-
শাহাদাতুর রহমান সোহেল is with Md. Habibur Rahman and 59 others
কবি আবিদ আনোয়ারের ফেইসবুকিং
বাংলাদেশের একজন শীর্ষ কবি আবিদ আনোয়ারের ফেইসবুক একাউন্ট থেকে গুরুত্বপূর্ণ ও অত্যন্ত শিক্ষনীয় কিছু পোস্ট সংগ্রহ করে এখানে নীচে দেয়া হলো:
1) সৃজনশীল লেখালেখি নিয়ে একটি খুব মজার কিন্ত শিক্ষণীয় কৌতুক আছে: গলফ-খেলা বিষয়ে একজন বিশেষজ্ঞ ছিলেন যার গলফ-বিষয়ক বইপত্রের একটি বিশাল লাইব্রেরি ছিলো। গলফ-সংক্রান্ত কোনো বিরোধ নিষ্পত্তির জন্য তাঁকে ডাকা হতো; গলফ-বিষয়ক সেমিনারে তিনি থাকতেন হয় সভাপতি, নয় তো প্রধান অতিথি কিন্তু তিনি নিজে যখন গলফ খেলতে চেষ্টা করতেন তখন গলফ-স্টিক দিয়ে বল মারার সময় মনে হতো তিনি লাঠি দিয়ে একটি সাপকে পেটাচ্ছেন। এর মানে প্রাতিষ্ঠানিক বা অন্য যেকোনো ধরনের শিক্ষাই কাউকে দেয়া হোক না কেন, যদি সৃজনশীলতার গুণটি তার ভেতরে না-থাকে তবে নির্মাণকৌশল শিখেও তিনি কিছু সৃষ্টি করতে পারেন না। সৃজনশীল রচনাকর্মে পরের কাছ থেকে পাওয়া শিক্ষাদীক্ষা কিছু রাড়তি পরিপক্কতা ও শুদ্ধতার জন্য কাজে লাগে কেবল তাদের ক্ষেত্রেই যাদের মনোজগত সংবেদনশীলতা ও সৃজনশীলতায় এমনিতেই ঋদ্ধ।2) কবি হুমায়ুন আজাদের “আমাদের কবিতা দূষিত হয়ে পড়েছে” কথার জবাবে: কবিতা দূষিত হয়নি, প্রকৃত কবিও দূষিত হননি–নষ্ট হয়েছে কবিতার স্বঘোষিত ভণ্ড পৃষ্ঠপোষক, কিছু পত্রিকার সম্পাদক ও পুস্তক প্রকাশক যারা কবিতার নামে অকথ্য পঙক্তিমালা ছাপিয়ে চাপিয়ে দিচ্ছেন পাঠকের ওপর। যারা এসব জঞ্জালকে কবিতা মনে করেন তারাই ভাবতে পারেন ‘কবিতা দূষিত হয়ে গেছে’। কবিতা এখনও কবিতার মতই আছে; কোনো প্রকৃত কবিকে এখনও দেখিনি ‘দূষিত কবিতা’ লিখতে; কোনো প্রকৃত সম্পাদক/প্রকাশককে দেখিনি দূষিত অপকবিতা প্রকাশ করতে । সাম্প্রতিক সময়ের প্রকৃত কবিরাও ভালো কবিতাই লিখে চলেছেন। সময় এসেছে ‘গ্রহণ-বর্জন’-এর প্রক্রিয়ায় ‘দূষিত’কে বাদ দিয়ে ‘প্র্রকৃত’কে বরণ করে নেয়ার
3) কোনো কোনো কবিতা আমারনুলো ও ঠুঁটো’র দেশে বিপ্লবের ডাক;
কোনো কোনো কবিতা আমারঘোর-লাগা অন্ধকারে মোরগের বাক….–আবিদ আনোয়ার4) করোনাকালে:
যেরা কয় “ঘরে থাক” হেরারে জিগাই:
আমি যে রাস্তায় থাহি, ঘর কুনে পাই?”5) গাড়লের হাতে যখন মোড়লিপণা
