Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কেশবৃত্তান্ত
    জাকের আদিত্য

    আঙ্কেল, জানেন গতকাল রাতে আমার কাছে একটা পরী এসেছিলো।
    তাই?
    জি আঙ্কেল! খুব সুন্দর দেখতে। বললো কয় দিন পরে আমাকে নিয়ে যাবে।
    মোক্তার সাহেব বিরক্ত মুখে পুতুলের দিকে তাকালেন। শুঁটকি মতো এক সাদাটে একটা মেয়ে। বয়স নয় বছর হবে। মাথায় একটা চুল ও নেই।
    মোক্তার সাহেব নিজের মাথায় হাত বোলালেন। তার চুল পরে যাচ্ছে। তিনি হতাশ বোধ করলেন।
    আঙ্কেল আপনার চুল পড়ে যাচ্ছে।
    তোমার ও তো চুল নেই।
    আমার তো অসুখ। তবে আবার চুল হবে। পরীরা আমাকে বলেছে।
    তুমি হচ্ছো আস্ত ফাজিল। তোমার মা কোথায়? এই বয়সে মিথ্যে বলা শুরু করেছো। তোমার কোন ভবিষ্যৎ নেই। লেখা পড়া করবে আর সত্য কথা বলবে। তোমার মাকে জানাতে হবে। প্রতিদিন বিকেলে তুমি আমার বাসায় লুকিয়ে লুকিয়ে আসছো। উনি শুনলে খুব রাগ করবে।
    মা তো অফিসে। বাবাও অফিসে। আমার একা থাকতে ভালো লাগে না।
    কি ভালো লাগে?
    পরীদের সাথে খেলতে ভালো লাগে। ওরা আমাকে নিয়ে যাবে খুব তাড়াতাড়ি। তারপর শুধু ওদের সাথে খেলবো। আপনাকে বিরক্ত করবো না।
    তুমি মহা ফাজিল। তোমার মা তোমাকে বকে না?
    নাহ। বাবাও বকে না। আমাকে খুব আদর করে। এবার ঈদে এই পুতুলটা দিয়েছে। দেখবেন। ওর চুল গুলো সুন্দর না?
    মোক্তার সাহেব হতাশ হয়ে নিজের মাথায় হাত বোলালেন। মাথায় আস্ত একটা টাক পড়েছে।
    পুতুল তুমি এখন যাও। আমাকে বিরক্ত করবে না।
    আচ্ছা যাচ্ছি।
    মোক্তার সাহেব দীর্ঘশ্বাস ফেলে দরোজা লাগিয়ে সিঁড়ি বেয়ে নেমে গেলেন।

    মোক্তার সাহেব ডাক্তারের চেম্বারে বসে আছেন। হেয়ার ট্রিটমেন্ট ক্লিনিক। যতো সব বদমাশ। ছয় মাস ধরে চিকিৎসা করছে । একটা চুলও গজায় নি, বরং চুল পড়া বেড়েছে। ডাক্তার জলের মতো টাকা নিচ্ছে। কোন লাভ হচ্ছে না। মোক্তার সাহেব চুপচাপ বসে আছেন। তার বয়স ছেচল্লিশ। মাথায় বিশাল টাক। অথচ এক সময় তার কত চুল ছিল।
    তিনি নিঃসঙ্গ মানুষ। একা থাকেন। পরিবারের বড় ছেলে। বাবার মৃত্যুর পর ভাই বোনদের দায়িত্ব নিতে হয়েছে। তারা এখন প্রতিষ্ঠিত, বিবাহিত। তাদের দেখতে গিয়ে তিনি একা হয়ে গেছেন। ভেবেছিলেন বিয়ে করবেন কিন্তু মাথায় এত বড় টাক! তাকে দেখতে খুব কুৎসিত লাগে। বিয়ে হবে কিভাবে? কোন মেয়েই পছন্দ করছে না। বাকি জীবন একা কাটিয়ে দিতে হবে।
    মোক্তার সাহেব খবরের কাগজটা নিজের কাছে টেনে নিলেন। বজ্জাত ডাক্তার এখনো ডাকছে না। লোক ঠকিয়ে বিশাল ধান্দাবাজি করছে।

    রাত নয়টার দিকে তিনি বাসায় ফিরলেন। পাশের ফ্ল্যাটে প্রচণ্ড কান্নার শব্দ। পুতুলদের বাসায়। কি হল কে জানে? তিনি একা মানুষ। পুতুলের মা চিৎকার করে কাঁদছে। প্রতিবেশী হিসেবে একটা দায়িত্ব আছে। মোক্তার সাহেব ৫ বি ফ্ল্যাটের বেল বাজালেন। বুয়া দরজা খুললো।
    কি হয়েছে?
    আপু মণির শরীর খারাপ।
    এইটুকু বাচ্চার আবার কি হবে? জ্বর, জ্বালা, নিশ্চয়। ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবে।
    আরে না খালু, আপু মণির ক্যানসার। দেখেন না মাথার চুল পরে গ্যাছে।
    মোক্তার সাহেব নিশ্চুপ দাঁড়িয়ে থাকলেন।

    গভীর রাত। মগবাজার রেল ক্রসিং দিয়ে মাঝ বয়সী একটা লোক হাঁটছে। তার মাথা ন্যাড়া । দুটো টোকাই ছেলে তাকে জিজ্ঞেস করছে, স্যার আপনার চুল নাই?

    3
    1 Comment
Skip to toolbar