Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • প্রতীক্ষা ২০২৫

    এভাবেই আর একটা রাত কেটে যাবে।
    মধ্যরাতের কফির কাপে চুমুক দিতে দিতে,
    তোমার অনন্ত দুঃখে আমাকে যখন তোমার মনে পরে যায়
    তখন তুমি বাস্তবতার দোহাই তুলে আবার আমায় ভুলে যাবে।
    আমিও কল্পনাতে, কায়াহীন এক নারীর প্রেমে,
    মগ্ন হয়ে, ছবি আঁকবো, কবিতা লিখবো।
    দেখতে দেখতে একটি দীর্ঘ দিন পার হয়ে যায়।
    খুব সকালে তোমার মুখ মনে হলে শূন্য পকেট হাতড়ে-
    আবার ব্যস্ততাতে মগ্ন হবো,
    পকেট ভর্তি টাকার স্বপ্ন দেখবো,
    শহরের সবচেয়ে উঁচু দালানের আকাশ ছোঁয়া রেস্তোরাঁয়- তোমায় ভাববো।
    একটা সকাল, মধ্য দুপুর, ক্লান্ত বিকেল অবসাদে কেটে যাবে।
    আমাদের কবিতায় তুমি আমাকে এবং তোমাকে খুঁজবে।
    আমি ওই মুঠো ফোনের জগতটাতে,
    তোমায় খুঁজে খুঁজে হন্যে হবো, যন্ত্রণায় হবো নীলকণ্ঠ।
    এভাবে একেকটা দিন একেকটা রাত পার হবে।
    দেখতে দেখতে দীর্ঘ বছর।
    আমদের এই প্রণয়ের লুকোচুরি খেলার অবাক ভালোবাসা।
    পরস্পরের প্রতি সহানুভূতিশীল দায়িত্ব পালন,
    বন্ধুতা আর রাতের রেসকোর্সের জমে থাকা ঘাসের পাতায় শিশিরের অশ্রু।
    মাঝে মাঝে লাইব্রেরির ছাদে বসে দেখা- মাথার ওপর উড়ে যাওয়া এরোপ্লেন।
    কিভাবে স্বপ্ন বাঁধা যায় ওই অতি দূর বরফের দেশে।
    দুজনা- পাশাপাশি- অমলিন সমান্তরাল।
    আবারো ফিরে আসা এই করুণ স্মৃতির শহরে- চিটচিটে ঘামে ভেজা,
    সমুদ্রের মতো লোনা স্বাদ মুখে নিয়ে ঘরে ফেরা- আর তোমাকে ভাবা,
    প্রতি রাতে কল্পনায় কল্পনায়-
    আমার তোমার প্রিয় দুঃখ বিলাস।
    এভাবেই ভালো থাকা আর প্রতীক্ষায় মগ্ন থাকা।

Skip to toolbar