সোনা হয় তামা, তামা হয় খাঁটি সোনা6) রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার পর লেনিন তাঁর এক ভাষণে বলেছিলেন: আমাদের সমাজে শ্রেণিশোষণ বিলুপ্ত হয়েছে কিন্তু এই শোষণহীন সমাজব্যবস্থায় কেবল দুই শ্রেণির শোষক থাকবে….এটুকু বলে তিনি বেশকিছুক্ষণের জন্য থেমে থাকলেন। দর্শকশ্রোতার চোখ তো কপালে উঠলো: বলে কী নেতায়!!!! তারপর লেনিন ধীরলয়ে বললেন: একটি শোষকশ্রেণি আমাদের শিশুরা, আরেকটি কবি-সাহিত্যিক-শিল্পীসমাজ। এরা কোনো কায়িক শ্রম না-করেও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবে—এমনকি একটু বেশিমাত্রায়। কবি-সাহিত্যিক-শিল্পীদের জন্য পর্যাপ্ত ভ্রমণভাতারও বরাদ্দ থাকবে। অবশ্য কবি-সাহিত্যিক-শিল্পী পদবাচ্য কারা তা নির্ধারণ করে দেবে একটি কমিটি। আমাদের বাংলাদেশে যদি এই রীতি প্রচলিত হয়/হতো তবে দেখা যাবে/যেতো কবি-সাহিত্যিক-শিল্পীদের সুবিধাগুলো ভোগ করছেন অ-মেধাবী ধান্দাবাজেরা; আর প্রকৃত মেধাবী কবি-সাহিত্যিক-শিল্পীগণকে ঠেলে দেওয়া হতো/হচ্ছে বঞ্চিতের দলে কারণ এদেশে এধরনের কমিটি আমলাদের নিয়ন্ত্রণে কাদের সমন্বয়ে গঠিত হয়/হতো তা সবারই জানা
7) যে-বছর আমার নতুন বই বেরোয়, সে-বছর প্রায়দিনই মেলায় থাকার চেষ্টা করি কিন্তু এ-বছর বই বেরুলেও মেলায় যেতে পারছি না হার্ট অপারেশন-পরবর্তী শারীরিক জটিলতার কারণে। ধলপহরের পদাবলি’ নামে আমার নতুন কবিতার বই বেরিয়েছে আগামী প্রকাশনী থেকে। চলছে কেমন বন্ধুরা?
এই পোস্টে আমি শাহাদাতুর রহমান সোহেলের মন্তব্য:
গতকাল ২১শে ফেব্রুয়ারী বইমেলা থেকে ধলপহরের পদাবলী কাব্যগ্রন্থটি কিনলাম। সম্পূর্ণ পড়া হয়নি। তবু একটা যথার্থ কাব্যগ্রন্থ পড়ার অনুভূতি হলো। হাইকু অংশটি সম্পূর্ণ মনোযোগের সাথে পড়েছি। মনে হলো – বাংলা ভাষায় কোন কাব্য গ্রন্থে সার্থক হাইকুর প্রথম যাত্রা। একে অনুসরণ করে যাদের পক্ষে সম্ভব এ অসাধারণ কাব্যধারাকে এগিয়ে নেয়া উচিত।8) September 18, 2018:
আজ হাতে পেলাম আমার সম্পাদনায় বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘আহসান হাবীব-এর নির্বাচিত কবিতা”র সৌজন্য কপি। গত কয়েক দশকে আমাদের কবিতায় যে বিশেষ প্রবণতা লক্ষযোগ্য হয়ে উঠেছে তার অনেকগুলোর উৎসস্থল ছিলো আহসান হাবীব-এর কবিতা। আমার ভূমিকার শিরোনাম “তিরিশি কাব্যতত্ত্বের প্রথম বিদ্রোহী”। কাজটি করতে পেরে ভালো লাগছে।9) জার্মানীর ন্যাটো অফিসে কর্মরত আমার বন্ধু গোলাম কিবরিয়া সম্প্রতি Assassination বানানটি নিয়ে একটি সুন্দর জোক পাঠিয়েছে: একটি গাধার পেছনে আরেকটি গাধা (ass), তার পেছনে আমি (i) এবং আমার পেছনে সমগ্র জাতি (nation)
