নিয়ন্ত্রণহীন রোবো
আধা বাস্তবের কবুতর
আধা বাস্তবের কবুতর
আধা ব্যালকনির কবুতর
মানুষের ফেলে দেয়া প্রেমের জাজিমে বৃষ্টি পড়ছে
স্পার্মের দাগে বৃষ্টি পড়ছে
এ-মেজরে গিটু লাগা আঙুল
আমার বাড়ি এ-মেজরে
ভৌতিক বাক্স
ভিজে
কবুতরের জন্য দেয়া পাউরুটি
ভিজে চুবচুবা কবুতর
আমার ছুঁড়ে দেয়া পাউরুটি খায় না কেন?
ঝিলমিল
খারাপ লাগা ভালো
এখন যারা বেঁচে আছে
পরে যারা থাকবে
তবলা
বাঁশি
চুমু
গ্রীবায়
ঘটমান মমির মতো জীবিত
বিকাল কাটাও
খারাপ লাগলে ধরো
ফেলে দাও
মরে যাওয়া কোনো খুলিতে
যেই সুর এসেছিল…
একদিন তোমার দুই বছরের শিশু
হেসে ফেললো
পড়ে গিয়ে কাঁদল
যখন তুমি সেই সুর তুলছিলে কিছুই না বুঝে
কত দ্রুত সেরে উঠলো আবার… ঝিলমিল করে উঠলো
নিয়ন্ত্রণহীন রোবো
টাকা গুনে লিফটের সামনে দাঁড়াও
শেষ মাথায়
তুমি একটা নিয়ন্ত্রণহীন রোবো
তোমাকে মিষ্টি গলায় ডাকা হোক – একটু আগে ঘুম ভেঙেছে না কি?
জগতের সবকিছু নামকাওয়াস্তে না কি?
দুপুরবেলা
দুপুরবেলা চড়ুইপাখি ডাকে
শহরভরা মানুষ
এঞ্জিনে
বাতাসে
আমি থর থর করে কাঁপছি
এক স্তূপ বইয়ের ভিতর
ভাঁজ হয়ে
ন্যাতানো একটা কাগজ আমি
এক স্তূপ ভালো, অলিখিত
অনেকেই নিজের মতো লিখেছে
লিখবে হয়তো আরও বইয়ের ভিতর
কবিতা কবিতা
গল্প গল্প
একটা ন্যাতানো কাগজ
খুব শান্ত ভাবে ডাকে
যেন সান্ত্বনা
পিরামিড
( কাজী মুনতাসির বিল্লাহকে)
মিশুর সাথে আমার এমন একটা শূন্য আছে যে
আমরা একদিন পিরামিড ধরতে যাব;
ঠিক পিরামিড না
আমরা যাব পিরামিডের দুই-একটা পাথর ধরতে
আতশকাচ হাতে
টিপে টিপে
এককোষী মাছের ফসিল
ওরা তো মিশুর মতো পানিতে ছিল
একদিন পানির ভিতর ছিল- আবার যাবে
আমার ম্যানগ্রোভ হবে
ম্যানগ্রোভ হাড়ের কিনারে, কারও বালু কোথাও থাকবে না
প্রায় বিশ হাজার বছর পর পর
যেমন হতে থাকে
আমাদের প্রেমের অক্ষ এমন ধরে নিলে
বরাবর উপরে আকাশে খুব ধীরে
সেই শূন্য তৈরি হয়ে যাবে
![]()
2 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
চমৎকার লেখনী
Taposh Kumer dey
প্রতিটা লেখাই খুব ভালো । অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন ❤️