Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • নবান্ন উৎসব

    এক দূরবর্তী গ্রামের সন্ধানে আমি এখনো রাত জেগে রই। প্রতিটি গভীর একাকী রাতে সহস্র বছরের সেই পুরনো সভ্যতা আমার উঠানে করা নাড়ে। আমি ঘরের খিরকি দরজার শেকল খুলে বেরিয়ে আসি। মুহূর্তেই আমার বাড়ির উঠান বিলীন হয়। সামনে অবারিত প্রান্তর। আমি পর্বত টিলায় দাঁড়িয়ে সহস্রাব্দের আকাশ দেখি। হাজার বছরের পুরনো সেই রাত। জোনাকির মতো জ্বলে যায় মৃত নীহারিকার শ্মশান। বাতাসে শীতের হিমেল বাতাস। আমি আমার শতছিন্ন শালের চাদর টেনে নিয়ে নিজেকে জড়িয়ে রাখি। দূরবর্তী গ্রামে হেমন্তের নবান্ন উৎসব। শিকারি যুবারা ফিরে এসেছে শিকার শেষে। গৃহস্থ কৃষক জমিয়ে রেখেছে ফসলের সম্ভার উঠোনে উঠোনে। গৃহস্থ রমনীরা সযত্নে বেছে নিয়েছে সোনালি ফসল। তরুণীদের দল ফল সংগ্রহ শেষে চুলের খোঁপায় লাল নাগকেশর ফুল গুজে রাতের উৎসবের জন্য প্রস্তুত হয়েছে। সুদর্শন বালক বালিকারা তাদের মায়ের কোল থেকে নিয়ে এসেছে প্রাচীন গানের সেই পঙক্তিমালা আজ ভালবাসার উৎসবে। যবের রুটি, মাংস, ঘৃত, দুগ্ধজাত পানীয় আর পণ্যের সুবাস মিশে যায় ফসলের সোনালি ঘ্রাণে। তরুনীরা দল বেঁধে এক পাশে দাঁড়ায়। শিকারি যুবারা বিপরীত পাশে। গ্রামের বৃদ্ধারা প্রাচীন সুরে ডেকে উঠে। বৃদ্ধরা তাদের তামুকের হুক্কা নিয়ে নড়ে চড়ে বসে। মহিলাদের ডাক শেষ হতেই, যুবারা এক পা এগিয়ে এসে প্রাচীন স্বগোক্তি জানায়। তরুণীদের সুঠাম দেহে হাসির ঝলক ছড়িয়ে পরে। তারা একসাথে গান শুরু করে। ভালবাসার, ভালো লাগার সেই প্রাচীন সুর। বালক বালিকারা পেহন থেকে তাল দেয়। তরুণের দল এক পা সামনে এক পা পেছনে যেয়ে আবার দুই পা এগিয়ে আসে। তরুণীদের দেহের কোলাহল পত্র পল্লবে ছড়িয়ে পরে। শুরু হয় নবান্নের উৎসব। গানে, প্রেমে, সমন্বিত নৃত্যে কেটে যায় হাজার বছরের পুরনো সেই রাত।
    এক আকাশ ভরা তারাদের নিচে সহস্রাব্দের নবান্ন উৎসব।

    3
    2 Comments
Skip to toolbar