-
দূরত্ব
এক ভোরের স্বপ্নে ছেলেটি স্বপ্ন দেখলো, অনিন্দ্যসুন্দর মেয়েটি নদীর ঘাটে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে। এক রাতের স্বপ্নে মেয়েটি স্বপ্ন দেখলো, তার প্রচণ্ড একাকীত্ব দূর করতে সাহসী ছেলেটি হাত বাড়িয়ে দিয়েছে।
ঘুম ভেঙে প্রখর সূর্যালোকে ছেলেটি অনুভব করলো তার একাকীত্ব।
স্বপ্নভঙ্গে চোখের জলে মেয়েটি অনুভব করলো তার অপূর্ণতা।
ছেলেটি ও মেয়েটি, দুজনই তাদের অসম্পূর্ণতায় দুখী হলো।
মেয়েটি ভাবলো, তার জীবনের একাকীত্ব দূর করবে ছেলেটি।
ছেলেটি তার বন্ধুকে বললো জীবন পূর্ণতা পাবেমেয়েটির স্পর্শে।
ভালোবাসা ছড়িয়ে পরলো দুজনের হৃদয়ে, রক্তে। শুরু হলো অদ্ভুত মাদকতায় পূর্ণ নেশাগ্রস্থতা।
ছেলেটি এখন ভীষণ উদাস।
মেয়েটির রাত নিদ্রাহীন।
এক শরৎ বিকেলে ছেলেটি অনেক সাহসে মেয়েটিকে বললো, তুমি কি আমার হাত একটু ধরবে? তুমি আমার হাত ধরলে আমার আর কোন দুঃখ থাকবে না।
মেয়েটি লজ্জায় অবনতহয়ে ছেলেটির হাত ধরে মৃদু স্বরে বললো, কোন দুঃখকে তোমার কাছে আসতে দেবো না।
শুরু হলো প্রেমের গতিজড়তায় ছুটে চলা।
মেয়েটি বললো, ভোরের সূর্য আমার ভালো লাগে।
ছেলেটি বললো, অন্ধকার রাতে আলোর পোকা অসাধারণ।
মেয়েটি বললো, ঘুমন্ত সাগরের গভীরতা অসাধারণ।
ছেলেটি বললো, আকাশ ছোঁয়ার দুর্দমনীয় আকাঙ্খায় জেগে ওঠা পাহাড় আমার ভালো লাগে।
মেয়েটি বললো, বিশ্বাসের আগুনে খাঁটি হলো আমাদের জীবন।
ছেলেটি বললো, আশার আলোয় আলোকিত হলো আমাদের জীবন।
ছেলেটি বলে, আমার স্বপ্ন, গ্রামে যাবো। একটা স্কুল দেবো। বাচ্চাগুলোকে বড় করবো মানুষের মতো মানুষ করে। আমাদের দেখে এগিয়ে আসবে আরো অনেকে। গ্রামগুলোই বদলে যাবে।
মেয়েটি বলে, আমার স্বপ্ন নাটকের দল। অসাধারণ সব নাটক করবো। নিজেরাই লিখবো আর নির্দেশনা দেবো। মঞ্ছস্থ করবো অপূর্ব শিল্প। নাটকের ধারাই বদলে যাবে।
কিন্তু এখন তো তারা একা নয়। এখন তারা দুজন, একে অপরের পরিপূরক। ছেলেটির স্বপ্নে, গ্রামের প্রান্তে তার ছোট্ট ঘরে মেয়েটি চুল বাঁধছে।
মেয়েটির স্বপ্নে, নাটকের গল্প লিখে যাচ্ছে ছেলেটি উদার হাতে।
ছেলেটি মুগ্ধ মেয়েটির গভীরতায়।
মেয়েটি মুগ্ধ ছেলেটির আকাঙ্খায়।
তারা দুজনই ভাবে, জীবন এতো সুন্দর কেনো?
এভাবেই এগিয়ে চলেছে প্রেমের ভেলা। ভালো লাগায়, ভালোবাসায়, নতুন স্বপ্নে, অপূর্ব মুগ্ধতায়।। তবু এর মাঝে কেনো যেন, ছেলেটির মনে অনুশোচনা আসে।
মেয়েটি আবার দুখী হয়।
ছেলেটি বলে, এই আমার পাপ।
মেয়েটি বলে, এই আমার দুঃখ।
তারা দুজন একে অপরের হাত ধরে বলে, চলো ছুটে যাই এসব কষ্ট থেকে অনেক দূরে।
ছেলেটি বলে, পাহাড়ে যাবে?
