Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • জলের চেয়ে দামি

    গ্রামের নাম নিয়ামতপুর। চৈত্রের কড়কড়া রোদে পথঘাট ফেটে চৌচির। দূরবর্তী সবুজের মাঠে চাষার দল হাত গুটিয়ে গাছের ছায়ায় বসে, একমনে কি যেন খুঁজে যায়। দ্বিপ্রহরের স্বচ্ছ রোদে চরাচর ভেসে গেছে। সূর্যের প্রখর তাপে বাতাসের দল শান্ত ছেলের মতো স্থির হয়ে বসে আছে। মোল্লা বাড়ির গোরস্থানের ভেতর দিয়ে লাবু এগিয়ে চলে। বাঁশের চিরল পাতা ভেদ করে সূর্যের তির্যক আলোকরশ্মি অপূর্ব আলোছায়ার ছক আঁকে। আরেকটু এগুলেই বিবিধ বৃক্ষের ভিড়ে লুকিয়ে থাকা সেচ পাম্পের অবস্থানটুকু পরিষ্কার হয়। এবারে বড্ডো রোদ। দীঘির ঘোলা জল রোদের তাপে পাতালে সেধে গেছে। লাবু সন্তর্পণে সেচপাম্পের দিকে এগিয়ে যায়। নতুন বসানো সেচপাম্প। এখনো ছাউনি তোলা হয় নি। সেচপাম্প ঘিরে থাকা গাঁতা গর্তে কোমল জলের ছায়া ভাসে। লাবু তার পরনের লুঙ্গিখানি খুলে ফেলে উদাম গায়ে সেচপাম্পের জলে গা ভিজায়। এইক্ষণে শান্তি। শীতল জলে তার পুড়ে যাওয়া কালো শরীরে শিহরণ জাগে। সে মাথা খানি তুলে গর্তের জলে ডুব দিয়ে বসে থাকে। আরামে, আদরে তার শরীরে কাঁপুনি উঠে। মনে হয় কতো কালের জমে থাকা তাপ ঠাণ্ডা পানিতে গলে গলে মিশে যায়। সে চোখ বুজে গাছের ছায়ায়, জলডুবে বসে থাকে। এভাবে কিছুক্ষণ গেলে আবারো অনুভূতি জেগে ওঠে। পেটের গভীরে আগুন জ্বলে। আড়ালে থাকা সূর্যের মতোই তার ক্ষুধার উত্তাপ। লাবু সবকিছু ভুলে পানিতে বসে থাকে। ভেতরে কোথায় যেন একটা ব্যথা জেগে উঠে শীতল জলে ধীরে ধীরে মিশে যায়। লাবু মুখ তুলে ওপরে তাকায়। দেখে তাকে ছায়া দিয়ে আছে কতো প্রাচীন বৃক্ষ। মাটির গন্ধে, সবুজের ঘ্রাণ মিশে আছে। দূরে কোথাও একটা কোকিল বোকার মতো ডেকে চলে। লাবু চুপচাপ সবুজের আকাশ পাণে চেয়ে থাকে। আরামে চোখ বুজে আসে। হঠাৎ তীক্ষ্ণ ধ্বনিতে লাবু খেয়াল করে গাছের আড়ালে একটা কালো ফিঙ্গে বসে আছে। কালো পাখিটার শরীরে যেন আলো চমকায়। ফিঙ্গেটা লাবুকে দূর থেকে দ্যাখে। তারপর লাবুর মতোই উদাসী দৃষ্টিতে আকাশ পাণে চায়। এদিকে পেটের ভেতর ক্ষুধার গোঙানি পষ্ট হয়। লাবু গর্তের ভেতর থেকে উঠে আসে। মাটিতে পরে থাকা ধুলো ধূসরিত লুঙ্গিটা টেনে নিয়ে উদাম শরীর ঢাকে। তারপর চুলগুলো নেড়েচেড়ে, ঝাড়া দিয়ে জংলার পথে হেঁটে যায়।