10) “History is replete with examples of people with great creativity, who have been termed as insane. Great painters, poets, musicians, war lords, and even public leaders have been termed to be not normal” এই কথাটি কার কেউ জানালে খুশি হবো; পড়তে-পড়তে মুখস্থ হয়ে গেছে কিন্তু কে বলেছেন তা ভুলে গেছি। বাংলায় এর অর্থ দাঁড়ায়: ইতিহাস সাক্ষ্য দেয় খুব সৃজনশীল ব্যক্তিগণকে পাগল মনে করা হয়; বড়ো মাপের চিত্রশিল্পী. কবি, সঙ্গীতজ্ঞ, বীর যোদ্ধা, এমনকি অনেক জননেতা সম্পর্কে বলা হয় তাঁরা সুস্থ-স্বভাবিক নন…
11) প্রজাতন্ত্রে প্রজাই রাজা: মিষ্টিকথার খই
জনগণের দোহাই দিয়ে নেপোয় মারে দই12) কবিতার দেবির নাম ‘শাশ্বতী’-মানে ‘শাশ্বত’ বা আবহমান কালের ধারা থেকে নতুন কবিতা বিচ্ছিন্ন নয়। বুদ্ধদেব বসু টিএস এলিয়টের একটি কথা প্রকাশ করেছেন এভাবে: কবিতা্য় নতুনত্ব একটি জীবিত বৃক্ষের ডালপালা বিস্তরের মতো–মূলকে অবলম্বন করেই যার বিকাশ ঘটে…যারা উন্নাসিকতায় মাতেন তাদের রচনাকর্ম টেকে না, যেমন টেকে না মূলহীন কোনো বৃক্ষ।
13) মানুষের কঙ্কালের যে-অংশটি অন্য অংশের চেয়ে বেশিদিন টিকে থাকে তা হলো চোয়াল বা চাপা। খাবার গ্রহণের প্রক্রিয়ায় চাপার নিয়মিত ব্যায়াম হয় বলে, না কি চাপাবাজির কারণে তা হয়ে থাকে এ নিয়ে বিতর্ক চলতে পারে কিন্তু জীবনেও টিকে থাকার জন্য চাপাবাজি অনেক মূল্যবান। হিটলারের তথ্যমন্ত্রী গোয়েবলস-এর সূত্রমতে: “একটা মিথ্যা কথাকে শত-সহস্র মুখে শত-সহস্র বার প্রচার করলে বা বলাবলি করলে, সে মিথ্যা কথাও সত্যে পরিণত হয়।” …. “দশচক্রে ভগবান ভূত” এই প্রবচন সাক্ষ্য দেয়: গোয়েবলস-এর চেয়ে আমাদের পণ্ডিতেরা কম ছিলেন না…প্রতিপক্ষের.কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য এই পদ্ধতি সার্থকভাবে ব্যবহার করছেন আমাদের রাজনীতিবিদেরা
14) বাঙলা কবিতার আধুনিকায়নপ্রকাশিতব্য তৃতীয় সংস্করণের ভূমিকাআমার পরম সৌভাগ্য বলতে হয়: ১৯৯৭ সালে আগামী প্রকাশনী থেকে ‘`বাঙলা কবিতার আধুনিকায়ন’ বইটি প্রকাশিত হওয়ার সঙ্গেসঙ্গে বহু গুণীজনের দৃষ্টি আকর্ষণ করেছিলো। সাহিত্যিক শওকত ওসমান বইটির আলোচনা লিখতে গিয়ে শুরু করেছিলেন এভাবে: “অতি সাম্প্রতিক একটি আকস্মিকতা আমাকে বুঁদ করে রেখেছিলো…‘বাঙলা কবিতার আধুনিকায়ন’ গ্রন্থ লিখে আবিদ আনোয়ার শুথু আমার নয়, বহু সাহিত্যস্রষ্টা ও অনুরাগীদের জন্য মহতী উপকার সাধন করেছে….দেশে মননের অনুশীলন তো নেই বললেই চলে, বিশ্বাস যাচাই ধাতে নেই; সেখানে বুদ্ধিদীপ্ত এমন একটি গ্রন্থের আবির্ভাব (হ্যাঁ, আবির্ভাবই বলবো) সত্যিই অভাবনীয় বৈ কি! সাহিত্য সমালোচনা একটি স্বতন্ত্র শাস্ত্র এবং তারও জোয়ারভাটা আছে। আবিদ আনোয়ার সে-ব্যাপারে এত সচেতন যে, বড়ই উৎফুল্ল হয়ে উঠলুম…. বার বার প্রাচীন ঋষিবাক্য মনের ভেতর গুঞ্জর তুললে….