-
আত্মনিমগ্ন হও
আত্মনিমগ্ন হও।
আজ অন্ততঃ চেয়ে দেখো নিজের মুখ—
মুখোমুখি দাঁড়াও প্রবাহিত সময়ের, সর্বোপরি নিজের।
তুমিও তো জানো,
বেগুনি শাড়িতে তোমাকে অবিশ্বাস্য সুন্দর লাগে—
অনিন্দ্য, নিশ্চুপ সুন্দর!
আমি বলার আগে তুমি কি তা জানতে?
কেউ কি বলেছিল এর আগে কিংবা পরে?
খুঁজেছ কি নিজেকে—
পৃথিবীর এই বিরক্তিকর জৈষ্ঠ্যের বিদ্যুৎহীন, গুমোট মাঝরাতে?
বলি কি, খুঁজে দেখো;
অন্তস্থলে এখনও পাবে স্মৃতির তাবিজ,
পাবে ভেলপুরির সেই চেনা ঝাল।
জানি, চৈত্র-দুপুরের রোদ অনুবাদের শেষে
তোমার ভেতরে-বাইরে কুঁড়ি জেগেছে,
তবুও তুমি কখনও একা হয়ো না, ঝরে যাবে—
অসহায়ের মতো পড়ে থাকবে পৃথিবীর অন্তিম নীরবতার দাঁড়িতে।
বিনীত অনুরোধে বলছি—আত্মনিমগ্ন হও, চেয়ে দেখো নিজের মুখ,
মুখোমুখি দাঁড়াও প্রবহমান সময়ের।
পারলে এবার আত্মানুসন্ধানী হও;
পড়ে দেখো ডাহুকের একাকীত্ব আর ফ্রেমবন্দী সেই হাসিমুখ।
গলা জড়িয়ে ধরে শুয়ে থাকো স্মৃতির, সুরের আতর-মাখা সূর্যের প্রখরতায়;
এক অপার্থিব শান্তি পাবে।
বলছি, পাহাড়ি বাতাসে হৃদয় মাখিয়ে নাও,
চেটেপুটে দেখো—তোমার চিকচিক দাঁতে
মাংসের আঁশের মতো আজ-ও কোন স্মৃতি লেগে আছে কি না!
এতদিন পরেও ভাবি, ভালোবাসাহীন তোমার চোখের তৃষ্ণা—
আদৌ কি জুড়াবে এ জন্মে?
আমি জানি না, ঠাওর করতে পারি না…
তবুও বলব, তুমি কখনও একা হয়ো না—
উদ্বায়ী তারপিনের মতো উড়ে যাবে শূন্যে।
আমি চাই তুমি ভালো থাকো, খুব ভালো।
যেখানেই থাকো না কেন তুমি—
ভালো থাকো, খুব ভালো…
এবার অন্তত নিজের জন্য একটা আলো জ্বালো।
তবুও তুমি একা হয়ো না;
হয়তো যেতে পারো মিথের দীঘিতে—
সাঁতার না-জানা শিশুর মতো তলিয়ে যেতে যেতে।
জানি, তোমার বুকের ভেতর জোড়া পাহাড়ের তেজ;
আসন্ন বৈসাবির প্রারম্ভে, জুমের ক্ষেতে জ্যোৎস্নায়—
অগণিত বেজি যেমন দৌড়ে বেড়ায় দাপটের সাথে,
তবুও তুমি একাকীত্বকে প্রশ্রয় দিও না।
বলব—তুমি কখনও একা হয়ো না;
পাহাড়ি সূর্যের মতো গোধূলিতে টুপটাপ ডুবে যাবে।
আজ যে হাত ভুল করে ছুঁয়ে দিচ্ছে তোমার বুক,
সে হাত ফড়িং হোক, হোক চঞ্চল ঝিরিপথ…
তবুও তুমি একা হয়ো না, শামুকের মতো গুটিয়ে তলিয়ে যাবে,
শেষে মেনে নিতে পারবে না নিজেকে।
চট্টলার সেই সিআরবি মাঠে
যে ঠোঁটে চুমু খেয়েছিল তোমার অবাধ্য একগুঁয়ে সময়—
সে ঠোঁট আজ-ও গোলাপি রঙিন থাকুক, আমিও চাই।
চাই তুমিও বুকে জড়িয়ে রাখো স্মৃতির বাক্স।
তবুও বলি—তুমি একা হয়ো না, বেঁচে থাকো…
শুধু অপেক্ষা করো,
হেমন্তের স্বপ্নদ্রষ্টা এক প্রেমিকের মৃত্যুসংবাদ অবধি।
(জুন ০৫, ২০২৩ / ইসলামনগর3 Comments
Friends
কবিতা সম্ভার
@jannatul-ferddus
Md Ahsan Ullah Ripon
@ripon185
Dreamgirl mukta
@mukta13
অমিত
@amitroy
Kanej-Roksana
@kanej-roksana
Hasin Israk Toaha
@hasinisraktoaha
Syed Farah
@syedfarah
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
রেহমান স্বাধীন
@rehmansadhin


নিজের মুখোমুখি দাঁড়িয়েও একা না হওয়ার নিঃশব্দ আকুতি ….🖤