    শেষ বিকেলের লালচে আলোয় অনেকখানি ধুলো উড়িয়ে একটি প্রাডো গাড়ি চাপা গর্জনে বসত বাড়ির প্রবেশ মুখে এসে থামলো। দরোজা খুলে বের হয়ে আসলেন সৈয়দ আনোয়ার হক। দীর্ঘ যাত্রায় তার শাদা পাঞ্জাবিতে কোমল মলিনতা। চোখ ঢেকে রাখা সানগ্লাসে সীমানার নারিকেল গাছের দীর্ঘ ছায়া জমে। দীর্ঘদিনের অভ্যাসে চোখে থাকা সানগ্লাসে ভেতরের অনুভূতি আড়াল থাকে। বুড়ো হাশমত বিগলিত হয়ে ওঠে। প্রভু ভক্তিতে হাত কচলায়। থুতনিতে থাকা একগাছা কাঁচা পাকা দাড়িতে হাত বোলায়। একে একে ভেতর থেকে নেমে আসে জয়িতা, অর্চিতা। তারপরে মনোয়ারা বেগম। বুড়ো হাশমত তাদের হাতে থাকা ব্যাগ গুলো কেড়ে নিতে চায়। শিপন ড্রাইভারের সাথে আলাপ জমায়। এতো দেরি হল ক্যানো? পথে কোন সমস্যা হয় নি তো? আনোয়ার সাহেব জানান, আজকাল হাইওয়েতেও জ্যাম। হাশমত ব্যাগ গুলো টানতে টানতে আরো কিছু অপ্রয়োজনীয় কথা বলে। আপামনিদের সাথে কথা বলে। কুশলাদি জানতে চায়। যদিও তার আগ্রহের কেন্দ্রে অবস্থান করে সৈয়দ আনোয়ার হক।
    প্রধান ফটক পেরিয়ে ভেতরের বাগান বাড়িটা একা স্বাগত জানায়।
    “জয়ী, বাড়িটায় একটায় জমিদার জমিদার ভাব আছে না?” অর্চিতা ঠোঁট বেঁকিয়ে বড় বোনকে প্রশ্ন করে। আনোয়ার সাহেবের পূর্ব পুরুষেরা অবশ্যই জমিদার ছিলেন না। তবে রিটায়ার্ড আর্মি পারসন, পরবর্তী জীবনের বিত্তশালী ব্যবসায়ী সৈয়দ আনোয়ার হক গভীর যত্নে নিজের গ্রামে বিলাস বহুল বাড়িটি তৈরি করেছেন। প্রায় দু বিঘা জমির ওপর জমকালো যুতসই বাগান বাড়ি। নকশায় আর কারুকাজে অভিজাত। স্থাপত্যশৈলীর প্রধান প্রয়োগ, প্রভাব ও প্রতিপত্তির প্রকাশ। সমীহ জাগায় যে কারো হৃদয়ে। চারিদিকে প্রায় আট ফিট উঁচু প্রাচীরের গা ঘেঁষে বেড়ে ওঠা নারিকেল সুপারির সারিবদ্ধ গাছ। ভেতরে পাড় বাঁধানো পুকুর। অনেকটা জায়গা জুড়ে বিবিধ বৃক্ষের মেলা। আবার বাড়ির সামনে বিদেশি কায়দার লন। ছবির মতো সুন্দর শান্ত একটি বাড়ি।
    অর্চিতার কথায় মুচকি হেসে জয়িতা সাড়া দ্যায়। দীর্ঘ যাত্রায় তার মাথা ধরে গেছে। এমনিতেই প্রচণ্ড গরম। তারপর শীতাতপ গাড়ির ভেতরে দমবন্ধ পরিবেশে একটানা ধকলে, তার ক্লান্ত লাগে। এখন দূরবর্তী গ্রামের সন্ধ্যা বেলার লালচে আভায় সে ধীরে ধীরে শ্বাস ছাড়ে। বিশুদ্ধ বাতাস টেনে নেয় বুকের কাছে।
    বুড়ো হাশমত ব্যাগগুলো টেনে হিঁচড়ে তাদের নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাবল হাইট ড্রইং রুমের সাজানো সোফায় গা এলিয়ে দ্যায় তারা। পরিচিত পান্না, একটা ট্রেতে করে নিয়ে আসে লেবুর শরবত। সৈয়দ আনোয়ার হক এক ঢোকে গিলে ফেলেন লেবু মাখা জল। হাশমত ফ্যান গুলো ছেড়ে দ্যায়। ভেতরে একটা কোমল স্বস্তি ছড়িয়ে পরে। জয়িতা একটু এলোমেলো পায়ে ঘুরে বেড়ায়। গাড়ির ভেতরে একটানা বসে ছিলো সে। এদিক সেদিক ঘুরে জানালার কাছে এসে লালচে অস্তগামী সূর্যের চোখে চোখ রাখে। অস্তগামী সূর্য ডুবে গেলেও দিগন্তের আকাশে রঙচটা লাল লেগে ছিলো, আরো কিছুক্ষণ।

    চৈত্রের রাতে দূরে, কোথা থেকে, একটা শীতল স্বস্তির বাতাস ভেসে আসে। এখানে অনেক তারা। সহস্র আলোকবর্ষ দূরের তারারা মিটি মিটি জ্বলে তাদের অলৌকিক অবস্থান নিশ্চিত করে। রাত এগারোটায় বাগান বাড়ির ছাদে এক মগ ধূমায়িত কফি হাতে জয়িতা শীতল পাটির নান্দনিক ছকে আনমনে বসে থাকে। পাশে এলোমেলো শুয়ে থাকে অর্চিতা, পায়ের ওপর একটা নকশি কাঁথা বিছিয়ে। এখনো স্মার্ট ফোনে, হেডফোনে ব্যস্ত মেয়েটা অবাক জগতে ডুবে থাকে। জয়িতা একবার দেখে, আকাশের পাণে চায়। এখানে অনেক তারা। খালিদ থাকলে হয়তো বলে দিতো সুদূর নীহারিকার নাম ঠিকানা। এখানে অনেক তারা।
    প্রাচীন পৃথিবীর অলৌকিক আকাশের নিচে জয়িতা বসে থাকে। তার চোখ ঘুমে ভারি হয়ে আসে। মাঝে মাঝে মনে হয় এখানে, এই দূরবর্তী গ্রামের বাগানবাড়ির ছাদে ঘুমিয়ে পরতে। অসংখ্য ক্লান্তির বোঝা তার চোখে আশ্রিত। যেন কতোকাল ঘুম আসে নি। যেন পরাজিত স্বপ্নেরা দিয়েছে ফাঁকি। এখানে অনেক তারা।
    সহস্র সূর্যের কালো আকাশে কি প্রবল আহবান। যেন চেনা পৃথিবীতে আরো এক ভিন্ন জগত। জয়িতার নিঃশ্বাস ঘন হয়ে আসে। কফির মগে চুমুকে চুমুকে কি যেন ভাবে? কার কথা ভাবে? খালিদের কথা? কি ভেবে মুচকি হাসে? জয়িতা আবারো ঘাড় ঘুরিয়ে অর্চিতাকে দ্যাখে। মেয়েটা কখোন ঘুমিয়ে গেছে। জয়িতা কফিতে শেষ চুমুক দিয়ে আড়মোড়া ভাঙে। মগটা পাশে রেখে বোনের গায়ে হাত দ্যায়। আদরে ডাকে, “চল, চল ঘুমাতে যাই।” অর্চিতা এলোমেলো উঠে বসে। চোখ ডলতে ডলতে উঠে দাঁড়ায়। দুই বোনে হাত ধরাধরি করে ছাদ থেকে নেমে আসে। পেছনে অসীম আকাশের নিচে পরে থাকে সুবিশাল ছাদ। সহস্র সূর্যের নিচে নকশি কাঁথার নান্দনিকতায় অসংখ্য ছায়াপথ আলো জ্বালে।

    ডাবল হাইটের বসার ঘরটা লোকজনে গম গম করছে। সৈয়দ আনোয়ার হককে ঘিরে আছে এক দল মানুষ। হক সাহেব কদাচিৎ গ্রামে আসেন। এলাকার লোকেরা তার সান্নিধ্যে ভালো বোধ করেন। দীর্ঘদিনের নির্জীব সম্পর্ক আবারো চাঙ্গা হয়ে ওঠে। গ্রামের প্রভাবশালীরা এই সুযোগে অধরা বাড়ির ভেতরে আসার সুযোগ পায়। হক সাহেব এই আলাপচারিতা উপভোগ করেন। তার বেশ ভালো লাগে। ড্রইং রুমে রুটি পিঠা আর গরুর মাংসের ঝোলে দেশ, রাজনীতি, সমাজ সবই জমে ওঠে। রান্নাঘরে পান্নার ব্যস্ততা বাড়ে। বুড়ো হাশমত অহেতুক তাগাদা দ্যায়। ঘরময় ছুটে ছুটে খাদিম করে। মনোয়ারা বেগম মাঝে সাঝে আসেন। তিনিও কখনো আলাপচারিতায় অংশ নেন। দোতালার সিঁড়িতে দাঁড়িয়ে জয়িতা আর অর্চিতা অতিথিদের সাথে কুশলাদি বিনিময় করে। অর্চিতা মাথার কাপড় টেনে মুচকি মুচকি হাসে আর ভদ্রতার বাহুল্য ছড়ায়।
    বাইরে কখনো দাঁড়িয়ে থাকে অভাবগ্রস্থ কেউ। ভেতরের প্রভাবশালীদের ভয়ে ভেতরে আসতে সংকোচ অনুভব করে। যদিও হক সাহেব তাদের ফিরিয়ে দেন না তবু কিছুটা সংকোচে দাঁড়িয়ে থাকে তারা।
    জয়িতা গ্রামের এই লোকগুলোকে চেনে না ভালো মতো। অনেকেই এসে বলে দূরসম্পর্কে তারা আত্মীয় হয়। সে ভদ্রভাবে সালাম দেয়। দীর্ঘদিন পর পর দেখা হয়। মুখগুলোও অচেনা থেকে যায়।
    গত রাতের ক্লান্তির ঘুমে কোথায় হারিয়েছিলো সে। ভোর রাতে একটি অপূর্ব স্বপ্নে ঘুম ভাঙে তার। বিছানায় জেগে বসে সে দ্যাখে ভারী পর্দায় আলোর ছায়া জমে। জানালার পর্দাটা সরিয়ে নিতেই চোখে ভাসে দোতালার ওপরে উঠে যাওয়া একটা পেয়ারা গাছের কায়া। পেয়ারা গাছের নরোম ডালে, কচি পাতার ফাঁকে একটা দোয়েল বসেছিলো। তাকে দেখেই সাবধানে ফুড়ুৎ করে উড়াল দিলো বিশাল আকাশে। দূরবর্তী সবুজ আর বাড়ির পেছনে জমে থাকা সরল পত্র পল্লবের নিখাদ বুননে কেমন এক টানা ভালো লাগা চেপে ধরে তাকে, পরম মমতায়। ঘুরে দ্যাখে অর্চিতা ঘুমঘোরে এপাশ ওপাশ করে। কাঁথাটা টেনে নেয় আরো ওপরে।
