Profile Photo

মোঃ রাকিবুল হাসানOffline

  • Rakib@writer
  • জনতার পুঁথি
    রাকিবুল হাসান
    27-08-2022

    শোনেন শোনেন জনগণ শোনেন দিয়া মন
    দেশবাসীর হাল-হাকিকত করতেছি বর্ণন।

    অন্ন-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসা
    এই সব কিছু মানুষের মৌলিক চাহিদা,
    সাথে আছে বিনোদন আর যা যা প্রয়োজন
    সব কিছুরই মূল্যবৃদ্ধির চলছে আয়োজন।
    চাল-ডাল আর তেল-ফলের দামটা বেশ চড়া,
    বিদ্যূৎ-গ্যাসের দাম বাড়াতে সরকার বেশ কড়া,
    জলের দামটাও জলের মতো এখন তো আর নাই,
    পঞ্চাশ পার্সেন্ট বেশি দামে ওষুধ কিনে খাই।
    গরুর গোশত ধরা-ছোঁয়ার সীমা ছাড়িয়েছে,
    মুরগীটাও নাগালের বাইরে চলে গেছে।
    ডিমের মূল্যবৃদ্ধিতে ডিম কিনাই বন্ধ,
    মূল্যস্ফীতির ভারে কুঁজো জনতার স্কন্ধ।
    স্টেশনারী আর প্রসাধনীরও বাজার,
    পাঁচশো টাকার পণ্য কিনতে লাগে এখন হাজার।
    পোশাকের বাজারে আগুন কাপড় কেনা দায়,
    নিম্ন-মধ্যবিত্তের বাঁচার হবে কী উপায়।
    একটা শ্রেণী কেবল ধনী বাড়াইছে তার ধন,
    আর বাকীরা চোখের জলে শান্ত করে মন।

    শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন,
    জনতারো হাল-হাকিকত করি যে বর্ণন।

    দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বাড়াইছে হাশ-ফাস,
    গরীবের আজ বেঁচে থাকাটাই সর্বনাশ।
    কেমন করে বাঁচবে গরীব ধনীদের এই দেশে,
    তারপরেও জীবন চলে ভীষণ কষ্ট-ক্লেশে।

    অনেক হল মানুষের জীবন বর্ণনা,
    বর্ণনাতে হবে কি শেষ জীবন যাতনা।
    হৃদয়েতে রয়ে গেছে বহু কষ্ট জমা,
    দোয়া করবেন এই রাকিবে পায় যেন গো ক্ষমা।

    #রাকিবুল হাসান
    27.08.2022

    7
    11 Comments
Skip to toolbar