মেয়েটি বলে, সাগর দেখবে?
শেষ পর্যন্ত, পাহাড় বা সাগর নয় কিছু বন্ধুদের সাথে তারা ছুটে যায় অরণ্যে। অরণ্যের লুকোচুরিতে হারাতে চায় দুজন, কিন্তু পাজি বন্ধুগুলো সে সুযোগ দিলো কৈ?
ছেলেটি বলে, এরা এতো অপরিপক্ব কেন?
মেয়েটি বলে, এদের কোন ব্যাক্তিত্ব নেই।
এভাবেই দিন চলে যায়। ছেলেটি ও মেয়েটি সুখী হলো।
তারপর,
একসময় ছেলেটি ব্যস্ত হয় অন্য কোন কাজে- তুমি তো আমার পাশেই আছো।
একদিন মেয়েটি ব্যস্ত হয় অন্য কোন কিছুতে- তুমি তো আমার পাশেই আছো।
মুগ্ধতা আর প্রবল গতি স্লথ হয়ে আসে বাস্তবতায়।
এক সকালে ছেলেটি ছুটে গিয়েছিলো মেয়েটির হোস্টেলের নিচে, রূপকথা শুনবে বলে। মেয়েটি ক্লান্তিতে ঘুমিয়ে ছিলো।
এক বিকেলে মেয়েটি লাল শাড়ি পরে এসেছিলো ছেলেটির ক্যাম্পাসে। ছেলেটি প্রাত্যহিক ব্যস্ততায় তা খেয়াল করে নি।
দুখিনী মেয়ে ভাবে, ও আর আগের মতো নেই।
অভিমানী ছেলে ভাবে, ও আর আগের মতো নেই।
মেয়েটি আর চিঠি লেখে না।
ছেলেটিও আর ফুলের দোকানে যায় না।
অভিমানী বীজ রক্তে প্রবেশ করে। নিয়ে আসে দূরত্ব। যোজন যোজন দূরত্ব। শুরু হয় দ্বন্দ্ব।
মেয়েটির নাটকের স্ক্রিপ্ট লিখে দেয়ার কথা ছিলো। অভিমানী যুবক দূরে সরে আসে। ছেলেটির পরিচিত পথশিশুদের শীতের কাপড় কিনে দেবার কথা ছিলো। দুখিনী মেয়ে দূরে সরে যায়।
তবু তারা মাঝে মাঝে দ্যাখা করে। কথা বলে অথবা বলে না।
একসাথে বসে থাকে তবু দূরত্ব ঘোচে না।
মেয়েটি এক সন্ধ্যায় ছলছলে চোখে ছেলেটির হাত ধরে। কিন্তু তাকে খুঁজে পায় না। ছেলেটি এক দুপুরে আগ্রহী চোখে মেয়েটির চোখে চোখ রাখে। কিন্তু তাকে খুঁজে পায় না।
যে সুখের স্বপ্নে তারা ভেলা ভাসিয়েছিলো হৃদয় গাঙে, সেই দূর দ্বীপ আরো দূরে মনে হয়। একই নৌকায় তারাদুজন বসে থাকে অসীম ক্লান্তিতে। বসে থাকে তবু মুখোমুখি নয়। দু প্রান্তে দুজন, বিপরীতমুখী।
রূঢ় বাস্তবতার পৃথিবীতে প্রেম এখন আহত, আশাহত, বিধ্বস্ত, জর্জরিত।
তবু ভালোবাসা মাঝে মাঝে হৃদয়ে জেগে ওঠে। ছেলেটি চায় সব ভুলে, মাঝরাতে ছুটে যেতে মেয়েটির কাছে। তবু সে যায় না। আর মেয়েটি আরো একটি নিদ্রাহীন রাত পার করে নতুন ভোরের অপেক্ষায়।3 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


গল্পটা বেশ অন্যরকম! শেষে বিচ্ছেদের অংশটুকু পড়ে মনটা খারাপ হয়ে গেল!