বিশ্বাসে মিলায় হরি’র দেশ থেকে [লেখক] অনেকদূর অগ্রসর” (জনকণ্ঠ সাময়িকী, ৪ এপ্রিল ১৯৯৭)। ড. হুমায়ুন আজাদ সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত তাঁর একটি সাক্ষাতকারে বলেছিলেন “আবিদ বেশ চমৎকারভাবে আমাদের কবিতার বিষয়গুলো ব্যাখ্যা করেছেন” (সাপ্তাহিক বিচিত্রা, ২১ মার্চ ১৯৯৭)।‘বাঙলা কবিতার আধুনিকায়ন’-এ গ্রন্থিত লেখাগুলো প্রকাশিত হয়েছিলো একই শিরোনামে আমার অনিয়মিত সিরিজ হিসেবে সংবাদ সাময়িকীতে ১৯৯৫-১৯৯৬ সালে এবং ‘মধ্যদিনের জানালা’শীর্ষক আমার একটি নিয়মিত পাক্ষিক কলামে কবি আহসান হাবীব সম্পাদিত দৈনিক বাংলা সাময়িকীতে ১৯৮১-১৯৮২ সালে। ভোরের কাগজ-এ প্রকাশিত কবি শামসুর রাহমান তাঁর ”অন্যের মানসে বসবাস”শীর্ষক নিয়মিত কলামে মূলত আমার কবিতা নিয়ে লিখতে গিয়ে কবিতাবিষয়ক আমার গদ্য সম্পর্কেও মন্তব্য করেছিলেন এরকম: “ তিনি আমার কাছে একজন কবি হিসেবেই গুরুত্বপূর্ণ…কবিতা লেখা ছাড়াও কবিতাবিষয়ক প্রবন্ধও লিখেন তিনি…আবিদ আনোয়ার-এর সাহিত্যবিষয়ক প্রবন্ধ আমার ভালো লাগে….বিনয়ী, নিষ্ঠাবান এই মেধাবী শিল্পী মানুষটি নিজের সম্পর্কে খুব কম কথা খরচ করেন; বেশি বলেন কবিতা সম্পর্কে, বিভিন্ন কবির সাফল্য ও বৈফল্য বিষয়ে। তাঁর কথায় কোনো ফাঁকি নেই, ভান নেই; স্পষ্ট তাঁর উচ্চারণ অথচ ধৃষ্ট নয়; যা বলেন তাতে রুচি ও মাত্রাজ্ঞান থাকে.. ” (ভোরের কাগজ সাময়িকী, ৩ ডিসেম্বর ১৯৯৩)। ষাটের দশকের বিশিষ্ট কবি ও অনন্যসাধারণ গান রচয়িতা মোহাম্মদ রফিকউজ্জামান সম্প্রতি ফেসবুকে মন্তব্য করেছেন: “আবিদ আনোয়ার-এর ‘বাঙলা কবিতার আধুনিকায়ন’ বইটি যারা পড়েন নি, তাঁরা বাঙলা সাহিত্যের এক অমূল্য সম্পদ থেকে বঞ্চিত আছেন।” পরবর্তী প্রজন্মের ড. তপন বাগচী আমার অন্য একটি বই ‘চিত্রকল্প ও বিচিত্র গদ্য’ সম্পর্কে লিখতে গিয়ে এই বইটি নিয়েও তাঁর অভিমত ব্যক্ত করেছেন এভাবে: “সকল সীমাবদ্ধতা থেকে রেহাই পাওয়া যায় আবিদ আনোয়ারের আলোচনার মধ্যে ঢুকে পড়লে। তাঁর ‘বাঙলা কবিতার আধুনিকায়ন’ গ্রন্থে শুরু করেছিলেন সরল ভাষায় কবিতার [আধুনিকায়ন প্রক্রিয়ার] অলিগলির সন্ধান দিতে….কবিতার আধুনিকায়ন নিয়ে এত বিশদ ও জ্ঞানগর্ভ আলোচনা তাঁর চেয়ে অন্য কেউ আর করেননি এদেশে…হুমায়ুন আজাদ তাঁর আলোচনাকে ইতিবাচক মানসিকতায় গ্রহণ করেছেন। এটিও সমালোচক আবিদ আনোয়ারের এক বড় স্বীকৃতি….