Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অঝোর শ্রাবণ উদ্যান

    নিঝুম দীর্ঘক্ষণ একা আনমনে জানালার সামনে দাঁড়িয়ে আছে। নিঝুম দীর্ঘক্ষণ একা আনমনে বৃষ্টির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সে প্রায় দু ঘণ্টার মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলে মনে হবে জানালার সামনে পাথরের দেবমূর্তি অপেক্ষায় অবস্থান করছে। নিঝুম দীর্ঘক্ষণ একা আনমনে বৃষ্টির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আকাশে জমে থাকা কালো মেঘদল সে কথাই বলছে। নগরের প্রান্তে পরিত্যাক্ত এই ক্লিনিকে তারই মতো আরো অনেকে বিচিত্র অপেক্ষার ঘোরে অবস্থান করছে। নির্ঝর বাইরের পৃথিবী অবাক দ্যাখে। অচেনা, অজানা এক পৃথিবী। সামনের হলদে দালানে বয়সের ভারে শ্যাওলা গায়ে গায়ে জমে থাকে। নিঝুম দীর্ঘক্ষণ একা আনমনে বৃষ্টির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তাদের এই পরিত্যাক্ত গলিতে কদাচিৎ কেউ আসে। বিচিত্র ফেরিওয়ালার দল বিবিধ সুরে আনমনে ডাক ছাড়ে। নিচের রাস্তায় হেঁটে চলে তালা চাবিওয়ালা রুনঝুন শব্দের ছন্দে। মাঝে মাঝে কেউ সুর তোলে তরকারি…তরকারি। নির্ঝর এসব আধো আলো বোল কান পেতে শোনে। রুন ঝুন শব্দে তার করোটির গোপন গভীরে এক অজানা বৈদ্যুতিক আবেশ খেলা করে আনমনে। তার চোখ ভারী হয়ে আসে। গভীরতার ঘুমে তার আর জেগে থাকতে ইচ্ছে জাগে না। তার ঘুম ঘোরে ডুবে থাকার প্রবল তৃষ্ণা জেগে ওঠে বুকের গভীরে, হৃদয়ের অন্তরালে। নিঝুম দীর্ঘক্ষণ একা আনমনে বৃষ্টির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ওদিকে আকাশের ওপরে আকাশে জমে থাকা কালো ক্রুদ্ধ মেঘদলে বৃষ্টির আভাসে কার চোখে খেয়ালি জল খেলা করে।

    নিঝুম বিকেলের শেষে সাঁঝের আলোয় বের হয়ে আসে, তার পরিচিত গৃহকোণ থেকে। গোধূলি শেষে লালচে আভায় অবাক নিঝুম ধীর পায়ে হেঁটে যায় বড় রাস্তার দিকে। তার সাথে সবুজ আর বকুল বের হয়ে আসে। এই পরিত্যক্ত ক্লিনিক থেকে বেরিয়ে বড় রাস্তায় এলে কতো শত কর্মব্যস্ততার সাথে পরিচয় ঘটে। বড় রাস্তার মোড়ে একটা লোক পাথরের মত মুখ নিয়ে জুতো পালিশ করে। পাশের চায়ের টঙে ভিড় জমে। নিঝুম, সবুজ আর বকুল তাদের পেরিয়ে এগিয়ে যায় আরো কিছুটা সামনে। বহুদিন পর ক্লিনিক থেকে বের হয়ে এলে পর, বকুলের উচ্ছ্বাস একটু বেশি বড় বাড়াবাড়ি মনে হয়। সবুজ শিশ বাজাতে বাজাতে পথ চলে। নিঝুম খেয়াল করে সবুজটা এখনো আগের মতোই উইন্ড অফ চেঞ্জের সুর তোলে। নিঝুম মনে মনে হাসে। সবুজটা কায়দা করে একটা সানগ্লাস পরে সিগ্রেটে আয়েশি টান দ্যায়। নিঝুম খেয়াল করে রাস্তার ল্যাম্পপোস্টগুলো ধীরে ধীরে আলো জ্বালে একের পর এক। কেমন এক অদ্ভুত ছন্দে একের পর এক ল্যাম্পপোস্টে আলো জ্বলে। যদিও আঁধার এখনো ঘনো হয়ে আসে নি। পথচারীরা কি এক অদ্ভুত তাড়ায় বোবায় ধরা মানুষের মতো পথ চলে। সন্ধ্যা ঘনিয়ে এলে পর সব পাখি নীড়ে ফেরে। ব্যতিক্রম তারা তিনজন। তাদের কোন তাড়া নেই। তারা মৃদু মন্দ ছন্দে পথ চলে। বকুলটা রাস্তায় যা দ্যাখে তাই বিস্ময়ে দরদাম করে। যদিও নিঝুম জানে বকুল কিছু কিনবে না। আসলে দীর্ঘ দিন পর বের হতে পেরে বকুলটা এরকম করছে। মাঝে মাঝে সবুজকে ডেকে আছছাসে দোকানির সাথে দরদামের যুদ্ধে লিপ্ত হয়। সামান্য চুলের ক্লিপ নিয়ে সে যে কতোটা ব্যস্ত হয়। নিঝুম চুপচাপ দ্যাখে। মনে মনে হাসে। শেষে বকুলটা খোঁড়া যুক্তিতে বাহাস করে কিছু না কিনে হাঁটা দ্যায়। সবুজটা আবার গুণগুণ করে শিশ বাজায়। রাতের আঁধার ঘনিয়ে এলে, ল্যাম্পপোস্টের শাদা আলোয় তারা তিনজন প্রশস্ত ফুটপাতে হেঁটে যায় আরো একটু সামনের দিকে, গন্তব্যহীন যাত্রায়।

