Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • চোর

    জামান সাহেব কপালে হাতের স্পর্শে টের পেলেন তার কালো কপালে জমে উঠেছে শীতল স্বচ্ছ ঘাম। চৈত্রের ভরদুপুরে শীতাতপ নিয়ন্ত্রিত রুমে কেন তিনি ঘেমে উঠবেন? প্রিন্সিপাল সার একটু বাইরে গেছেন। তাকে জরুরি তলব করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত রুমে জামান সাহেবের দম বন্ধ হয়ে আসে। জানালার পরদার ফাঁক দিয়ে দেখা যায় মধ্য দুপুরে কলেজ মাঠে দু তিন জন একটা গোলাকার বল নিয়ে এখনো মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। জামান সাহেব পকেটে থাকা রুমাল দিয়ে ঘাম মুছে ফেললেন। মাথার চুলে এলোমেলো হাত বোলান। তিনি চিন্তিত। তবে কি ধরা পরে গেলেন। মনে মনে তিনি আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করেন। টেনশনে সব গুলিয়ে যাচ্ছে। মাছের পেটে থাকা নবী ইউনুস (আঃ) যেন কি দোয়া পড়েছিলেন? কিছুই মনে আসছে না। তার বার বার বাড়ির কথা মনে পরে। রুনুর কথা। রুনু তার ছোট মেয়ে। এবার ইন্টার পরীক্ষা দেবে। গতবারো দিয়েছিলো। পাশ করতে পারলো না। মেয়েটা রোগে শোকে ভুগে ভুগে বিছানায় পরে থাকে। কে জানে এবার কি হয়? বিপদে পরলেই জামান সাহেবের রুনুর কথা মনে পরে। আহা, গোলগাল চেহারার শাদা শাদা মুখের রুনু।
    আলম সার ঘরে ঢুকলেন। নিতান্তই ছোট খাটো মানুষ। কিন্তু কেন জানি ভয় ধরে ভীষণ। কলেজের প্রিন্সিপাল। অবশ্য সেরকম রাগারাগি করেন না। সেজন্যই ভয় ধরে। জামান সাহেব নড়েচড়ে বসলেন। আরো একটু ঘনো হয়ে, আরো খানিকটা জড়সড়। তিনি এই কলেজের লাইব্রেরিয়ান। শিক্ষা জীবনের অনুজ্জ্বল রেজাল্টের সোনালী ফসল! চাকরিটা পেতেও কতো ঝক্কি ঝামেলা হল। প্রায় বিশ বছরের চাকরি জীবন। প্রিন্সিপাল সার টেবিলে রাখা পানির গেলাসে চুমুক দিলেন। জামান সাহেবের মনে পরে কতো অতল তার জল তৃষ্ণা! কতো দিন, কতো যুগ তিনি জলের স্পর্শ পান নি। তিনি মনের অজান্তে ঢোঁক গেলেন। হাতের আঙ্গুল অস্থিরতায় এলোমেলো নড়ে বসে। প্রিন্সিপাল সারকে আরো বেশি গম্ভীর দেখায়। জামান সাহেবের ইচ্ছে জাগে, এক ছুটে ঘর ছেড়ে বেরিয়ে পড়তে। তিনি আবারো দেখেন কলেজের মধ্য দুপুরের মাঠ। তার মনে পরে রুনুর শাদা শাদা মুখ।
    প্রিন্সিপাল সার তার নাম ধরে ডাকেন। পেটের ভেতরে কি যেন একটা মোচড় দেয়। জামান সাহেবের কপালে জমে ওঠে মুক্তোর স্বেদ বিন্দু।

    আলম সাহেব জলের গেলাসে চুমুক দিয়ে একটি দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর কিছুক্ষণ জানালার ওপারে তাকিয়ে থাকেন। টেবিলে, কাগজে কলমে বন্দি জামান সাহেব আবারো ঢোঁক গেলেন। রুনুর কথা মনে পরে। শাদা শাদা গোলগাল চেহারার রুনু। নাকখানি বোঁচা, চোখে জল টলোমলো। আলম সার হালকা কেশে স্পষ্ট ভাষায় বললেন, “জামান সাহেব আমি গতকাল লাইব্রেরিতে একটি বিশেষ বই খুঁজছিলাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল, তৃতীয় খণ্ড। লাইব্রেরিতে দেখলাম, একটি খণ্ডও নেই। এ বইগুলো তো কোন স্টুডেন্টকে দেয়া হয় না। নেয়াও হয় নি অনেকদিন। আপনি কি আমাকে জানাতে পারেন, বইগুলো কোথায়?”
    জামান সাহেবের বুক ধরফর করে। পানির পিপাসা পায়। রুনুর কথা মনে পরে। শাদা শাদা গোলগাল চেহারার রুনু। নাকখানি বোঁচা, চোখে জল টলোমলো।
    আলম সার বলেন, “বইগুলো যদি আপনার হেফাজতে থাকে তাহলে লাইব্রেরিতে নিয়ে আসবেন? বিষয়টা জানাজানি হলে ভালো শোনাবে না। আজকের মতো আপনি যেতে পারেন।” আলম সাহেবের চোখে দূরবর্তী খেলার মাঠ ভেসে থাকে। মাঠে এখন কড়কড়া রোদ। কেউ নেই।
    জামান সাহেব নত মস্তকে প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে আসেন। রুনুর কথা মনে পরে। শাদা শাদা গোলগাল চেহারার রুনু। নাকখানি বোঁচা, চোখে জল টলোমলো। রুনু তার ছোট মেয়ে।

    মফঃস্বল শহরের নিরঝঞ্ঝাট রাস্তায় হেঁটে হেঁটে জামান সাহেব ঘরে ফেরেন। বিকেলের রোদে হাঁটতে বেশ ভালো লাগে। পরিচিত পথে প্রতিদিনের ছবি। রাস্তায় কদাচিৎ চকিত রিকশার এলোমেলো আগমন অথবা প্রস্থান। পুরোনো হলদে বাড়ির দেয়াল জুড়ে পাতাবাহার। নিস্তরঙ্গ প্রহরে দূর থেকে ডেকে যায় একাকী কোকিল। জামান সাহেব আনমনে একা একা হাঁটেন। অস্থিরতা ক্রমশ কমে আসে। কলেজের শেষে আজ যেন বড় ভারী লাগে। কোথায় কি যেন কাঁটার মতো ক্রমশ অস্থির করে। রুনুর কথা মনে পরে। শাদা শাদা গোলগাল চেহারার রুনু। নাকখানি বোঁচা, চোখে জল টলোমলো। রুনু তার ছোট মেয়ে।
    জামান সাহেব আজকের ঘটনাটা ভাবেন। সত্যি কথা। বই গুলো তিনিই নিয়ে এসেছেন লাইব্রেরি থেকে। কেউ তো পড়ে না। কষ্টসাধ্য কাজ দলিল পড়া। কেন আনলেন? খুব আবেগ? না সেরকম তো নয়। তবে কেন? কেন জানি খুব ইচ্ছে হোল, তাই।
    অথচ আজ কি ভীষণ লজ্জা হল। জামান সাহেব এসব ভাবেন। নির্বিকার ভাবেন। কেন করলেন এমন? কি হবে উত্তর। তিনি তো নন কোন বীর যোদ্ধা। যুদ্ধের সময় তিনি তো ছিলেন শরণার্থী। বলার মতো তো কিছু না। তবে কেন? কেন এই অদ্ভুত আকর্ষণ? লাইব্রেরিয়ানের চাকরিটাও তো নিছক মামুলি ফলের ফসল। বই নিয়ে তার আগ্রহও কম। তবে কেন?
    রুনুর কথা মনে পরে। শাদা শাদা গোলগাল চেহারার রুনু। নাকখানি বোঁচা, চোখে জল টলোমলো। রুনু তার ছোট মেয়ে। এসব ভাবতে ভাবতে কখন যেন জামান সাহেব ঘরের কাছে চলে এলেন। একটা বিষণ্ণ বিকেলে দূরে কোথাও একাকী কোকিল একেলা ডেকে ডেকে ক্লান্ত হলো।

