Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • প্রতিশ্রুতি এবং আরো একটি লাশ

    আরো একটি লাশ পাওয়া গেলো-
    লাশটি এক বাউন্ডুলে কিশোরের।
    ওরা সেই শুভ্র কিশোরের চোখ দুটি উপড়ে ফেলেছে,
    কারণ সেই দুরন্ত চোখে সে কিশোর স্বপ্ন দেখেছিলো নতুন দিনের।
    আরো একটি লাশ পাওয়া গেলো-
    লাশটি এক তরুণ ছাত্রের।
    ওরা সেই বিপ্লবী তরুণের হাত দুটি কেটে ফেলেছে,
    কারণ সেই প্রতিবাদী হাতে সে তরুণ উড়িয়েছিল বিজয়ের লাল পতাকা।
    আরো একটি লাশ পাওয়া গেলো-
    লাশটি এক দীপ্তিময় যুবতীর।
    ওরা সেই উচ্ছল যুবতীর কণ্ঠনালী ছিঁড়ে ফেলেছে,
    কারণ সেই জাদুভরা কণ্ঠে সে যুবতী গেয়েছিলো ভালোবাসার পুরনো গান।
    আরো একটি লাশ পাওয়া গেলো-
    লাশটি এক মধ্যবয়সী শিক্ষকের।
    ওরা সেই শ্রদ্ধেয় শিক্ষকের হৃদয় চিবিয়ে খেয়েছে,
    কারণ সেই সূর্যের মতো উজ্জ্বল হৃদয়ে সে শিক্ষক ধারণ করেছিলেন স্বাধীনতার সুমহান চেতনা।

    আরো একটি লাশ পাওয়া গেলো-
    লাশটি এক লোহার শ্রমিকের।
    ওরা সেই বলিষ্ঠ শ্রমিকের পা দুটি গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে,
    কারণ সেই লোহার শ্রমিক অনেকটা পথ হেঁটে এসেছিলো বেঁচে থাকার ন্যায্য দাবী নিয়ে।
    আরো একটি লাশ পাওয়া গেলো-
    লাশটি এক অভাগা চাষার।
    ওরা সেই সোনার কৃষাণের বুকের হাড় ভেঙে টুকরো টুকরো করেছে,
    কারণ বুকের সবটুকু মমতা ঢেলে সে চাষা বড়ো করেছিলো সবুজ প্রাণ।
    আরো একটি লাশ পাওয়া গেলো-
    লাশটি এক উপেক্ষিত পতিতার।
    ওরা সে ঘৃণ্য শিল্পীর যোনিদ্বার ছিন্ন বিচ্ছিন্ন করেছে,
    কারণ সামান্য শরীরে সে মেটাতে পারে নি ওদের অনাদি অনন্তময় জান্তব পাশবিক ক্ষুধা।
    আরো একটি লাশ পাওয়া গেলো- লাশটি এক প্রৌঢ় কবির।
    আরো একটি লাশ পাওয়া গেলো- লাশটি এক অস্থিরশিল্পীর।
    আরো একটি লাশ পাওয়া গেলো- লাশটি এক অমল বালিকার।

    আরো একটি লাশ পাওয়া গেলো-

    এভাবেই কুঁড়িয়ে পাওয়া ছিন্নমূল যতসব লাশ দিয়ে-
    হলদে করোটি, ধূসর অস্থিগ্রন্থি আর জীর্ণ হৃদয়ে গড়ে তুলেছি স্মৃতির স্বপ্নে স্বাধীন ঘৃণ্য মিথ্যার সুমহান স্তম্ভ।
    হে অসীম দয়ালু স্রষ্টা আরো কতো লাশ পাওয়া গেলে আপনার প্রতিশ্রুত শান্তি পাওয়া যাবে?

    4
    3 Comments
Skip to toolbar