আবিদ আনোয়ার কবি হিসেবে যেমন, প্রাবন্ধিক হিসেবেও তেমনি সৃজনীচিন্তার অধিকারী। একই সঙ্গে মননশীলতা ও সৃজনশীলতার চর্চা করেন বলেই তাঁর কবিতা বোদ্ধাজনের কাছে প্রিয় হয়, আবার তাঁর প্রবন্ধ সাধারণ পাঠকের কাছে গ্রাহ্য হয়।” (কালি ও কলম, চতুর্থ বর্ষ : অষ্টম সংখ্যা ॥ আশ্বিন ১৪১৪)। নতুন প্রজন্মের অনেকেও এই বইটি এবং আমার অন্যান্য প্রবন্ধগ্রন্থ নিয়ে নানা পত্র-পত্রিকায় লিখেছেন এবং অগ্রজদের মতই একইরকম উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর সবই আমার অভাবনীয় পরম পাওয়া। কিন্তু বইটির বিক্রির হার দেখে নিরাশ হতে হয়। ২০০৪ সালে বেরিয়েছিলো দ্বিতীয় সংস্করণ; এর ১৫ বছর পর বেরুচ্ছে তৃতীয় সংস্করণ। তবুও খুশি হওয়া ছাড়া আর কী-ইবা করি! আগামী প্রকাশনীর জনাব ওসমান গনিকে ধন্যবাদ তিনি স্বতঃপ্রণোদিত হয়ে এগিয়ে এসেছেন বইটির তৃতীয় সংস্করণ প্রকাশ করতে। আমার মনে হয় উপরোক্ত গুণীজন আমার এই বইটিতে নতুন কিছু খুঁজে পেয়েছেন। বাঙলা কবিতার আধুনিকায়ন প্রক্রিয়ার বিশ্লেষণে প্রায় সবাই গুরুত্ব দিযেছেন ঐতিহাসিক প্রেক্ষাপট ও কবিতার বিষয়বস্তুর ওপর, যেমন বিশ্বযুদ্ধোত্তর কালের নৈরাশ্য, বিনষ্টি, অবক্ষয়, বিমানবিকীকরণ, ইত্যাদি। বাঙলা কবিতার আধুনিকায়ন প্রক্রিয়ায় নির্মাণকলার ক্ষেত্রে কী বিবর্তন ঘটেছে তা বিষদভাবে আলোচিত হয় নি কোনো বইতে অথচ আমার আরাধ্য হলো কবিতার নির্মাণকলাবিষয়ক বিবর্তনের আলোকে আধুনিকায়ন প্রক্রিয়াকে বিশ্লেষণ করা। কারণ কবিতার বিষয়বস্তু কোনো কবির কাব্যকৃতির পরিমাপক হতে পারে না। একজন ব্যর্থতম কবিও কোনো-না-কোনো উপায়ে তার কবিতারূপী রচনায় একটি বিষয়কে উপস্থাপন করতে পারেন। কোনো কবির সাফল্য ও বৈফল্যের নির্বিকল্প মানদণ্ড তার নির্মাণকলা। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও তাঁদের অনুসারীদের রচনাশৈলির প্রবল প্রতাপে আজও মোহগ্রস্থ বাঙালি পাঠকসাধারণ, এমনকি কোনো কোনো সমালোচকও, বিশ-শতকীয় তিরিশ দশকোত্তর আধুনিক কবিতাকে এক উৎকেন্দ্রিক প্রচেষ্টার ফল বলে মনে করেন। এর একমাত্র কারণ তাঁরা সমকালে রচিত ও প্রকাশিত সব কবিতারূপী রচনাপুঞ্জকেই আধুনিক কবিতা বলে গণ্য করেন। অনেকেই জানেন না: আজকাল কবিতার নামে যা রচিত ও মুদ্রিত হচ্ছে তার প্রায় নব্বই ভাগই অপটু রচয়িতাদের অনাসৃষ্টি। প্রকৃত স্রষ্টার হাতে নির্মিত আধুনিক বাঙলা কবিতা আবহমান বাঙলা কবিতারই এক ক্রমবিবর্তনের ফসল। আধুনিকতার আদি ফরাশি প্রবর্তক, ইঙ্গ-মার্কিন, আইরিশ, গ্রিক, জার্মান ও স্পেনিশ আধুনিক