    জামান সাহেব খাবার টেবিলে বসে ভাত নাড়াচাড়া করছেন। পালং শাকের সাথে লেবুর রস মিশিয়ে খেয়ে যাচ্ছেন। রুনুটা ঘুমিয়ে পরেছে। শাদা শাদা গোলগাল চেহারার রুনু। নাকখানি বোঁচা, চোখে জল টলোমলো। রুনু তার ছোট মেয়ে। জামান সাহেব বিষণ্ণ মনে খেয়ে যাচ্ছেন। আতিকের কথা মনে পরে। আতিকের পালং শাক বড় প্রিয় ছিল। কালো মানুষ আতিক, লম্বায় দীর্ঘদেহী। যুদ্ধের সময় প্রাণোচ্ছল আতিক ঝড়ের মতো ছুটেছিলো। আতিক তো আর ফিরে এলো না। জামান সাহেব বিষণ্ণ মনে কেন পুরনো দিনের কথা ভাবেন? রুনুটা ঘুমিয়ে পরেছে। শাদা শাদা গোলগাল চেহারার রুনু। নাকখানি বোঁচা, চোখে জল টলোমলো। রুনু তার ছোট মেয়ে।
    জামান সাহেব ঠিক করেছেন বইগুলো নিয়ে কাল সকালে কলেজে যাবেন। খবরটা লোক মুখে ছড়ালে ভালো শোনাবে না।

    পরদিন সকালে বই গুলো ব্যাগভর্তি করে জামান সাহেব লাইব্রেরির সামনে রাখলেন। মনটা বড় খারাপ। রুনুর কথা মনে পরে। শাদা শাদা গোলগাল চেহারার রুনু। নাকখানি বোঁচা, চোখে জল টলোমলো। রুনু তার ছোট মেয়ে। লাইব্রেরিতে ঢোকার আগে প্রিন্সিপাল সারের রুমে যাওয়া উচিৎ।

    প্রিন্সিপাল আলম সাহেব জামান সাহেবকে দেখে চিন্তিত ভঙ্গিতে বললেন, “ইয়ে জামান সাহেব, একটা ভুল হয়ে গেছে। আজ লাইব্রেরিতে বইগুলো পাওয়া গেছে। তাছাড়া আরো অনেক গুলো নতুন বইও কে যেন লাইব্রেরির সামনে রেখে গেছে। কালকের ঘটনার জন্য আমি লজ্জিত। আপনাকে অনেক বাজে কথা বলে ফেলেছি। দুঃখিত।”
    জামান সাহেব বোকার মতো প্রিন্সিপালের রুমে দাঁড়িয়ে থাকেন। রুনুর কথা মনে পরে। শাদা শাদা গোলগাল চেহারার রুনু। নাকখানি বোঁচা, চোখে জল টলোমলো। রুনু তার ছোট মেয়ে।

    4
    5 Comments
    • আপনি কিন্তু মারাত্মক লিখেন !!

    • এই গল্পটা কি আগের গল্পের অংশ?
      “কুকুর” গল্পে যে চিঠিগুলো লিখেছিল তাঁর নাম রুনু আর তাঁর সাথে বেশ কিছু মিল খুঁজে পেয়েছি এই গল্পের রুনুর।

      • নাহ, হয়ত রুনু নামটি আমার পছন্দের। এক সময় কিছু গল্প লিখেছিলাম। সেখান থেকেই পোস্ট করছি। আমি শাদারন্ত লেখায় শাদা সিধা নাম ব্যবহার করি, যেন পাঠকের কাছে চরিত্র গুলো দুরের মানুষ মনে না হয়।

      • নাম নিয়ে আমার মধ্যে বেশ খুঁতখুঁতানি আছে। আমি মাঝে মধ্যে লিখতে বসে সারাদিন পার করে দেই একটা মনের মত নাম খুঁজে বের করতে। পরে নিজের উপর’ই বিরক্ত হয়ে যাই।

Skip to toolbar