Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • গত জন্মের গল্প।
    অন্ধকার
    একটি অন্ধকার ঘরে তারা অপেক্ষারত, ক্ষুধার্ত, ক্লান্ত, আহত ও আশাহত। ছোট ঘরটিতে নিকষ আঁধার ক্রমে ঘনো হয়ে এসে প্রবেশ করে তাদের বক্ষপিঞ্জরে লুকোনো হৃদয়ে, যেখানে ক্রমশ আত্মার মৃত্যু ঘটছে প্রতিক্ষন। সময়ের সাথে সাথে তারা ক্রমশ আরো অস্থির হয়ে উঠছে। তারা ভীত, অন্ধ অন্ধকারে দৃষ্টিহীন অন্ধ। যদিও তাদের সাথে আছে এক জাতিস্মর অন্ধ বালক। যে এখনো অস্থিরতার বিন্দুমাত্র লেশ প্রকাশ করে নি। রয়েছে একজন তার্কিক, একজন মানবতাবাদী, একজন প্রেমিক, এক অপূর্ব রূপসী তরুণী, জরাগ্রস্থ বৃদ্ধ, নারী লোলুপ দৃষ্টিসম্পন্ন ধার্মিক, এক বিষণ্ণ বালিকা এবং একজন উন্মাদ কবি।
    শুরুতে তারা পরস্পরের হাত ধরেছিলো এবং রূপসী তরুণী সবাইকে আশায় আলোকিত করে বলেছিলো এ আঁধার কেটে যাবে আর সব দুখী রাতের মতো, আলো আসবেই। জরাগ্রস্থ বৃদ্ধ জীবনের পেরিয়ে আসা বিভিন্ন প্রতিকূলতার উদাহরণ তুলে ধরেছিলো। মানবতাবাদী বলেছিলো মানুষের ওপর আস্থা রাখো, উদ্ধার করতে কেউ না কেউ আসবেই। প্রেমিক আর সব সময়ের মতো সাহসী হয়ে অন্ধকারে দেয়াল ভেঙে বের হয়ে যাবার পথ খুঁজছিলো। ধার্মিক জানতো তরুণী বেশ রূপসী তাই সে মহান স্রষ্টার ওপর আস্থা রাখলো। তার্কিক বিভিন্ন সাজানো যুক্তিতে প্রমাণ করলো এ অবস্থা অবশ্যই চিরস্থায়ী হবে না।আর বিষণ্ণ বালিকা তার গভীরতায় মুগ্ধ হয়ে তাকে সুবিবেচক আখ্যা দিলো। উন্মাদ কবি অন্ধকার ভয় পায় নি, সে একে তার অমোঘ পরিণতি ভেবে উদার গলায় বেসুরো সুরে গান ধরলো। সবাই তার উন্মত্ততায় বিরক্ত ও হতাশ হলো।
    কিন্তু ক্ষণস্থায়ী ও পরিবর্তনশীল সময়ের সাথে সাথে তাদের হৃদয়ে, মনে ও আত্মায় পরিবর্তন আসলো অপূর্ব শৈলীতে। তারা একে অপরের খুঁত, কমতি এবং হীন মানসিকতা খুঁজে বের করতে থাকলো। তাদের তীব্র বন্ধুত্বে ফাটল ধরতে শুরু করলো। তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করলো। তীব্র বাক্যালাপের বিষ তারা বমন করলো। প্রত্যেকের নিজের স্বার্থ নিজের কাছে মহৎ ও মহান বলে মনে হতে শুরু করলো। তারা ভেবে ভেবে বের করলো কে, কাকে, কিভাবে, কবে আঘাত করেছে ও করবে। উন্মাদ কবি ঘৃণা ভয় পায় নি, ঘৃণার সাথে তার পরিচয় অনেক আগে থেকে। সে একে বাস্তবতা ধরে নিয়ে উদার মনে বেশুরো সুরে গান ধরলো। সবাই তার উন্মত্ত মনের জন্য তাকে অভিসম্পাত করলো। বিষণ্ণ বালিকা করুণা অনুভব করে দু ফোঁটা অশ্রু বিসর্জন দিলো।
    কিন্তু আবারো ক্ষণস্থায়ী ও পরিবর্তনশীল সময়ের সাথে সাথে তাদের হৃদয়ে, মনে ও আত্মায় পরিবর্তন আসলো অপূর্ব শৈলীতে। তারা তাদের নীচতা, স্বার্থপরতা, ঘৃণা, ক্ষোভ, কাম, অপরাধ ও অনুশোচনায় আবারো একসাথে পরস্পরের হাত ধরে গোল করে ঘন হয়ে বসলো। রূপসী তরুণী তার অহং বিসর্জন দিলো, তার্কিক যুক্তিকে বিসর্জন দিয়ে আবেগে আপ্লুত হলো, মানবতাবাদী উদারতাকে হৃদয়ে স্থান দিলো। জরাগ্রস্থ বৃদ্ধ অন্তিম পরিণতিকে মেনে নিতে তৈরি হলো। ধার্মিক প্রথমবারের মতো স্রষ্টাকে মন দিলো। বিষণ্ণ বালিকা সবাইকে ভালোবাসা জানালো। উন্মাদ কবি এ পরিবর্তনে অবাক ও বিস্মিত হলো। তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো কিন্তু সে কোন গান ধরলো না। সে নীরবতাকে শ্রেষ্ঠ সঙ্গীত হিসেবে চিনে নিলো। সবাই তার উন্মাদ্গ্রস্থতার কথা ভেবে দুখী হলো।
    ঠিক তখন জাতিস্মর অন্ধবালক উঠে দাঁড়ালো এবং কক্ষের গোপন কুঠুরিতে লুকিয়ে থাকা বাতিটি প্রজ্বলিত করলো। আঁধার সরে গেলো। আলো তার অবিরল উদারতায় প্রকাশিত হলো। এ ঘটনায় সবাই হতচকিত ও স্তব্ধ হয়ে গেলো। একজন ভাবলো অন্ধকারের কথা, একজন ভয়, একজন ঘৃণা, একজন নীচতা, একজন হতাশা এবং ঘটে যাওয়া বিবিধ ঘটনা ও অনুভবের কথা। শুধু উন্মাদ কবি কিছু ভাবছিলো না। ঝড়ে বিধ্বস্ত মন নিয়ে উজ্জ্বল আলোয় আলোকিত কক্ষের রঙ ও রূপ দেখলো। পাশে বসে থাকা আহত মানুষগুলোকে দেখলো সে। সে আরো দেখলো প্রজ্বলিত বাতিকে ঘিরে থাকা পতঙ্গশ্রেণী এবং দেয়াল বেয়ে নেমে আসা এক শীতল রক্তের সরীসৃপকে। তারপর তার চোখ পরলো জাতিস্মর অন্ধ বালকের দিকে। যে বসে আছে একান্ত ধ্যানে। তার মুখে স্মিত হাসি আর দুচোখ বেয়ে ঝরেছে অনন্ত জল। উন্মাদ কবি আবারো উঠে দাঁড়ালো। তার আরো একটি কবিতা লিখতে হবে।
    [বৌদ্ধিক গল্পের ছায়া অবলম্বনে]

    4
    2 Comments
Skip to toolbar