-
কুকুর
প্রিয় মিলি,
কেমন আছিস তুই? আমি ভালো নেই। মাঝের এই দিনগুলো কেমন কিভাবে কেটে যায়। প্রায় দেড় মাস পর আজ আমি উঠে বসি সকালের এই মিষ্টি রোদে। অসুখটা ফিরে এসেছিলো। জানিস মিলি আমার যে কি দম বন্ধ লাগে? বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলো। একগাদা ঘুমের ওষুধ দিয়ে ওরা আমায় ঘুম পারিয়ে রাখে। আমি শুধু বোকা ঘুমে জেগে থাকি। আজ কেন জানি একটু একটু ভালো লাগে। এই সময়টায় দিন ক্ষণ মনে রাখতে আমার বড় কষ্ট হয়। বারে বারে ভুল হয়। কি যে যন্ত্রণা? ভুলে যাই, সময় কখন ঘড়ির কাঁটায় কতো দ্রুত চলে যায়। আমার কাছে একটা মাস একটা দিন হয়ে যায়। সব এলোমেলো লাগে। ছাদে উঠে মনে পরে নিচের রাস্তাটা এখনো কি গভীর ভাবে টানে। বাবা বেশ চিন্তিত হয়ে থাকে। আমাকে ছাদে যেতে নিষেধ করে। ওসব আমি বুঝি। যাই হোক, আজ সকালের প্রথম আলোয় মনে হল, কতদিন তোকে দেখি না? তাই তোর জন্য এই চিঠি। মাঝে মাঝে আমি এলোমেলো কবিতা পড়ি। আমার বড় হাসি পায়। আবার কবিতায় কবিতায় কোথায় যেন কেমন অচেনা মিল খুঁজে পাই। একজন কবির বর্ণনা পড়লাম। বলা হয়, তার কবিতা উদ্বেল ইনসোমনিয়া আর দুপুরের স্বচ্ছতার সংমিশ্রণ। উপমাটা আমার মনে ধরলো খুব। মিলি, মাঝে মাঝে আমার খুব ভয় করে। যদিও সেরকম কিছুই হচ্ছে না, তবু ভয় ধরে।
যাই হোক সেদিন ছাদে উঠে দেখলাম একটা ছেলে। মুখভরতি দাঁড়ি মোছের জঙ্গল। বেশ শুকনো। ছাগলটা আমাকে দেখে ভয়ে কুঁকড়ে গেলো। আমি দূর থেকে খেয়াল করলাম। এদের মনে কি বলা কঠিন। চিলে কোঠার নতুন বাসিন্দা। নামটাও জানি না। বাবা যে কখন কাকে বাড়ি ভাড়া দ্যায়, কে জানে? মিলি আমাকে মনে করিস। তোর বুঝি লেখাপড়ার খুব চাপ? অতো দূরে একা একা থেকে পড়তে কি তোর খুব ভালো লাগে? কতো দিন তোকে দেখি না। তোকে খুব মনে পরে। ভালো থাকিস। আর আমার জন্য খুব খুব দোয়া করিস, যেন ভালো হয়ে যাই।
ইতি,
তোর ভালোবাসার, রানু।
১৩ ফেব্রুয়ারি, ২০১৫,
ঢাকা।প্রিয় মিলি,
ইদানিং দিন গুলো কেটে যায় বেশ। আজ সকালে ঘুম ভেঙে উঠে তোর কথা মনে পরলো। আজ ঘুমিয়ে ঘুমিয়ে তোকে স্বপ্নে দেখলাম। দেখলাম মা তোকে লাল শাড়ি কিনে দিয়েছে। তাতে আবার কালো কালো ডোরা। শাড়ি টায় তোকে বেশ দেখাচ্ছিল। আমার দিনগুলো অলস অবসরে বেশ চলে যাচ্ছে। এলোমেলো কবিতায় আর অপূর্ব মুগ্ধতায়। সকালের মিষ্টি রোদে বেঁচে আছি এই বোধ আমাকে আচ্ছন্ন করে প্রতিদিন। তো যাই হোক, সেদিন ছাদে উঠে দেখি ছাগলটা মানে চিলে কোঠার ছেলেটা একমনে বিড়ি ফুঁকছে। আমি যে ছাদে এসেছি ছাগলটা টের পায় নি। শূন্য দৃষ্টিতে আকাশ দেখছে। গায়ে একটা স্যান্ডো গেঞ্জি। টিংটিঙে হাত। আমি কাছে যেতেই বেশ অপ্রস্তুত বোধ করলো। ছাগলটার ধারণা কি? আমি তার সাথে প্রেমালাপ করতে ছাদে যাই? যা হোক আমি একটু গাম্ভীর্য নিয়ে কথা শুরু করলাম। জানলাম ছাগলটার নাম মোতাহার। একটা ছোট খাটো অফিসে চাকরি করে। বেশ ভয়ে ভয়ে কথার উত্তর করলো। এ পর্যন্তই।
