-
চিকেন চিপস খাবি?
পেঁচা সম্পর্কে আকা আজাদ কিছু লিখতে বললো ক্রো সোসিটির বুলেটিনে। কিন্তু কি লিখবো! আমি তো পেঁচা সম্পর্কে কিছু জানি না। জানি—পেঁচার মতো মুখ করে আছিস কেনো—এই রকম কিছু ধারণা বিষয়ে। একবার পেঁচা দেখেছিলাম জঙ্গলে। শুনেছি—পেঁচা দিনের আলোতে চোখে দেখে না।
সত্যি একদিন সন্ধ্যায় কাঠাল গাছে পাতার আড়ালে একটা পেঁচা দেখেছিলাম ছোট বেলায়। ওদের ভয়ানক চোখ। সময় নিয়ে পলক না ফেলে বলেছিলো—আমি তোকে চিনি; বেশি কাছে আসবি না। ফার দ্যা ফ্রাই করে দেবো। ওই যে ভয় পেছিলাম, বহু বছর ভয়ের ধারণা নিয়ে কেটে গেছে। পরে যখন রণো আর আমি ঘর ছেড়ে টোকাই হয়ে যাই, তখন একটা জ্বলজ্যান্ত পেঁচা দেখি রণোর কাঁধে!
রণো তখন আমাকে একদম পছন্দ করে না। কারণ, ববিতা সারাক্ষণ আমার সাথে গুদুগুদু খেলে। ও তখন ছাল-ওঠা কুত্তাটা নিয়ে চলে। কিন্তু হঠাৎ একদিন ওর কুকুর বন্ধুটা রাস্তা পার হতে গিয়ে পাজেরোর নিচে পড়ে তো পড়ে, মাথাটা একদম গুড়া গুড়া হয়ে ঘিলু বেরিয়ে যায়।
ববিতা বলে—কিরে রণো, এখন কাকে নিয়ে বাঁচবি! তারচে আয়, তুইও আমার লগে গুদুগুদু খেলা শুরু কর।
রণো বলে—না। তোর গায়ে মুতের গন্ধ।
ববিতা রেগে গিয়ে ধাওয়া করলে রাস্তা পেরিয়ে রণো সেই যে হাওয়া হয়ে গেলো! তারপর ওকে দেখি, যাত্রী-ছাউনির নিচে বসে থাকে; ওর কাঁধে ভয়ংকর একটা ধুষর পেঁচা!
আমি আর ববিতা অবাক হয়ে আজব পাখিটাকে দেখি। মনে হয়, ওই কাঠালগাছের পাখিটা! আমাদের দিকে স্থির চোখে তাকিয়ে বলছে—আমি তোকে চিনি; বেশি কাছে আসবি না; একদম ফার দ্যা ফ্রাই করে দেবো।
ববিতা জানতে চায়—ফার দ্যা ফ্রাই মানে কি-রে যাযাবর?
আমি বলি—ঠোঁকরাইয়া চোখ তুইলা নিয়া ফ্রাই করে খাবে।
ববিতা বলে—আরে যাহ, ক্ষিধায় রণোর কাঁধে বইসা ঝিমাইতেছে। ওরে বনরুটি খাইতে দিই?
