-
নীল অপরাজিতা, নীলমণি লতা ।
বৈজ্ঞানিক নাম : Clitoria ternatea
ইংরেজী নাম : Asian pigeonwings, Butterfly pea, Bluebell, Blue pea vine, Mussel-shell climber.
নীল অপরাজিতা সাধারণত গাঢ় নীল রঙের হয় । ফুলের ভেতরের দিকটা সাদা কখনওবা একটু হলদে আভা যুক্ত হয় । লাল, হলুদ, নীল, সাদা, হালকা বেগুনী রংয়ের অপরাজিতা ফুল দেখা যায় । তবে, কিছু প্রজাতি দেখতে অনেকটা প্রজাপতির মতোই । সাদা অপরাজিতা ফুল মহেশ্বেতা নামেও পরিচিত ।
এটি লতা জাতীয় গাছ, অনেক লম্বা হয় । আশেপাশের উঁচু গাছ বেয়ে তরতর করে বেড়ে উঠে এবং বিচ্ছিন্ন বা নিঃসঙ্গভাবে সবুজ পাতার ফাঁকে ফাঁকে এ নীল ফুল ফুটে তার সৌন্দর্যকে বিলিয়ে দেয় । এরা বর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ এবং গোলাকার বা ডিম্বাকৃতি সবুজ পাতা বিশিষ্ট । সারা বছরই ফুল ফুটে এবং ফুলে কোন গন্ধ নেই । অপরাজিতার ফল দেখতে শিমের মতোই । সাধারণত নীল অপরাজিতা ফুলের বীজ নিজ থেকেই চারা হয়ে বের হয় । মাটি পেলে, খুব সহজেই বীজ থেকে নতুন চারা জন্ম নেয় । ঝোপঝাড়ে, বনে, আশেপাশের উঁচু গাছে, বাড়ির আঙিনা, টবে বা বাগানে জন্মে চিরসবুজ এ শোভাবর্ধক ফুল গাছ । শীত, গ্রীষ্ম বা বর্ষা যে কোন ঋতুতে এরা এদের মতো করে ফুল ফুটে । কখনও কম, কখনও বেশী । পানি এর প্রধান শত্রু, গাছের গোড়ায় পানি জমলে নিশ্চিত মৃত্যু । ধারণা করা হয়, মালাক্কা দ্বীপপুঞ্জের Ternate Island এ এর উৎপত্তি, ফলে এ লতা জাতীয় উদ্ভিদ প্রজাতিটির নাম রাখা হয়েছে Ternatea এবং এর বীজের মাধ্যমে বিভিন্ন স্থানে বংশবিস্তার লাভ করে । অপরাজিতা Clitoria গনভুক্ত (Genus) উদ্ভিদ, অপরাজিতা ফুলের আকার ও আকৃতি মানুষের স্ত্রী যৌনাঙ্গের (Female genitals) মত দেখতে, তাই Clitoris শব্দ থেকে এর Genus (মহাজাতি) এর ল্যাটিন ভাষায় নামকরণ করা হয় Clitoria (যোনীপুষ্প) । সুইডিশ উদ্ভিদ বিজ্ঞানী Carl Linnaeus মানুষের স্ত্রী যৌনাঙ্গের আকৃতি এবং উদ্ভিদে প্রাপ্ত রাসায়নিক উপাদানের উপর নির্ভর করে এর Genus এবং Species এর নামকরণ করেন যথাক্রমে Clitoria এবং ternatea ।
নীল অপরাজিতায় নীলের রাজত্ব, অসাধারণ সুন্দর এ ফুল । এর রূপমাধুর্যে, মাহাত্ম্যে, ঐশ্বর্যে এবং আভিজাত্যে সত্যিকারভাবেই এ ফুল অপরাজিতা, অপরাজেয়, অজেয় বা অদ্বিতীয়া । বৃষ্টিস্নাত নীল অপরাজিতা সবার দৃষ্টি কেড়ে নেয়, মনকে উদ্বেলিত করে । এটি পবিত্র ও পূজনীয় । এ ফুল সবাই ভালবাসে । অপরাজিতা কেবল শুধু চমৎকার রূপ- সৌন্দর্যেই নয়, এর বৈশিষ্ট্যও অনেক । অপরাজিতা’র রয়েছে বিশেষ ঔষধি গুণাগুণ । ফুল, পাপড়ি, গাছের লতা, মূল বা শিকড় বিভিন্ন রোগের মহৌষধ । ত্বকের রূপচর্চা, চুল পড়া রোধ, হজমশক্তি বৃদ্ধি, জোলাপ বা রেচক (কোষ্ঠকাঠিন্য), মূত্রবর্ধক, বয়ঃসন্ধিকালীন অস্থিরতায় উৎকণ্ঠা ও অবসাদ হ্রাস, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি, শোথ বা ফুলা, দৃষ্টিশক্তির দুর্বলতা, প্রসবকালীন ব্যাথানাশক, শুষ্ক কাশি, মূর্ছিত হত্তয়া বা জ্ঞান হারানো (Swoon), পাকস্থলীর কার্যকারিতা, চর্মরোগ, গলার ক্ষত (গলগন্ড), আব (Tumor), কান ব্যাথা, সাপ ও পোকামাকড়ের কামড়ে বিশেষভাবে কার্যকরী । নীল অপরাজিতার পাপড়ী দিয়ে তৈরি চা এর স্বাদ অতুলনীয় । এর ক্ষতিকর দিক কম এবং আশঙ্কামুক্ত ।
জানিনা, কেন কবি যতীন্দ্রমোহন বাগচী অপরাজিতাকে নিয়ে এ কথা বলেছেন —
পরাজিতা তুই সকল ফুলের কাছে,
তবু কেন তোর অপরাজিতা নাম?
গন্ধ কি তোর বিন্দুমাত্র আছে?
বর্ণ-সেও ত নয় নয়নাভিরাম ।
ক্ষুদ্র সেফালি, তারও মধুর-সৌরভ ;
ক্ষুদ্র অতসী, তারো কাঞ্চন-ভাতি ;
গরবিণি, তোর কিসে তবে গৌরব!
রূপগুণহীন বিড়ম্বনার খ্যাতি!
কালো আঁখিপুটে শিশির-অশ্রু ঝরে—
ফুল কহে—মোর কিছু নাই কিছু নাই,
তোমরা যে নামে ডাকিয়াছ দয়া করে,
আমি শুধু ভাই, তাই—আমি শুধু তাই ।
ফুলসজ্জায় লজ্জায় যাই নাক,
পুষ্পমালায় নাহিক আমার স্থান,
প্রিয় উপহারে ভুলেও কি মোরে ডাক?
বিবাহ-বাসরে থাকি আমি ম্রিয়মাণ ।
মোর ঠাঁই শুধু দেবের চরণতলে,
পূজা-শুধু-পূজা জীবনের মোর ব্রত ;
তিনিও কি মোরে ফিরাবেন আঁখিজলে—
অন্তরযামী,—তিনিও তোমারি মত?9 Comments
Friends
Syed Farah
@syedfarah
Kazi Adam
@kaziadam
মো: নাজমুল আখতার
@faith
অমিত
@amitroy
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam


Congratulations💖💖💖