বাবা ভালো আছে। নিজের মতো নিজের ব্যস্ততায় দিন কাটাচ্ছে। মায়ের প্রেশার আবারো উঠছে পারদের সাথে পাল্লা দিয়ে। আমরা ভালোই আছি। আগের চিঠিতে তুই জানালি, তোর লেখাপড়ার অনেক চাপ। সামনে পরীক্ষা। নিজের প্রতি যত্ন নিস। খাওয়া দাওয়া ঠিক রাখিস। আমাদের নিয়ে অযথা ভাবিস না। আমরা ভালোই থাকবো। তুই নিজের খেয়াল রাখিস।
বাইরের বারান্দায় একটা দোয়েল একমনে ডাকছে। আজ এ পর্যন্তই। ভালো থাকিস।
ইতি,
তোর ভালবাসার, রানু।
২৩ ফেব্রুয়ারি, ২০১৫,
ঢাকা।প্রিয় মিলি,
আজকের এই দুপুরে কি এক অচেনা বাতাস আমাকে খুঁজে যায়। সামনের সবুজে এক ভীষণ ভিন্ন আন্দোলন। আমি একটু আগেই ভাত খেয়ে উঠলাম। বাবা বাজার থেকে বড়সড় দুটো ইলিশ নিয়ে এসেছে। খেয়ে দেয়ে এখন তোকে লিখছি। কেমন আছিস তুই? জানি হলে থেকে নিশ্চয়ই এতো ভালো খাবার কপালে জোটে না। আর তো কটা দিন। তারপর তুই ঠিক ঠিক চলে আসবি। তুই এলে দু বোনে অনেক মজা করবো। রিকশায় রিকশায় শহরটা চষে বেড়াবো।
মিলি, মা ডাকছে। বাড়িতে আজ ভালো খাবার। আমাকে বলেছে ছাদের ছাগলটাকে দু পিস ইলিশ দিয়ে আসতে। ভেজা বেড়ালের কাঁটা মাছ বড় প্রিয়। হা হা! যাই হোক বেচারার মনে হয় কপালে খাওয়া জোটে না। নয়তো এরম শুঁটকি মাছের মতো হয়।
যা হোক আজ উঠি। পরে তোকে অনেক বড় বড় চিথি লিখবো। ভালো থাকিস। নিজের যত্ন নিস। আর আমাকে খুব খুব মনে রাখিস।
ইতি,
তোর ভালবাসার, রানু।
০৫ মার্চ, ২০১৫,
ঢাকা।প্রিয় মিলি,
কেমন আছিস? আগের চিঠিতে জানলাম তোর শরীর খারাপ। সারা দিন লেখাপড়ায় ব্যস্ত থাকিস বুঝি? নিজের প্রতিও তো যত্ন নিতে হবে। ভালো করে খাওয়া দাওয়া কর। সময় মতো বিশ্রাম নে। পড়তে পড়তে শরীর খারাপ করলে চলবে? আজ আমি অনেক দিন পর এক বান্ধবীর বাসায় গেলাম। অনেকদিন যোগাযোগ নেই। নিশার কথা মনে আছে? সেই যে জমকালো বাড়িটার ভীষণ রূপসী । ওর বাসায়। জানিস মিলি, নিশার বিয়ে ঠিক হয়েছে। ওকে দ্যাখে কি যে ভালো লাগলো। নিশাও বেশ খুশি। বেশ কিছুক্ষণ গল্প করে ধানমণ্ডি থেকে হেঁটে আসলাম বাসায়, রাস্তায় অজস্র চোখে বিদ্ধ হয়ে। যদিও এই শহরেরে রাস্তায় হেঁটে বেড়াতে আমার বড় ভালো লাগে। শহরের রাস্তায় একা দাঁড়িয়ে থাকা উঁচু দালান গুলোকে আমার পরম আত্মীয় মনে হয়। জানিস মিলি ঢাকা শহর কতোটা বদলে গেছে। রাস্তায় রাস্তায় রেস্তোরা আর রঙ বেরঙের সাইন বোর্ডে চোখ ধাঁধানো শহর। কতো মুখ, কতো মুখোশের নিচে কতো অজস্র গল্প। দেয়ালের মানচিত্রে ঝুলে থাকে কতো অপূর্ব শ্লোগান। ধোঁয়া ঢাকা ঢাকা শহরটা আমার বড় ভালো লাগে।
