাগ রস সুধা সবই প্রকৃতি কেন্দ্রিক আর নারী মানেই প্রকৃতি। এরা বেশ রহস্যময়। তাই এদের থেকে রহস্যময় দূরত্ব বজায় রাখাটা অতীব দরকার। “এরা ছুঁতে গেলে পালায়, আর তাড়ালে আসে”- কথাটা সত্যি কিনা জানিনে, তবে এইটুকু বুঝতে পারি এদের বিষয়ে অতিরিক্ত কৌতুহলটাও বোধ করি ঠিক নয়।

    নারী অতলান্তিক সমুদ্র! এদের তল পাবার আশা করাটা দ্ব্যর্থ দুরাশার। নারী বিষয়ে অধিক বাক্য ব্যয় করাটা অশোভন অকৃতজ্ঞতা কারণ নারীর সাথে আমার নাড়ীর টান রয়েছে।

    রূপ-নারী-সৌন্দর্য ও সুধা
    বিপরীতের প্রতি টান জন্মগত। নারীকে বা পুরুষকে বিপরীতভাবে সুন্দর লাগাটা দোষের নয় বরং স্বাভাবিক। তবে অনেক সময় প্রেমিক প্রেমিকা আবেগের অতি বেগে আবেগায়িত হয়ে বলে থাকেন, তুমি পৃথিবীর একমাত্র সুন্দর। হয়তো তার দৃষ্টিতে সুন্দর তবে এ কথায় আমার ঘোরতর আপত্তি আছে- আমার বিশ্বাস স্রষ্টার সব সৃষ্টিই সুন্দর শুধু দেখবার দৃষ্টিকোণের ভিন্নতাটাই সুন্দর আর অসুন্দরের প্রকারভেদ সৃষ্টি করে।

    ধর্ম বনাম পাপ
    জগতের কল্যাণই ধর্ম আর কষ্ট দেয়া পাপ। আর মানুষ কখনই পাপ করতে পারেনা কারণ, পাপ করাকালীন সময়ে সে মানুষ থাকে না।

    ভাষার এপিঠ ও পিঠ
    বাংলা ভাষার রসবোধটা বেশ। বাংলা তাই খুব মধুর।সেদিন বাজারে একটা বালক নারিকেল কিনে ফিরছে দেখে বললাম,
    – কি রে, নাইরকেল দ্যা কি অবি? (নারিকেল দিয়ে কি হবে)
    – আব্বা কিনবার কইছে।
    – ক্যান?
    – হাশ রান্না কইরে খাবি (হাঁস রান্না করে খাবে)।

    ছেলেটি চলে গেলে ভাবলাম, “হাঁসেরাও আজকাল রান্না করতে শিখেছে?”

    ভালোবাসা
    আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে প্রকৃত হিত কামনা। যতক্ষণ কেউ কারুর প্রকৃত কল্যাণ কামনা করতে পারে না ততক্ষণ সে ভালোবাসতেই পারে না। মাঝে মাঝে ভাঙা প্রেমের প্রেমিক প্রেমিকাদের অভিশাপ করতে শোনা যায়। তখন মনে হয় তাদের মধ্যে ভালোবাসা হয়তো ছিল না বরং স্বার্থের হিসাব নিকাশ ছিলো। ভালোবাসার আবার অতীত কিসের? ভালোবাসাতো নিত্য বর্তমান। ভালোবাসা দিবসের প্রতিও আমার আস্থা নেই। আমার ভালোবাসা প্রতিক্ষণ আমার প্রিয়াকে আমার হৃদয়ে নতুন করে জন্ম দেয় একদিনের জন্য ঘটা করে দিবস ধরে আমি ভালোবাসতে নারাজ।

    আমি হৃদয় ব্যাংকে প্রেমের একাউন্ট খুলে “ত্যাগ-ভালোবাসা-ক্ষমা” ডিপোজিট করেছি। সুদ আসুক বা না আসুক মূলধনতো থাকবে। যদিই ডিপোজিটই না থাকে তবে সেটাতো চিট ফান্ড।

    আমি
    নিজেকে বড্ডো ক্যারামের গুটি মনে হয়। একপাশে স্ট্রাইক হাতে বিধাতা অন্য পাশে লোভ মোহ অর্থাৎ শয়তান বা পাপ। উভয়েই স্ট্রাইক হাতে আমাকে পকেটস্ত করতে চাচ্ছেন। বিধাতা যখনই স্ট্রাইক হাতে নিচ্ছেন তখনই- ‘আমি পকেটস্থ নাই বা হলাম যেন আঘাতে ছিটকে না যাই,’ এই ভয়ে কুঁকড়ে যাচ্ছি।

    আমার এলোমেলো অগোছালোর আখ্যান
    আমার প্রতি মানুষের অভিযোগ আমার চুল চলাফেরা, হাঁটা এলোমেলো অগোছালো। আমার টেবিল অগোছালো, আমার বই অগোছালো।আমি কানে তুলি না, কারণ এলোমেলো আর অগোছালো রূপটাই আমার আসল এবং প্রকৃত। সাজবার যেটুকু সেটুকু অভিনয়। অভিনয়টাকে কেন যে মানুষ এত্তো প্রশ্রয় দেয়? তাজা ফুলের বাগানে বসেও কেন যে মানুষ প্লাস্টিকের ফুলের স্বপ্ন দেখে, কে জানে??

    জীবন ও মৃত্যু

    জীবনের চেয়েও তিনটি কারণে আমার মৃত্যুকে সত্য মনে হয়।
    কারণ ১- মানুষ রহস্য পছন্দ করে।
    কারণ ২- মানুষ প্রায় সময়ই সত্যের কাঠিন্যতাকে এড়িয়ে যায় ও ভুলে থাকবার মিথ্যে অবিনয় করে।
    কারণ ৩- মানুষ সব সময়েই একটা গন্তব্য পছন্দ করে।

    চোখে জল এলো। আমিও সত্যটাকে এড়াবার জন্য ডায়েরীটা বন্ধ করে জানালায় চোখ রাখলাম। জানালার কিছুটা দূরেই শিউলী গাছের নিচে উঁচু একটা ঢিবি।যার ভেতরে মায়ার মায়াময় দেহ সত্যটাকে আশ্বাস দিচ্ছে।

    9
    13 Comments

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar