Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • প্রিয়াঞ্জলী

    “পদ্মার ঢেউ রে…
    (মোর) শূণ্য হৃদয় পদ্ম
    নিয়ে যা.. যা রে.. ”
    পৌষের ঠিক মাঝামাঝি।
    পদ্মার সে-ই উদ্বেলতা, কীর্তিনাশ করবার প্রচ্ছন্ন আবেগের ঘটা তেমন আর নেই।চারিদিকে রাশি রাশি বালুকার শুভ্রতা, পদ্মার সেই বর্ষাতী বেগবান রূপকে যথেষ্ট অবজ্ঞায়িত চোখে দেখলেও, তার ধার না ধেরেই “নদী আপন বেগে পাগলপাড়া”-ভাব নিয়েই পদ্মা ক্ষীণতর একটা প্রবাহ মেলে ধরে এগিয়ে যাচ্ছে অজানার পানে…

    বিকেলের সোনা রোদ ধূ-ধূ চরের বালুকার রাশিতে পড়ে অদ্ভুত দ্যুতি ছড়াচ্ছে। এদিকে যতদূর চোখ যায় নীলাভ আকাশ আর দু’পাড়ের চরের মাঝখান দিয়ে হাতের রেখার মতো একেবেঁকে বয়ে যাওয়া প্রবাহমান ম্রিয়মান পদ্মা। হালকা ঝিরঝিরে বাতাস পৌষের মৃদুমন্দ ছোঁয়াকে আরো প্রকম্পিত করে ছড়িয়ে দিচ্ছে মৃতপ্রায় কাশবনেদের কানে কানে।

    বা’হাতে রোদ ঠেকিয়ে দুলহীন একটা মেয়ে মৃদু স্বরে বলে উঠল,-অপূর্ব!

    হাতে তার সবুজ নখপালিশ, দৃষ্টি তার সুদূরে… মাঝারী লম্বা ছিপছিপে শরীর, গোলগাল মুখশ্রী যেন চন্দন আর চন্দ্রিমা মেশানো চিত্রিত চিত্র, কপোলে কবিতার মতো সুন্দর ছোট্ট কালো তিল।হালকা লাল শাড়ি, সূদূরে ছুঁড়ে দেওয়া কাজল চোখের উদাসী দৃষ্টি মিলিয়ে ক্ষীণকায় পদ্মার এই বিয়োগান্ত দিবা-গোধূলীর বালুকা-বেলায় তাকে সান্ধ্য দেবী..দেবী.. লাগছে।

    – কি-ব্যাপার, তুমি?

    হাসতে হাসতেই মিলিয়ে যায় নারীমূর্তিটি। কিছুদিন ধরেই এ রকম সমস্যা হচ্ছে। কিছুদিন বলি কেন, এই তো গত দু’দিন আগে পদ্মার পাড়ে হাঁটতে হাঁটতে যে-ই না পায়ের কাছে একটা মরিচা ধরা চুলের ক্লিপ পেয়েছে, তার পর থেকেই কি যেন হয়ে গেল।
    তারপর থেকেই… সারা দিন খাওয়া নেই নাওয়া নেই কি যেন ভাবে, কি যেন খোঁজে, পথে পাওয়া টিপ, ভাঙা চুলের কাকড়া, চুলের ফিতা নেড়েচেড়ে গভীর মনোযোগে কি যেন দেখে? অধিকাংশ সময়ই তার কাটে পদ্মার পাড়ে.. গভীর শূণ্যতায় কাকে যেন খোঁজে.. বিড়বিড় করে কি যেন বলে? তবে সমস্যা হচ্ছে, ও যা কিছু ভাবে তা-ই বাস্তব ভেবে নেয়, যা কল্পনা করে তাকেও বাস্তব ভাবে।এই কেবলমাত্র যে মেয়েটি তার সামনে ভেসে উঠেছিল, এটাও বাস্তব নয় কল্পনা, রঙধনুর মতো অলীক তবে বর্ণিল। মনোবিজ্ঞানের ভাষায় যাকে বলে সিজোফ্রেনিয়া।

    – কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আগে দেখনি কি?
    – কেন, তাকাতে গেলেও কি বারণের দেয়াল ডিঙাতে হবে নাকি?
    – না, তা নয়। তবে লজ্জা লাগে, সময় অসময় এমন ভাবে তাকাও না.. নিজেকেও লুকাতে পারি না।
    – যেখানে সুনীল আকাশের নিচে, ধূ-ধূ বালুর অন্তরালে, প্রবাহিনী নদী দিগম্বর; যেখানে স্রষ্টা নিজেকে লুকিয়ে রাখতে গিয়ে প্রকৃতিতে সুন্দরের সৌর্ন্দযে প্রকাশিত; সেখানে, নিজেকে লুকানোটা কি অতিপ্রাকৃত হয়ে পড়ে না? হাসতে হাসতে সুকেশিনী সঙ্গিনীর দিকে বাঁকাভাবে তাকায়।
    – থাক্, আর অমৃতলোলুপ কাব্য করতে হবে না।
    – কাব্য করলাম কোথায়?
    – এমন সুনির্বচনীয় শব্দ বিন্যাস, যা ছন্দে ছন্দে ছন্দিত, পর্বে, অনুপ্রাসে সিঞ্চিত, তাকে বুঝি কাব্য বলে না?
    – তুমিও তো কম যাও না।
    – হু!তোমার পাশে থাকতে থাকতে এ বদঅভ্যাসটা হয়েছে। অনেকটা সঙ্গ দোষে লোহা ভাসার মতো। আচ্ছা, তুমি কি কথা আগে থেকেই সাজিয়ে রাখ?
    মৃদু হেসে,- জোয়ার আসলে যেমন নদী আপনিই উছলে উঠে, চাঁদ হাসলে যেমন আপনিই চন্দ্রিমা জেগে উঠে, তেমনি তুমি কাছে আসলে কথাগুলো আপনা আপনিই ছন্দোবদ্ধ হয়ে যায়, আপনিই জুটে যায়, জোড় করে জোটাতে হয় না।
    – আর, দূরে গেলে?
    – দূরে, বলতে?
    – দূরে বলতে… দূরে…
    – শারীরিকভাবে সরে থাকাকেই যদি দূর বলো, তবে চোখের আড়ালকে কি বলবে, অনস্তিত্ব? আর চলে যাওয়াটাকে…

    তৎক্ষনাৎ সবুজ টিপের সঙ্গিনীটি তার ডান হাতটা ছেলেটির মুখের উপর চেপে ধরে বলে,
    – ছি! বলতে নেই….

    ছেলেটি হাসতে হাসতে,
    – দেখ পাখি! ইচ্ছে করলেই কি যাওয়া যায়? গিয়ে দেখাও তো? কত দূরে যাবে? আমার স্মৃতির আকাশটা এতটাই বড় যে ইচ্ছে করলেই নিজেকে ছাড়াতে পারবে না।

    হাজার চেষ্টা করেও তুমি ভুলতে আমায় পারবে না,
    আমার ব্যথার মধুর স্মৃতি, পিছু তোমার ছাড়বে না।
    ভুলতে আমায় পারবে না!!!

    আবার যখন শরৎ ভোরে শিউলীরা সব ঝরবে
    ভুল করে ফুল তুলতে তখন আমায় মনে পড়বে
    দু’চোখ জলে ভরবে!
    শিউলী মালায় রাখবে গো চোখ
    জাগবে মনে আমারই শোক
    কান্নারা সব সরবে না।
    ভুলতে আমায় পারবে না!!!

    – হয়েছে, হয়েছে, থাক। আর বকবক করতে হবে না। দেখ ওই দিকে ধবল বকেরা মেলে ধরেছ ডানা। সন্ধ্যারা নামল বলে।
    – চলো, উঠি। বলেই হাতটা মেলে ধরল মেয়েটির দিকে।

    হাত বাড়াতে বাড়াতে… মেয়েটি বেশ অবাক হয়, কি অভূতপূর্ব পরিবর্তন? যে ছেলে প্রাণপণে হাত ধরবার ইচ্ছেটাকে লজ্জার খাতিরে জয় করতে পারে নি কোনদিন, কোনদিন সাহস করে পাশেও বসতে পারেনি, যদি, ও কোনদিন যেচে লজ্জার মাথা খেয়ে পাশে বসতে চেয়েছে তবে সে এমন ভাবে বসেছে যেন বেশ দায়ে পড়েছে বেচারা! আজ নিজ থেকে হাত বাড়িয়ে দিয়েছে!!! এই রকমই এক কাঙ্খিত পরিবর্তনই চাইছিল মেয়েটা। ও মনে প্রাণে, চাইছিল এমন এক কাউকে যে তাকে চোখে আগলে রাখবে, চোখে চোখ রাখবে, মুখ দেখেই সে মনের আরতিগুলো, বেদনাগুলো অনায়াসে বুঝতে পারবে। যখন খুশি যেভাবে খুশি ছুঁয়ে দেখবে। যাক্, আজ পূর্ণ হলো সে আকাঙ্খার। এই প্রথম পূর্ণতার আনন্দে মেয়েটির চোখে জল এলো। তবে, এ কৃতিত্বটা কার? এই ধূ-ধূ বর্ষীয়সী পদ্মার তীরের লাল গোধূলীর, নাকি তার চূড়ান্ত ভালোবাসার?

    ছেলেটি একটু আনমনে ভাবেই বলে উঠল,
    – তোমার কাছে কি টিস্যু হবে?
    – কেন, কি করবে?
    – পদ্মাকে আমি খুব ভালোবাসি…
    – জানি,
    – তাই আমি যতবারই পদ্মায় আসি ততবারই প্রিয় কিছু না কিছু ওর কাছে অঞ্জলী দিই। আজ হাতে কিচ্ছুটি নেই তো, তাই!

    হাতের বাঁধনের ভেতর থেকেই মেয়েটি বলল,-
    – হাতে কিছু নেই কে বলল তোমাকে? এই যে, হাতে আমি আছি? আমি কি এখনও তোমার প্রিয় হয়ে উঠতে পারিনি?
    – তুমি আমার আপনার চেয়েও আপন, প্রিয় থেকে প্রিয়তর।
    – তবে?
    – তবে এমন প্রিয়জন, যাকে হাতছাড়ার কথা আমি ঘুণাক্ষরেও ভাবতে পারিনা। যার এক মুহূর্ত অনুপস্থিতি আমাকে শূণ্য থেকে শূণ্যতর করে তোলে।
    – পদ্মাকে আমিও ভালোবাসি। তোমার মতো অতটা নয় হয়তোবা।
    – ভালোবাসা পরিমাপেরতো কোন এস.আই (ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট) একক নেই যে মেপে দেখবে।
    – চলো… এবার।
    বলতে বলতে হাতটা কানের কাছে নিতে নিতেই ছেলেটি প্রায় ব্যথায় কঁকিয়ে উঠে বলল,
    – কি করছ?
    – এই প্রথম তুমি আমার কাছে কিছু চাইলে, অথচ আমার কাছে কিছুই নেই।
    কথাটা বলা শেষ হতে না হতেই কানের দুলখানি মেয়েটি শূণ্যে ছুড়ে দিয়ে বলল, “ওহে বিস্তর জলধি, তোমার বক্ষপুটে কোন এক ভিখারিণীর এই ক্ষুদ্রাঞ্জলী গ্রহণ করো!”

    ছেলেটি হঠাৎ সেই মরিচা ধরা ক্লিপটি ধূলায় ফেলে দিয়ে বিদ্যুৎ বেগে পদ্মার দিকে ছুটে গেল…

    … শুধু একটা মৃদু শব্দ কাশবনের সান্ধ্য তন্দ্রাকে কিঞ্চিত বিব্রত করে নিরব আঁধারে মিলিয়ে গেল।

    ৩০.১২.২০১৮
    ১৬ পৌষ, ১৪২৫ বঙ্গাব্দ;
    তালমা বাজার

    15
    12 Comments

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar