Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমার লেখা খেরোখাতা উপন্যাসের একটি অধ্যায়। কবে ফিরে পাবো সেই স্বর্ণগ্রাম?

    নদীর নাম বিপাশা

    নদীর নাম বিপাশা। প্রৌঢ় কবি দীর্ঘক্ষণ নদী তীরে অপেক্ষমান। হেমন্তের নক্ষত্রে উজ্জ্বল রাতে তিনি নদী তীরে বসে আছেন। পার্শ্ববর্তী গ্রামে আলোর দীপাবলী উৎসবে, ভেসে আসা গানে তিনি অনুভব করেন জীবনের বর্ণিল প্রবাহমান ধারা। নবান্নের উৎসবে বিচ্ছিন্ন গ্রামগুলোতে উৎসবে মেতে ওঠা তরুণদের উচ্ছলতা তার হৃদয়ে শিহরন জাগ্রত করে। নতুন ফসল ঘরে উঠেছে।গ্রামের শিকারী যুবারা ফিরে এসেছে। যবের রুটি, পনির, পোড়া মাংস, দুগ্ধজাত পানীয় দিয়ে রাতের ভোজ অনুষ্ঠান শেষ হয়েছে। গ্রামের তরুণীরা কোনো এক দুখি গানের প্রাচীন সুরে গলা মেলাচ্ছে। হেমন্তের এই রাতে বিশাল আকাশের নিচে এক দল মানুষ গানে, কবিতায়, ছন্দে জীবনের উৎসবে মেতে উঠেছে। প্রৌঢ় এই আনন্দের রাতে নদী তীরে বিপাশার রূপ অনুভব করার চেষ্টা করেন। এক আকাশ তারার নিচে খুব ধীরে আন্তরিক দীর্ঘশ্বাস ছাড়েন। তিনি জানেন জীবনের এই অপূর্ব সুন্দর আহবান তাকে আর বেশিদিন ধরে রাখতে পারবে না। আবারো এক নতুন যাত্রা শুরু হবে। তিনি খোলা আকাশের নিচে তার কোঁকড়ানো চুলে হাত বুলিয়ে ওপরে তাকান। এবং তার স্রষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান, সম্ভবত এই মুহূর্তের জন্য যা তিনি অনুভব করেন তার প্রতিটি প্রবাহমান রক্তকণিকায়। তিনি অনুভব করেন এবং কৃতজ্ঞ বোধ করেন এই যাত্রার জন্য। চোখ বুজে তিনি স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরবর্তী যাত্রার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করেন। আর এদিকে বিপাশা, তার মুগ্ধ ছন্দে বয়ে যায় প্রাচীন পুরাতন রাতের আঁধারে।

Skip to toolbar