কবিদের রচনাকর্মের মতই মূলকে অবলম্বন করেই বাঙলা কবিতারও বিস্তৃতি এবং বিকাশ ঘটেছে–এই সরল সত্যটি অনেকের কাছে স্পষ্ট নয় বলেই প্রায় এক শতাব্দী অতিক্রান্ত হওয়ার পরও আমাদের আধুনিক কবিতা তৃপ্তি মেটায় কেবল মুষ্টিমেয় কবি ও সমালোচকের, আর বাঙালি পাঠকের বৃহত্তর অংশ আধুনিক কবিতাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করতেও দ্বিধাবোধ করেন না।কবিতার প্রকৃত পাঠক সব কালে এবং সব দেশেই কম। এমনটি ভাবার কোনো কারণ নেই–এই বই পাঠ করলে বাঙলাদেশের জনগণ সবাই আধুনিক কবিতা বুঝতে শুরু করবেন এবং রাতারাতি কবিতার পাঠকের সংখ্যা বেড়ে যাবে। এ-কথা জেনেও আমি বইটিতে চেষ্টা করেছি বাঙলা কবিতার আধুনিকায়ন প্রক্রিয়ার এমন একটি সরল চিত্র তুলে ধরতে যা অন্তত কবিতা বিষয়ে আগ্রহীজনদের চৈতন্যে রবীন্দ্রোত্তর কাব্যপ্রয়াসের একটি ধারণা তৈরিতে সহায়ক হয়। কবিতা লিখতে-লিখতেই একসময়ে কবিতাবিষয়ক গদ্য লেখার আগ্রহ জন্মে। অনুভব করি: আধুনিক কবিতার মৌলিক বিষয়গুলো যতটা জটিল নয় এর চেয়ে বেশি জটিল হয়ে আছে আমাদের নানারকম ফাঁপা পাণ্ডিত্যপূর্ণ সাহিত্য সমালোচনার কারণে। নানা উৎকেন্দ্রিক রচনাকর্মের ততোধিক উৎকেন্দ্রিক আলোচনায় আজ এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে, সব জ্ঞান-বিজ্ঞান এমনকি শিল্পকর্মও বিকাশ লাভ করেছে ও করছে মানুষের বোধে না-হোক অন্তত মর্মে প্রবেশের অঙ্গীকার নিয়েই–এ-কথা যেন আর সত্য নয়। যতটা সম্ভব সরল ভাষা প্রয়োগের চেষ্টা করেছি আধুনিক কবিতার জটিল বিষয়গুলোর আলোচনায়। পাঠক লক্ষ করবেন, বাঙলা কবিতার আধুনিকতা বিষয়ে কোনো বিচ্ছিন্ন প্রবন্ধের সংকলন নয় এটি। প্রথম পাঁচটি লেখা ধারাক্রম রক্ষা ক’রে একটি সিদ্ধান্তের দিকে এগিয়ে গেছে, যদিও পরিচ্ছেদগুলোকে ভিন্নভিন্ন শিরোনামে চিহ্নিত করা হয়েছে। ১৯৯৫-১৯৯৬ সালে সংবাদ সাময়িকী-তে এগুলো অনিয়মিত ধারাবাহিক নিবন্ধ হিসেবে প্রকাশের সময়ও বিষয়ের সঙ্গে মানানসই নানা শিরোনাম জুড়ে দিয়েছি। সুন্দরম সাহিত্যপত্রের সম্পাদক মুস্তাফা নুরউল ইসলাম-এর আগ্রহে সংবাদ সাময়িকী থেকে এর দু’টি একত্রে পুনর্মুদ্রিত হয়েছিলো সুন্দরম-এর একটি সংখ্যায়। ‘পরিশিষ্ট’ অংশে যেসব লেখা অন্তর্ভূক্ত হলো সেগুলোও মূল প্রসঙ্গের পরিপূরক–অর্থাৎ এগুলোর বিষয়বস্তুও বাঙলা কবিতার আধুনিকায়ন প্রক্রিয়ারই নানা দিক। পরিশিষ্ট হিসেবে সংযোজিত লেখাগুলো নিয়ে কিছু কথা বলার প্রয়োজন অনুভব করছি। ১৯৮১-১৯৮২ সালে দৈনিক বাংলার সাহিত্য সাময়িকী-তে শিল্পসাহিত্যের নানা