Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কিশোরী

    কিশোরী, আহা কিশোরী,
    তোমার জেগে ওঠা শিরার শাখা প্রশাখায়
    ওরা মিশিয়ে দিয়েছে
    দুঃখ ভুলে থাকার চেতনানাশক
    বর্ণহীন প্যাথেড্রিনের নীল বিষ।
    যেন তুমি হারিয়ে যাও
    স্বপ্নিল ঘুমের দেশে।
    সে দেশে কাকে খুঁজে ফেরো তুমি?
    সেই পলাতক কিশোর,
    যে তোমার ভোরের স্বপ্নে তোমার কোমল গালে
    হাত ছুঁয়ে বলেছিলো-
    তুই বড্ড কালো, একটু হলুদ মেখে
    কেনো কোন পরী হয়ে যাস না?
    কাকে খুঁজে ফেরো তুমি?
    তোমার একলা রাতে
    নক্ষত্রের আকাশ ভরা জোনাকি?
    যারা জ্বলেছে আর নিভেছে
    তবু তোমার অন্ধকারের ভয়
    দূর করতে পারে নি।
    নাকি ঘুমের দেশে খুঁজে পাও তাকে
    যে কুৎসিত সংকীর্ণ বৃদ্ধ
    তোমাকে একটা নোংরা কারাগারে বন্দি করে,
    তোমাকে ছিন্ন ভিন্ন করে, রক্ত ঝরিয়ে,
    ভোরেরবেলা প্রার্থনা করেছে,
    নিশ্চয়ই আপনি মহান কারণ
    আপনি আমাকে পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন।
    কিশোরী, তাই বুঝি
    তুমি জেগে উঠতে চাও?
    তোমার বিস্ফোরিত চোখ, কেঁপে ওঠা জীর্ণ শরীর
    আরো কেঁপে ওঠে থরো থরো।
    কিশোরী, তাই বুঝি
    তুমি বেঁচে থাকতে চাও?
    বিকল হয়ে যাওয়া হৃদপিণ্ডের জীর্ণ হ্রদস্পন্দন উপেক্ষা করে।
    কিশোরী, তোমার জেগে ওঠা শিরার শাখা প্রশাখায়
    ওরা মিশিয়ে দিয়েছে
    দুঃখ ভুলে থাকার চেতনানাশক
    বর্ণহীন প্যাথেড্রিনের নীল বিষ।
    যেনো তুমি হারিয়ে যাও স্বপ্নিল ঘুমের দেশে।

    কিশোরী, তুমি হারিয়ে যাও।
    তুমি ঘুমের দেশে হারিয়ে যাও।
    ভুলে যাও চালকুমড়ার লকলকে সবুজ ডগা,
    বিস্তীর্ণ ধানক্ষেত,
    পুকুরের স্বচ্ছ জলে হঠাৎ ভেসে ওঠা রূপোলী মাছ।
    কিশোরী সব ভুলে, তুমি হারিয়ে যাও।
    আমরা তোমায় ভুলে গেছি।

    6
    5 Comments
    • উপযুক্ত শব্দের বিন্যাসে দারুণ লিখেছেন!
      কিশোরী, তুমি হারিয়ে যাও।
      তুমি ঘুমের দেশে হারিয়ে যাও।
      ভুলে যাও চালকুমড়ার লকলকে সবুজ ডগা,
      বিস্তীর্ণ ধানক্ষেত,
      পুকুরের স্বচ্ছ জলে হঠাৎ ভেসে ওঠা রূপোলী মাছ।
      কিশোরী সব ভুলে, তুমি হারিয়ে যাও।
      আমরা তোমায় ভুলে গেছি।
      এই অংশটায় এসে প্রচন্ড একটা কষ্ট আকড়ে ধরেছে।

    • সব অনুভূতির ভাষা হয় না…শুভকামনা

    • সুন্দর শুভকামনা

    • প্রিয় কবি আপনাকে অনেক ধন্যবাদ

    • কিশোরী মনে যে দাগ কেটেছে তা সহজে ভুলবার নয়!

Skip to toolbar