    জয়িতা অনেকটা সময় খোলা জানালার সামনে দাঁড়িয়ে বিবিধ সবুজের সমতলে এই ভালো লাগার অনুভবটুকু উপভোগ করে। সূর্যের কিরণ ধীরে ধীরে আরো একটু স্পষ্ট হয়। কতো রকমের পাখির শব্দে মুখরিত হয় চরাচর। তেজী মোরগের কুক্কুর কু ধ্বনিতে আন্দোলন জাগে গ্রামীন সকালে।

    পড়ন্ত বিকেলের ছায়ায় মেঠো পথ দিয়ে আনমনে এলোমেলো পায়ে হেঁটে যায় তারা দুই জন। বুড়ো হাশমত সতর্ক দূরত্ব বজায় রেখে হাঁটে। প্রতিদিন তারা দুজন এলোমেলো পায়ে হেঁটে বেড়ায় গ্রামের দূরবর্তী সীমানায়। গতকাল যেমন হাঁটতে হাঁটতে অর্চিতা চলে গিয়েছিলো অনেকটা দূরে। গ্রামের সীমানায় একটা শতবর্ষী বটগাছের নিচে থেমেছিলো তারা। বুড়ো হাশমত জানিয়েছিলো, এই শেষ সীমা। নিয়ামতপুর গ্রামের সীমানা এঁকে দেওয়া বটগাছের নিচে তারা দাঁড়িয়ে থাকে। অর্চিতা কেমন ভেবে ভেবে অবাক হয়। একবিংশ শতাব্দীর সময়ে গ্রামের সীমা নির্ধারণ করে শতবর্ষী বটগাছ। আবার ভেবে ভালোও লাগে। অবাক লাগে।
    বিকেলে বেরুলেই অজস্র চোখে বিদ্ধ হয় তারা। গ্রামের মানুষ দূর থেকে বুঝে নেয় শহরের আগুন্তকদের। অনেক সময় একদল ডানপিটে বাচ্চার দল পিছু নেয় তাদের। আজ যেমন আসার পথে দেখলো, একটা কড়ই গাছের নিচে একদল শিশু। কাছে যেতে বোঝা গেলো, পাখির বাসা তাদের ভেতরে উদ্দীপনা সৃষ্টি করেছে।
    অর্চিতা দিন রাত বই পড়ছে আর মাঝে সাঝে এদিক সেদিক ঘুরে বেরাচ্ছে। আর জয়িটা কেমন মন খারাপি মনে একা একা ঘুরে বেরাচ্ছে। এখনো আনমনে কোথায় কতদুরে তাকিয়ে আছে? অনেক অনেক দূরে।
    “কিরে? কি হলো তোর?”
    জয়িতা অবাক তাকায়। মাথা নেড়ে বলে, “কি হবে? কিছু না।”
    “কিছু না হলেই ভালো। গ্রামটা বেশ সুন্দর, না?”
    জয়িতা সায় দেয়।
    “ছোট চাচা থাকলে ভালো হতো।”
    জয়িতা একটু হাসে। ভাবে সে এখন কোথায়, কোন সাগরের পারে?
    মানুষটা কি অদ্ভুত। ছিলো কম্যুনিস্ট, আর এখন পরে আছে কোথায়?
    জয়িতা কিছু বলে না। সৈয়দ আনোয়ার হকের ছোট ভাই কলেজ জীবনে, কিভাবে যেন কম্যুনিজমের ছায়ায় বাঁধা পড়লো। তারপর কতো কি? শেষ পর্যন্ত কালের ঘেরাটোপে চলে গেলো বিদেশ বিভূঁইয়ে, ব্যবসার কাজে। জয়িতার ছোট চাচা সৈয়দ আসগর হক বর্তমানে পুরোদস্তুর পুঁজি ব্যবসায়ী। কে বলবে, একসময়ের উগ্র বিপ্লবী। তবু মাঝে মাঝে তার চোখে কোন এক ছায়া ভাসে। হেরে গেলেন, নাকি?
