-
জীবন ছুমন্তরে চলা সস্তা সুখের গুদাম নয়
আমি চাই তোমার জীবনে আবারও হেমন্ত আসুক,
গভীর বিষণ্ণ কোরাসে মিলিয়ে যাক সমস্ত চুপকথা।
যদিও তোমার বিষণ্ণতার দীর্ঘশ্বাস দরকার—
দরকার হেমন্তের স্বপ্নদ্রষ্টা ঘাসের বুকে
জ্বলতে থাকা শিশিরের মতো ব্যথা;
তবেই তুমি বুঝতে পারবে,
আমি কেন আজও তোমাকে আলিঙ্গনে খুঁজে ফিরি—
খুঁজে ফিরি উধাও হয়ে যাওয়া হেমন্তের
খৈয়া রঙের এক ঘুঘুর চোখের স্বচ্ছ জলে।
একজন বন্ধু হিসেবে বলছি,
এভাবে নিরুত্তাপ থেকো না।
তুমি বেরিয়ে পড়ো পৃথিবীর ভোরে;
আরও একবার ভেজা বেগুনি কবুতর দেখে
চিৎকার করে বলে ওঠো—
সত্য ও সুন্দর মাখানো বিষণ্ণতার ট্রিলজির শেষ কয়েকটা লাইন,
অন্তিম নীরবতার দাড়ি!
তাকে আলিঙ্গন করো;
তৃষ্ণাদগ্ধ শিশুর মতো জীবনের মুখে জোড়া স্তন গুঁজে দাও।
আমি জানি, তুমি বহুদিন কারও জন্য কাঁদনি।
বহু আগে তোমার বুকে জন্মানো সেই শুভ্র বকফুল গাছটাও—
আমি জানি, স্বেচ্ছায় আত্মহত্যা করেছে।
আমি তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি—
তুমি আজ অন্তত নিজের জন্য একটু কাঁদো!
দরকার হলে হেমন্তের কাছ থেকে ধার করে নাও
তোমার জন্য গভীর বোধের কয়েক ফোঁটা স্বপ্নের জল।
তুমি ঘরে থেকো না, বেরিয়ে পড়ো;
তোমার ফিনফিনে দেহে আড়িয়াল বিলের বাতাস লাগাও।
নিজেকে ভালোবাসতে শেখো,
নিজের হাহাকার জমাও—
যেভাবে পাহাড়ি গৃহবধূ পানের পাত্রে বৃষ্টির জল জমায়।
আমার কথা বিশ্বাস করো,
মায়ের রোজকার মুঠোর চালের মতো নিজেকে জমাও।
আমি চাই, তোমার একাকীত্বের ডাহুক আয়ুষ্মতী হোক;
চাই তুমি নিজেকে বুঝতে শেখো, উড়তে শেখো দীর্ঘ পথ।
তোমার ডানার শক্তি আবিষ্কার করে চমকে ওঠো!
আমি চাই, তুমি নিজের ভিতরের বহুমাত্রিক সত্তাকে
উদ্ধারে আরও গভীর মনোযোগী হও—
আরও গভীর, নির্বাণপ্রত্যাশী বৌদ্ধ ভান্তের মতো।
তুমি দুঃখকে ভয় পাও। তুমি কখনো প্রেমিক ছিলে না;
রেডিমেড অন্তর্বাস পরতে পরতে
শরীরের মাপ মুখস্থ করে চলছ।
তুমি নিজের মাপ বুঝতে চেষ্টা করো,
নিজের চিন্তার গভীরতা বুঝতে শেখো।
নতুবা তুমি ছুমন্তরে জীবন বাঁধতে চাইবে।
জীবন ছুমন্তরে চলা সস্তা সুখের গুদাম নয়,
জীবন তার চেয়েও অধিক কিছু।
তুমি নিগূঢ় রহস্য বয়ে চলেছ তোমার চিন্তার ভেতর;
তুমি চাইলে ভোরে নিদ্রোত্থিত দেবদারু গাছ হতে পারতে,
সূর্যের প্রথম চুম্বনে আরও অধিক চিন্তাশীল
স্থির যিশুর পদানুবর্তিনী হতে পারতে।
তাহলে আর কখনোই পথভ্রান্তের মতো
হুক তোলা রিকশায় বিরক্ত হতে না।
তুমি মানুষকে ভালোবাসার অপার যে শক্তি
ফুরিয়ে গেছে ভাবছ—
তুমি আরও অধিক ভালোবেসে তাকে ভুল প্রমাণিত করো,
আমার চিন্তাকে মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত করো।
তবুও ভালোবাসো নিজেকে,
আর আমাকে মিথ্যাবাদী প্রমাণিত করো।
আমিও অপেক্ষায় রইলাম।
5 Comments
Friends
কবিতা সম্ভার
@jannatul-ferddus
Md Ahsan Ullah Ripon
@ripon185
Dreamgirl mukta
@mukta13
অমিত
@amitroy
Kanej-Roksana
@kanej-roksana
Hasin Israk Toaha
@hasinisraktoaha
Syed Farah
@syedfarah
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
রেহমান স্বাধীন
@rehmansadhin

জীবনের গভীরতা ছুঁতে হলে নিজের গভীরতায় নামতেই হয়