-
প্রথম প্রেমিকা,
আজকে অলস দুপুরে তোমাকে খুব মনে পড়ছে। তোমার গলাটা খুব শুনতে ইচ্ছে করছে। আমি নিরুপায় হয়ে লিখতে বসলাম। নাম ঠিকানা লিখে, হলুদ খামে চিঠি আর পোস্ট করতে হয় না। আমি জানি, লুকিয়ে লুকিয়ে আমার দেয়ালে তুমি আসো। এই স্বাধীনতা তোমার আছে। আমি কি করবো বলো? তোমার প্রোফাইল লক করা আর আমার বন্ধু তালিকাভুক্ত তুমি নও। এই মধ্য বয়সের কত যে জটিলতা বুঝি না। তোমার মনে আছে, জর্জেট শাড়িতে খোলা চুলে প্রথম যেদিন ঘন্টা-ঠিকা রিকশায় ঘুরতে গেলাম। শাড়িটা প্রায় রিকশার চাকায় আটকে যাচ্ছিল। পাশের বাইকে থাকা লোকটা বিরক্ত হয়ে বলেছিল, বেহুশ নাকি? একটু হলেইতো ফাঁস লেগে যেতো! ইস্কাটনের ঐ রাস্তাটা তারপর যতবার পার হয়েছি, না চাইলেও ঐ কথা মনে ভেসেছে। তোমাকে হারিয়ে ফেলার দুবছর পর জেমস ভাইয়ের বাসায় খুব আড্ডা হতো। একদম ঠিক পাশেই ছিল বাসাটা। মাঝে মাঝে অনেক রাত হতো। রিকশা পেতে দেরি হলে ফুটপাতে বসে পড়তাম। জেমস ভাই বলতো, কিরে, হলুদ বাতিতে নীলকে খুঁজিস? একদিন সন্ধ্যার সময় সেখানে দাড়িয়ে সদ্য শেষ হওয়া বৃষ্টির আবেশে ভাবছিলাম দুটা লাইন:“শ্রাবনের বৃষ্টি কনায় মুছে যায় রাজপথ
আকাশের কান্নাগুলো বড় অশ্রুময়
আমি হয়ে গেছি একা ছন্নছাড়া—”
(পরে ইচ্ছের পালক নামে ফিলিংস এর একটা গানে জেমস ভাই লেখাটা ব্যবহার করেছিল।)জেমস ভাইকে শোনাতেই বলল, সাবাস, এইজন্যই যুগে যুগে লেখকের ভালবাসায় না-পাওয়া থাকতে হয়। তুমি বাসা বদল করার পরেও তোমার নাম্বারে কল করতাম। একটা রিং করে রিসিভার রেখে দিতাম। কতদিন কতরাত এভাবে গেছে জানি না। গানের লাইনে ঢুকে আস্তে আস্তে বেদনাটাকে কাজে লাগাতে চেষ্টা করতাম। যখনই মন খারাপ থাকতো, লিখতে বসতাম। কিছু লেখার পরে নিজের রান্না করা তরকারি যেমন নিজের ভাল লাগে, তেমনি আমার মনটা ভাল হয়ে যেতো। আমি দেবদাস গোছের মানুষ না। এরপর জীবনের অনুষঙ্গ মেপে নতুন প্রেম এসেছে। বাস্তবতার পরিমাপে হারিয়েও গেছে। স্মৃতির দেশে তোমাকে কেউ মলিন করতে পারে না। পারবেও না। এই লেখা যদিও শুধু একজনের জন্য, তবুও ইথারে না ভাসিয়ে উপায় কি? কিছু বছর আগে যখন কথা হলো, তুমিই বলেছিলে এগুলি পোস্ট করতে। কেন বলেছিলে তখন বুঝিনি। আবার তুমি হারিয়ে যেতে পারো, এমনটা ভেবেই হয়ত বলা। ফেসবুকে আমাকে যেমন করে খুঁজে বের করেছিলে, তেমনি উধাও হয়ে গেলে। আমি বুঝি, হয়ত জটিলতা আর বাড়াতে চাওনি। তোমাকে দেয়া আমার লেখাটার মত সাজানো বাগানটা এলোমেলো করতে চাওনি।
ইচ্ছা নামের দৈত্যটাকে ……!!!!!!!!
ইচ্ছে হলেই পেতে হবে এই কথাটা কে বলেছে?
শ্রাবন মাসেই বৃষ্টি হবে এটাই বলো কে মেনেছে?
হৃদয় যদি পাখী হতো আমি তবে হতাম-টা কি?
মগজ যদি এতই ব্যস্ত তবে কিসের এত জানাজানি?
তাই ইচ্ছা নামের দৈত্যটাকে সামলে রেখে চলো
নতুবা কিন্তু সাজানো বাগান হতে পারে এলোমেলো।।ইচ্ছে হলেই করতে হবে এমন কাজ কয়টা আছে?
সবর্দা কি মাঘের শীতেই সুন্দরবনের বাঘেরা কাঁপে?
রক্ত যদি পানি হতো তুমি তবে কি বা হতে?
দৃষ্টি যদি এতই মগ্ন কোথায় বলো পালিয়ে যেতে?
তাই ইচ্ছা নামের দৈত্যটাকে সামলে রেখে চলো
নতুবা কিন্তু সাজানো বাগান হতে পারে এলোমেলো।।ইচ্ছে হলেই পারতে পারো এমন ধারণা কেন করেছ?
শিক্ষা পেলেই গাড়ি ঘোড়া সবাই কি আর চালাতে পেরেছো?
ইচ্ছার দাম দিতে গিয়ে সততার কথা যেও না ভুলে,
দিন ফুরালে শুধরে নিতে কূল কিনারা সব বিফলে।
তাই ইচ্ছা নামের দৈত্যটাকে সামলে রেখে চলো
নতুবা কিন্তু সাজানো বাগান হতে পারে এলোমেলো।।মানুষ কত কিছুইতো চায়। সব কি আর পাওয়া যায়? পেতে হয়? যেমন আমার ইচ্ছে করে গভীর রাতে তোমাকে নিয়ে ইস্কাটনের ঐ রাস্তায় রিকশায় ঘুরি। তোমার ফ্ল্যাটের বারান্দার সামনে আম গাছটার পাতার আবরণ ভেদ করে তোমাকে দেখি। খুব একলা হয়ে গভীর রাতে যদি তোমার চোঁখ মেঘলা হয়ে যায়, তোমার চুলে হাত বুলিয়ে দেই। এসব নিছক ভাবনা। এগুলি না পাওয়ার কোনো হাহাকার না। প্রথম প্রেমিকার জন্য এ আমার আমৃত্যু পবিত্র বাসনা। আমার মনে হয়, চিঠিটা লেখার পরে আমি ভালই আছি। এটা পড়ার পর তুমি ভাল থাকবেতো?
বাপ্পী খান
০৫/১০/২০২২ইং
বেইলি রোড। ঢাকা।2 Comments
Friends
Rashedul Hasan
@rashedul-hasan
Sobuj ahmed siraji
@sobuj
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Najmon Naher
@nahernajmon
Tanmoy Roy
@tanmoy


চমৎকার উপস্থাপন