বিষয়ে ’মধ্যদিনের জানালা’ নামে একটি নিয়মিত কলাম লেখার সুযোগ পেয়েছিলাম আমি। তখন দৈনিক বাংলার সাহিত্য বিভাগের সম্পাদক ছিলেন কবি আহসান হাবীব। আমি কবিতা রচনায় নিবেদিত ছিলাম এতটা যে, প্রতি সপ্তাহেই বিভিন্ন পত্রিকায় দু’একটি এবং বিশেষ সংখ্যাগুলোয় কবিতা প্রকাশিত না-হলে রাতে প্রায় ঘুম হতো না। এর ফাঁকে-ফাঁকেই−কতক অনুরুদ্ধ হয়ে, কতক নিজের গরজে−বিভিন্ন পত্র-পত্রিকায় বড় আকারের কিছু পুস্তক সমালোচনা লিখে ফেলি; এর সঙ্গে ছোটবড় কিছু প্রবন্ধও। কবি ও সম্পাদক আহসান হাবীব-এর পাতায় কলাম লেখার সুযোগ পেয়ে কবিতাবিষয়ক গদ্য রচনায় আরো উৎসাহিত হই। প্রচলিত রীতিতে কলামের যা চারিত্র্য–প্রচুর ব্যক্তিগত প্রসঙ্গ ও অভিজ্ঞতার বর্ণনা−তার প্রতি বিশ্বস্ত থাকা আমার জন্যে ছিলো মুশকিল। তখন আমার বয়স ও লেখক হিসেবে স্বল্পপরিচিতির কারণেই তা অনেকের কাছে ‘পাকামো’ বলে মনে হতে পারতো। তাই সে-কলামের প্রায় সবগুলো কিস্তিতে যা লেখা হয়েছিলো তা হয়ে উঠেছিলো মূলত আধুনিক কবিতা বিষয়ে কিছু মিনিপ্রবন্ধ−কলামিস্টের ব্যক্তিগত কড়চা নয়। ইচ্ছে ছিলো সেসব কলামরূপী মিনিপ্রবন্ধগুলো নিয়েই ’মধ্যদিনের জানালা’ নামের একটি গ্রন্থ প্রকাশ করবো; কিন্তু পরবর্তী কালে এসব মিনিপ্রবন্ধের অনেকগুলোকে বিস্তৃত করে পূর্ণাঙ্গ প্রবন্ধের রূপ দিয়েছি এবং প্রাসঙ্গিক মনে হওয়ায় অন্য অনেক লেখায় অত্মস্ত করে নিয়েছি। অনেকগুলো রয়ে গেছে এখনও অবশিষ্ট। পরিশিষ্ট ১-এ মুদ্রিত হলো সেগুলোর কয়েকটি। পরিশিষ্ট ২-এর ‘পরাবাস্তবতা: ফরাশি থেকে বাঙলা’ প্রকাশিত হয়েছিলো ভিন্ন শিরোনামে সংবাদ সাময়িকীর পাতায় ১৯৮২ সালে দুই কিস্তিতে।এ-গ্রন্থের স্থানে-স্থানে তিরিশি ও সমকালীন দু’একজন কবির কবিতা কিংবা উক্তি বিশ্লেষিত হয়েছে মূল প্রসঙ্গকে পাঠকের বোধে সঞ্চারিত করার প্রয়োজনে−তিরিশি কিংবা সমকালীন এসব কবির রচনাকর্মের মূল্যায়নের জন্য নয়। বাঙলা কবিতার আধুনিকায়ন প্রক্রিয়ার একটি প্রাথমিক ধারণা তৈরির উদ্দেশ্যে বইটি রচিত। তত্ত্ব-বিশ্লেষণের জন্য কিছু তথ্যের প্রয়োজন−বিশেষ করে এ-গ্রন্থের দ্বিতীয় পরিচ্ছেদে আমি যে প্রায়োগিক সংজ্ঞা (অপারেশনাল ডেফিনিশন))-এর কথা বলেছি তার জন্য কিছু উপাত্ত চাই। তাই, তিরিশি ও সমকালীন কয়েকজন কবির প্রাসঙ্গিক রচনাকর্ম কিংবা উক্তিকে ব্যবহার করা হয়েছে, যেমন পরিশিষ্ট ৩-এ মুদ্রিত ‘কবিতার সত্যমিথ্যা ও শক্তি চট্টোপাধ্যায়’ শক্তির কবিতার মূল্যায়নের জন্য নয়−তাঁর রচনাকর্মের অংশবিশেষ বেছে নেয়া হয়েছে বাঙলা কবিতার