যা হোক গলির মুখে ঢুকতেই দেখি টং দোকানে দাঁড়িয়ে ছাগলটা বিড়ি ফুঁকে যাচ্ছে। কি সুখ পায় সামান্য নিকোটিনে? তারপর ভালো করে খেয়াল করে দেখলাম ছাগলটা মানে মোতাহার দুটো ড্রাই কেক ভেঙে ভেঙে রাস্তার একটা কুকুরকে খাওয়াচ্ছে। ছাগলটা যে পশু প্রেমিক আজ টের পেলাম। মনে হল কুকুরটার সাথে কথাও বলছে। দেখে মজাই লাগলো। ছাগলে কুকুরে বন্ধুত্ব। বেচারাকে এতবার ছাগল বলা ঠিক হচ্ছে না। হাজার হলেও পশু প্রেমিক।
তুই আবার যেন ভেবে বসিস না যে, আমি ওর ওপর ক্রাশ খেয়ে বসে আছি। আমার এসবের সময় নেই। তবু দৃশ্যটা দেখে ভালো লাগলো।
তুই শরীরের যত্ন নিস। মিলি আমি এখনও মাঝে মাঝে রাতের বেলা অদ্ভুত স্বপ্ন দেখি। মাঝে মাঝে ভয় পাই। আয়াতুল কুরসি পরে আবার ঘুমিয়ে যাই। তবু দিন গুলো ভালোই কেটে যাচ্ছে। মা, বাবা ভালোই আছে। আমাকে নিয়েই তাদের যতো দুশ্চিন্তা। আমি ইদানিং আর এতশত ভাবি না। যা হবার হবে। তুই ভালো থাকিস। লক্ষ্মী মিলি কতদিন, কতদিন তোকে দেখি না। তোকে খুব দেখতে ইচ্ছে জাগে। আমাকে ভুলিস না।
ইতি,
তোর ভালোবাসার, রানু।
০৪ এপ্রিল, ২০১৫।
ঢাকা।প্রিয় মিলি,
আশা করি ভালোই আছিস। আমিও বেশ ভালো আছি। ধীরে ধীরে সময়ের সাথে আমার স্বাভাবিক জীবন ফিরে এসেছে। মিলি এই মোতাহার ছেলেটা আমাকে ভাবায়। জানি না তুই কি ভাবিস? কিন্তু ছেলেটার মধ্যে কিছু অদ্ভুত বিষয় আছে। প্রায়ই তাকে দেখি গলির এমুখে অমুখে ঘুরে বেরাছে। আর কতো গুলো কুকুর ওর পেছন পেছন হাঁটছে। প্রথমে আমরা সবাই স্বাভাবিক ভাবেই নিয়ে ছিলাম। কুকুরকে খেতে দ্যায় তাই কুকুরগুলো ওকে খুঁজে বেড়ায়। এই তো। গলির সবাই আড়ালে ডাকে কুত্তাওয়ালা বলে। কিন্তু আমার কেমন খটকা বাঁধে। জানি আমি একটা মানসিক সমস্যায় ভুগি। তোরা আমাকে গুরুত্বের সাথে গ্রহণ করিস না। কিন্তু আমার তবু খটকা লাগে। প্রায়ই তাকে দেখা যায় কুকুর গুলোর সাথে গল্প জমায়। আমি শেষমেশ একদিন কৌতুহলের বশে ছাদে যেয়ে জিগ্যেস করে বসলাম। ছেলেটা নিজেও মনে হল প্রশ্ন শুনে মহা বিরক্ত। তারপর ধীরে সুস্থে হেসে বললো, ওদেরকে খাওয়াই তাই পিছু নেয়। বলে একটা হাসিও দিলো। আবার বললো, আমি কিন্তু ওদের ভাষা বুঝি না। বুঝলে ভালোই হতো। বলে আবার হাসে।আমিও বিরক্ত হয়ে নিচে নেমে আসলাম। তবু ক্যামন জানি লাগে। বাবাকে বললাম। সে হেসে উড়িয়ে দিলো।
যা হোক, একটা ফালতু বিষয় নিয়ে বকবক করলাম। নিজের যত্ন নিস। আর ভালো করে লেখাপড়া করিস। আমাকে মনে রাখিস। পরীক্ষা শেষ কবে? তোকে কতদিন দেখি না। এবার এলে অনেক মজা করবো দুজনে মিলে।
পুনশ্চঃ আমি খুব অদ্ভুত তাই না। এই ডিজিটাল যুগে চিঠি লিখি। কিন্তু এই চিঠি লেখাটাই আমার বড় ভালো লাগে। হলাম না হয় একটু অদ্ভুত, আর অনেক বেশি এলোমেলো।ইতি,
তোর ভালবাসার, রানু
১৫ এপ্রিল, ২০১৫।
ঢাকা।মিলি,