    অনেকটা পথ পাড়ি দিয়ে তারা তিন জন চলে আসে নগরের উপকণ্ঠে পরে থাকা পার্কে। জিন্দা পার্ক। জায়গাটা তাদের বড় পছন্দ। সন্ধ্যার পর থেকে লোকের ভিড় কমে আসে। মাঝে মাঝে তারা এখানে চলে আসে। ইট, কাঠ, পাথরের শহর থেকে দূরে সবুজের আচ্ছাদন। মাঝে মাঝে কিছু অদ্ভুত কাঠামো। এই পার্ক ঘিরে নানাবিধ প্রচলিত কথা আছে। সন্ধ্যার পর নাকি এ উদ্যান জীবন্ত হয়ে ওঠে। তারা আগেও এসেছে। সেরকম কিছু মনে হয় নি। বহুদিন পর আসার পর বকুলের উচ্ছ্বাস বাঁধ ভাঙে। তারা তিনজন শিশু কিশোরের মতো ছুটোছুটি করে। একেক জন একেক দিকে ছড়িয়ে ছিটিয়ে পরে। এদিকে আকাশে রূপোলী চাঁদ ভেসে ওঠে ধীরে ধীরে। পূর্ণিমার আভাসে এ সবুজ উদ্যান মোহনীয় আবেশে জেগে ওঠে তার সকল সম্ভাবনা নিয়ে।

    এই জীবন্ত উদ্যানে অনেকটা দূর চলে এলে পর বকুল একটি অদ্ভুত টাওয়ারের সন্ধান পায়। নিচের অংশটুকু ফাঁকা। একটি সিঁড়ি বেয়ে সে উপরে উঠে যায়। অষ্টভুজাকৃতি বারান্দা ঘিরে রাখে একটি অদ্ভুত ঘরকে। বকুল ঘুরে ঘুরে বারান্দাটুকু চষে এলে পর একটি পুরনো দরজার সামনে এসে দাঁড়ায়। অন্য দিন তালা ঝুললেও আজ কেন জানি, কোন তালা নেই। বকুল আনমনে দরোজার নব ঘোরায়। দরোজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই কি এক অদ্ভুত পরিবর্তন। বদ্ধ দেয়ালগুলো বিশাল জানালায় পরিবর্তিত হয়। একটা ফায়ার প্লেস জেগে ওঠে। বকুল খেয়াল করে জানালা দিয়ে তুষারপাত দেখা যাচ্ছে। কেমন এক হীম হীম ভাব। ঘরের কোণে জেগে ওঠে বইয়ের আলমারি, পুরনো কাঠের চেয়ার। বকুল ধীর পায়ে ফায়ার প্লেসের দিকে এগিয়ে যায়। তার একবার মনে হয় না ঘটনার অস্বাভাবিকতা। ঠিক তখনি কেউ ঘরের কোণ থেকে ডেকে ওঠে, মা, তুমি আমাকে ফেলে এতোক্ষণ কোথায় ছিলে? তোমার কিন্তু আমাকে গল্প শোনাবার কথা। বকুল ঘুরে দেখে, একটা ছোট ছেলে। তার ছেলে, অর্ণব। বকুলের কেমন অদ্ভুত লাগে। সে হালকা চুলে হাত বোলায়। অর্ণব বকুলের হাত ধরে বইয়ের তাকের দিকে নিয়ে যায়। বকুল বই গুলো ঘাটতে থাকে। খেয়াল করে অনেকদিনের ঝুল জমে আছে লেটার টু আ চাইল্ড নেভার বর্ণ, বইটির গায়ে। বকুল বইটা নেড়েচেড়ে দ্যাখে। অর্ণব বলে, মা গল্প বলো। বকুল কয়েকটি বই হাতে নিয়ে ফায়ার প্লেসের দিকে এগিয়ে যায়। চেয়ারে বসে গল্প বলতে শুরু করে। অর্ণব মায়ের হাত ধরে আনমনে মাথা দুলিয়ে দুলিয়ে গল্প শুনতে থাকে। বাইরে তখন প্রবল তুষারপাত।