আধুনিকতা বিষয়ে অনেক তরুণের বোধে যে উৎকেন্দ্রিকতা কাজ করে তার প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণের প্রয়োজনে। তিরিশোত্তর কালে আবির্ভূত কবিদের রচনাকর্মের একটি ব্যাপক শিল্পতাত্ত্বিক বিশ্লেষণ আমি সম্পন্ন করেছি আমার ‘বরেণ্য কবিদের নির্মাণকলা’ নামের বইটিতে। ‘বাঙলা কবিতার আধুনিকায়ন’ বইটিকে বলা চলে তার ভূমিকা মাত্র। পরিশিষ্টে সংযোজিত দু’একটি লেখায় এ-গ্রন্থের মূল পরিচ্ছেদগুলোতে আলোচিত কিছু প্রসঙ্গের পুনরাবৃত্তি চোখে পড়বে, যেমন কবিতায় ছন্দের গুরুত্ব বিষয়ে সুধীন্দ্রনাথ দত্তের একটি উক্তি ও প্রাসঙ্গিক বিশ্লেষণ মূল পরিচ্ছেদ ৩ এবং পরিশিষ্ট ৩−এই দু’টি লেখাতেই ব্যবহার করা হয়েছে। বক্তব্য প্রকাশের দিক থেকে প্রতিটি লেখাকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার প্রয়োজনে এধরনের দু’একটি পুনরাবৃত্তি আমার ইচ্ছাকৃত। বইটির দ্বিতীয় সংস্করণ বেরিয়েছিলো কোনোরূপ পরিবর্তন ছাড়াই, একই প্রচ্ছদে এবং প্রথম সংস্করণের ভূমিকা নিয়েই। বর্তমান সংস্করণ বেরুলো নতুন প্রচ্ছদসহ; অবশ্য, এই ভূমিকায় মূলত প্রথম সংস্করণের কথাগুলোই প্রতিধ্বনিত হলো একটু ভিন্ন ভাষায়। যদি বলি এই বই বাঙলা ভাষা ও সাহিত্যের ছাত্রছাত্রীদের জন্য, তাহলে বিজ্ঞ অধ্যাপকেরা নানা কথা বলবেন কারণ আধুনিক কবিতা বিষয়ে কোনো একাডেমিক আলোচনা এটি নয়−কোনো কোনো প্রসঙ্গ বরং বদ্ধমূল কিছু একাডেমিক বিশ্বাসের বিরোধী; যদি বলি কবি ও গবেষকদের জন্য, তাহলে বাড়িয়ে বলা হবে, যদিও দেখেছি এ-দেশের এবং পশ্চিমবঙ্গের অনেক কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক ও গবেষক বইটি ব্যবহার করেছেন। অনেক ভেবেচিন্তে বলা যায়: তিরিশি ও তিরিশোত্তর বাঙলা কবিতার আধুনিকায়ন প্রক্রিয়ার সঙ্গে সহজে ও নিবিড়ভাবে পরিচিত হতে চান এমন নবীন কবিতাকর্মী এবং আধুনিক কবিতার অভিনিবেশী পাঠক যারা তিরিশোত্তর কবিতাশিল্পের রসাস্বাদনের প্রয়োজনে এর মূল বৈশিষ্ট্যগুলো জানতে আগ্রহী তাঁদের উদ্দেশে বইটি রচিত। আবিদ আনোয়ার১৯ মার্চ ২০১৮
সংগ্রহে: শাহাদাতুর রহমান সোহেল
4 Comments
Friends
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
সেজান খান
@shezankhan
Nur Mohammad -নূর মোহাম্মাদ
@mohammad12
দেবজীৎ ঘোষ প্রীতম
@debojit
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
Fatema-Kasem
@fatema-kasem
মুনতাছির আহমেদ
@moontasirahmed
তিতা ফুল
@nadia1




১,৫,৬,১৩ এইগুল বেশ ভালো লাগলো। আপনার সংগ্রহ ভালো লাগলো।