আমার খুব ভয় করছে। বৈশাখের এই প্রচণ্ড গুমোট গরমেও আমার শরীর শীতে শীতে কেঁপে উঠছে। এখন গভীর রাত। প্রায় তিনটার মতো বাজে। কিছুক্ষণ আগে প্রচণ্ড শব্দে ঘুম ভাঙলো। কেমন কিসের চাপা আর্তনাদ, বাতাসে বাতাসে ভেসে আসে। ঘুম ভেঙে আমাকে রাজ্যের যতো ভয় চেপে ধরলো। নিচের রাস্তায় প্রচণ্ড গর্জন। আমি আলতো করে জানাল্রার পর্দাটা সরিয়ে উঁকি দিয়ে দেখি, হ্যলোজেনের হলদে আলোয় রাস্তাটা ভেসে গেছে। একজন দাঁড়িয়ে আছে। কে? মোতাহার। মোতাহার ফাঁকা রাস্তায় একা দাঁড়িয়ে আছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে ত্রিশ চল্লিশটার মতো কুকুর। মোতাহার কি যেন টের পেয়ে আমার দিকে ফিরে তাকালো। মুখে একটা অদ্ভুত চাপা হাসি। তারপর বিড়ি ফুঁকতে ফুঁকতে বড় রাস্তার দিকে এগিয়ে গেলো। কুকুর গুলো ওকে অনুসরণ করে নিশ্চুপে। আমি হতভম্ব হয়ে নিচে নেমে গেলাম। নিচে নেমে দেখি কেঁচি গেটে তালা দেওয়া। তাহলে ও বের হল কিভাবে? আমি কি ভেবে এক ছুটে ছাদে যাই। দেখি মোতাহারের ঘরে আলো জ্বলছে। ফ্যানটা চলছে ধীর ছন্দে। ভেতরে কেউ ঘুমিয়ে আছে। আধো আলো ছায়ায় পষ্ট বোঝা যায়। তাহলে কি দেখলাম? আমি নিজের ঘরে ফিরে আসি। আবারো জানালাটা খুলে দেখি। রাস্তায় তো কিছু নেই। নির্জন রাস্তায় একা একা জ্বলে যায় হলদে হ্যালোজেন বাতি। তবে কি সবই ভুল দেখলাম?
মিলি আমি আর লিখতে পারছি না। আমার সারা শরীর কাঁপছে। আমি বরং শুয়ে পরি। আমার জন্য দোয়া করিস মিলি।
ইতি রানু,
২৩ এপ্রিল, ২০১৫।
ঢাকা।প্রিয় মিলি,
আজ অনেকদিন পর তোকে লিখছি। তুই জেনে খুশি হবি, আমার সমস্ত অসুখটা সেরে গেছে। শারীরিক সমস্যাগুলোও আর নেই। কিন্তু মিলি এখনো আমি অনেক কিছুর হিসাব মেলাতে পারি না। আমার গত চিঠিটা পরে তুই হয়তো ভেবেছিস, আমার একটা হ্যালোসিনেসন হয়েছিল। কিন্তু মিলি, পরদিন বাবা আমাকে জানালো, মোতাহার কে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর বিছানার ওপর একটা খামে মাসের ভাড়া প্যাকেট বদ্ধ অবস্থায় ছিল। আর একটা চিঠিতে মোতাহার জানিয়ে গেছে, এভাবে না বলে চলে যাওয়ার জন্য সে দুঃখিত। বাবা খুব দুশ্চিন্তা করেছে। ওর অফিসের ঠিকানায় ফোন দিয়েো ওর কোন খবর পাওয়া গেলো না। বাবা বললো, কিছুই বুঝলাম না। যা হোক পরবর্তীতে আর এমন অচেনা অদ্ভুত কাউকে ভাড়া দেওয়া যাবে না।
আমি কিছু বললাম না। তবু মাঝে মাঝে মনে হয়, মোতাহার হয়তো ওর সাথে আমার অসুখের দিনগুলোও সাথে নিয়ে গেলো। জানি না কিছু।
যাই হোক, মিলি তোর তো পরীক্ষা শেষ। তাড়াতাড়ি চলে আয়। আমরা খুব আনন্দ করবো।
ইতি,
তোর ভালোবাসার, রানু।
০১ মে, ২০১৫।
ঢাকা।6 Comments-
-
@MD-ZAKER-HAYAT-KHAN আমি এ ধরনের লেখাই বেশি পড়ি। মন ভাল করে দিয়েছেন একেবারে ! আরো কিছু গল্প লিখুন এরকম।
-
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


বাহ্ ! কি ভীষণ ভালো লাগলো আপনার লেখাটা। অসম্ভব সুন্দর হয়েছে। হলদে হ্যালোজেন বাতির আলো আমার খুব প্রিয়। তন্ময় হয়ে পড়েছি পুরোটা।