Profile Photo

জিসান মাহমুদুল হাসানOffline

  • mxesun
  • একটা ঝড় জমাট বাঁধছে।
    আকাশ এখনও নীল, চুপচাপ।
    সবচেয়ে ভয়ংকর বজ্রপাতগুলো
    আগে শব্দ করে না, শুধু ঝলসে ওঠে।

    ​তেমন ঝলসে যাওয়া দু’চোখ দেখছে আমাকে—
    কোন অভিমান নেই,
    কোন অভিযোগ নেই।
    আছে একধরনের ক্লান্ত নীরবতা—
    যেন বহু যুদ্ধ হেরে যাওয়া কোনো নগরী
    শেষবারের মতো নিজের পতাকা গুটিয়ে নিচ্ছে।

    ​আমি হাত বাড়িয়ে তার শান্ত আঙুল ছুঁতে চাই,
    কিন্তু মাঝখানে জমে আছে এক অদৃশ্য প্রাচীর;
    যেখানে আমাদের হাজার বছরের চেনা কথারা
    বরফের মতো শীতল, ইতিহাসের মতো নিরব।
    বিচ্ছেদের মন্ত্র পড়া হচ্ছে না,
    তবু শোক ঢাকে তালে পা ফেলে আসছে,
    তবু বাতাস ভারী হচ্ছে অমোঘ বিদায়-বাণীতে।

    ​এখন কেবলই ভাঙনের শব্দহীন অপেক্ষা।
    জানি—
    এই থমথমে মেঘে গুমোট হবে আবহাওয়া,
    এই থমথমে মেঘে আর কোন বৃষ্টি নামবে না,
    যা আসবে, তা ধ্বসে দেবে লুপ্ত নগরীর মতো।
    আমি কোন শব্দ শুনতে পাচ্ছি না, আশ্চর্য!
    ধ্বংস হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তেও
    এই পৃথিবীটা কী ভীষণ নিস্পৃহ, কত শান্ত!

    মার্চ ২৩, ২০২৬
    “শব্দহীন অপেক্ষা”
    জিসান মাহমুদুল হাসান
    #রাফ_টাস্ক #mxesun

    4
    3 Comments
Skip to toolbar