    নিঝুম দীর্ঘ ক্ষণ হাঁটতে হাঁটতে উদ্যানের শেষ প্রান্তে চলে আসে। সে অবাক হয়ে দ্যাখে, একটি নদী কিভাবে একা বয়ে যায়। একটা ছোট্ট বাঁশের সাঁকো পার হয়ে এলে নিঝুম চেয়ে দ্যাখে আকাশে মেঘ জমেছে। সে নদী তীর ধরে হাঁটতে থাকে। দূরবর্তী গ্রামের ছোট ছোট কুটির। নিঝুম বুঝতে পারে সে অচিনপুরে চলে এসেছে। দূরবর্তী শতবর্ষী বৃক্ষের নিচে খেয়ালি রাখাল অপূর্ব বাঁশি বাজায়। নিঝুম নিচু হয়ে ঝুঁকে দ্যাখে, আগাছার ভিড়ে বেগুনি ফুল ফুটে আছে। নিঝুম নিচু হয়ে একটি ফুল কুঁড়িয়ে ন্যায়। সে হঠাৎ দেখতে পায়, দূরে কোথাও ডোরা কাটা সবুজ শারি পরে এক ভদ্র মহিলা দাঁড়িয়ে আছেন। মুখটা কতো পরিচিত। কতো দিন দেখা হয় না মায়ের সাথে। নিঝুম বৃষ্টি ভেঙে ভেঙে মায়ের দিকে এগিয়ে যায়।

    সান গ্লাসটা খুলে সবুজ উদ্যানের গভীরে প্রবেশ করে। কিছু দূর এগিয়ে এলে সবুজ দেখতে পায়, অনেকগুলো অদ্ভুত লোক একসাথে বসে গান করছে। সবুজ তাদের দিকে এগিয়ে যায়। শতবর্ষী বৃক্ষের নিচে এক বাউল গান ধরে, বাড়ির পাশে আরশি নগর… সবুজ ঝুপ করে বসে পরে। গানে গলা মেলায়। পিদিমের আলোয় আর আকাশের পূর্ণিমায় সে কি ভীষণ আন্দোলন। সবুজ এভাবে কতো ক্ষণ গানের আসরে গলা মেলায়, ঠিক বুঝে ওঠে না। তার মনে হয়, বাহ, জায়গাটাতো ভীষণ সুন্দর। এরই মধ্যে সবুজ দেখতে পায় একটা মেয়ে এসে বসে। দেখতে ঠিক যেন অনিমার মতো। কিন্তু কিভাবে? সবুজ একটু অস্থিরতা বোধ করে। এদিকে পূর্ণিমার অপূর্ব আলোয় এ জীবন্ত উদ্যান কেমন অবাক ভেসে যায়।

    সন্ধ্যায় প্রবল বৃষ্টির শব্দে নিঝুমের ঘুম ভাঙে। ঘুম ভেঙে জেগে তার কেমন অদ্ভুত লাগে। সে খেয়াল করে তার হাতে একটা শুকনো বেগুনী ফুল। সে দ্রুত রুম ছেড়ে বের হয়ে এলে দ্যাখে সবুজ আর বকুলকে। সবুজের হাতে একটা ডুগডুগি আর বকুল একটা পুরনো মলাটের বই বুকে চেপে ধরে দাঁড়িয়ে আছে। তারা গভীর বিস্ময়ে একে অপরকে দ্যাখে। এক অদ্ভুত বিষাদ এই তিন যুবক যুবতিকে চেপে ধরে। বাইরে তখন অঝোর শ্রাবণ।

    4
    6 Comments
Skip to toolbar