রণো বলে—ও রুটি খায় না। চিকেন চিপস দিতে পারিস।
পেঁচাটার জন্য রণো আবার আমাদের সাথে সহজ হয়ে মেশে। ববিতা ওকে জড়িয়ে ধরে নাক চেটে দিলে আগের মতো মুতুনী বলে তাড়িয়ে দেয় না! আমরা তিনজন আবার একসাথে চলি; আর রণোর কাঁধে পেঁচাটা আরামে বসে এদিক-ওদিক তাকায়। মাঝে মাঝে ঠোঁট বাঁকা করে হাসে! আর বলে— ও মামু; খামু, খামু, খামু…।
একদিন আমরা ভাঙ্গারীর বস্তার উপর বসে বনরুটি খাচ্ছিলাম, কয়েকটা লোক এসে বলে—আমরা পরিবেশবাদী; আমরা ফলো করেছি, তোরা বন্য-প্রানীটাকে কষ্ট দিচ্ছিস…।
কিছু না বুঝে আমরা হাসি। ওরা পেঁচাটাকে ধরতে চায়। পেঁচাটা ডানা ঝাপ্টিয়ে বলে—এই পরিবেশবাদীর দল, বেশি কাছে আসবি না; একদম ফার দ্যা ফ্রাই করে দেবো।
পরিবেশবাদীরা বুঝতে না পেরে আমাদের দিকে তাকায়। ববিতা বলে—শুনেন সাহেবরা, বেশি তেড়িবেড়ি করলে ঠোঁকড়াইয়া চোখ তুইলা নিয়া ফ্রাই করে খাইয়া ফালাইবো।
কিন্তু পরিবেশবাদীরা তো বোকা টাইপের হয়; ওরা পেঁচাটাকে ধরে নিয়ে চিড়িয়াখানায় দিয়ে দিতে চায়। শুনে রণো প্রচন্ড ক্ষেপে গিয়ে বলে ওঠে—থো! আতা মাতা ছাতা!
লোকগুলো বিভ্রন্ত হয়ে বলে—এই টোকাই, কি হাবিজাবি বলতেছো!
রণো আবার হাঁক দেয়—যা বোগাদার দল, অস্ট্রেলিয়া যা গিয়ে।
ওরা তবু বোকার মতো বলে—তোমাদেরকে টাকা দেবো; প্লিজ পেঁচাটাকে দিয়ে দাও।
আমরা হেসে উঠি—বনরুটি ভাবছেন! চা দিয়া চুবাইয়া খাইবেন! হি, হি, হি…।
না, না; আমরা পরিবেশবাদী। আমরা বন্যপ্রানীদের ভালোবাসি।
রণো বলে—বন্যপ্রানী বলে কিছু নাই। আপনারাই বুনো লোক। যান, যান…।
তখন লোকগুলো জাল ছুড়ে মারলে পেঁচাটা ডানার দাপট দেখিয়ে ভেল্কিবাজির মতো ওদের চোখগুলো তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়! আর লোকগুলো অন্ধ হয়ে গিয়ে হাতড়ে হাতড়ে অন্যদিকে চলে যায়। যেতে যেতে পেঁচার মতো মুখ করে বলে—পরিবেশ এতো খারাপ হয়ে গেছে, কিছুই তো দেখা যায় না! চোখ ডলতে ডলতে ওরা আবিস্কার করে, কারো কোটরে চোখ নাই!
রণো বলে—চল যাই, পাত্থর টোকাই।
আমরা ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে থাকি। পেঁচাটা রণোর কাঁধে বসে এদিক-ওদিক তাকায়।
ববিতা বলে—চিকেন চিপস খাবি?
পেঁচাটা ঠোঁট বাঁকিয়ে বলে—ও মামু; খাম, খামু, খামু…।7 Comments-
অভিমানী মন, আপনার এই লেখনীতে রণো, ববিতা ও পেঁচাটির অদ্ভুত আর মায়াবী সম্পর্কের চিত্রটি বেশ দারুণভাবে ফুটে উঠেছে, যা আমাকে শহুরে জীবনের আড়ালে ঢাকা পড়ে থাকা সেই হারিয়ে যাওয়া টোকাইদের জীবনের কথা মনে করিয়ে দিলো। আপনি নিয়মিত আমাদের এই গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতে লাইক ও কমেন্টের মাধ্যমে অংশগ্রহণ করলে আমাদের আড্ডাটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
Friends
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
Foyzur Khan
@foyzur-khan
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali
সালমান সাদিক
@salmansadique
TOUHIDUL ISLAM
@touhidulislam
Rajib M Sarker
@sarkerr-rrajiv
তুবা
@zariyaat


চমৎকার