    জয়িতা খেয়াল করে অনেকক্ষণ ধরেই দশ বারো বছরের কালো মতো একটা ছেলে তাদের পেছন পেছন ঘুরছে।
    “এই, তোর নাম কি?”
    “লাবু।” মুখে ঘাসের ডগা চিবাতে চিবাতে লাবু উদাসী গলায় জবাব দেয়।
    “লাবু আবার ক্যামন নাম?” অর্চিতা প্রশ্ন করে।
    এরই মধ্যে বুড়ো হাশমত দৌড়ে আসে। বলে, “ভালো নাম বলিস না কেনে, হারামজাদা?”
    তারপর নিজেই ঘুরে উত্তর দ্যায়, “লাব্বায়েক। ওর পুরা নাম, মোহাম্মোদ লাব্বায়েক। বিশাল বদমায়েশ। সারা দিন বনে জংলায় ঘুরে বেড়ায়। পাখির পিছে পিছে ঘোরে। লেখাপড়া নাই।অই, যাহ। আপামনিদের জালাইশ না।”
    লাবু দ্বিগুণ নিরুৎসাহে মুখে থাকা ঘাসের ডগাটা থুঃ করে ফেলে নিজের মনে ক্ষেতের আলে পা বাড়ায়।
    “আপামনি, বাড়ি চলেন। সইন্ধা ঘনায় আইছে। দিনকাল ভালো না। চলেন, এইবার বাড়ি চলেন।”
    জয়িতা আর অর্চিতা কিছু না বলে বুড়ো হাশমতকে অনুসরণ করে। গ্রামের মেঠো পথে সন্ধ্যার আঁধারে একটি দুটি করে জোনাকের আলো জ্বলে জ্বলে, ওপরের বিস্তীর্ণ আকাশের তারাদের পথ দেখায়।

    সৈয়দ আনোয়ার হক থমথমে মুখে বসে আছেন। তিনি ঠিক হিসাব মেলাতে পারছেন না। পান্না এবং হাশমত বুড়ো দীর্ঘদিন তার সাথে কাজ করছে। তাদের এমন করার কথা নয়। তবে বলা যায় না। অভাবে স্বভাব নষ্ট হতে কতো ক্ষণ? তবু তার মন বলেছে এ কাজ তাদের করা নয়। শোবার ঘরে মনোয়ারা বেগম রাগে গরগর করছেন। “এদের স্বভাব বদলাবে না।”
    অর্চিতা তার মতোই অযথা বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে। জয়িতা কিছুটা বিষণ্ণ মনে জানালার ফ্রেমে আটকানো দূরের আকাশ দ্যাখে। নেকলেসটা তার প্রিয় ছিলো। গত জন্মদিনে খালিদ তাকে দিয়েছিলো। আজ গোসলের আগে জানালার পাশে পরে থাকা কাঠের টেবিলের ওপরে নেকলেসটা খুলে রেখেছিলো সে। গোসল শেষে আর খুঁজে পাওয়া গেলো না। মাকে বলতেই সারা বাড়ি তোলপাড় করে খোঁজা হল। নেই, নেই, কোথাও নেই। পান্না আর বুড়ো হাশমত আতঙ্কিত মুখে হন্যে হয়ে নেকলেসটা খুঁজে বেড়ায়। এ বাড়িতে চোর আসবে এও কি সম্ভব? খালিদের দেওয়া বলে কথা, জয়িতার যখের ধন।
    ঘণ্টা খানেকের মধ্যেই বুড়ো হাশমত সারা গ্রাম মাথায় তুলে ফেললো। দ্বিপ্রহরের উত্তপ্ত সূর্যের চেয়েও তার উত্তাপ বেশি। হারামজাদারা বোঝে না। যে গাই দুধ দ্যায় তার লাথি খাওয়াও ভালো। আনোয়ার হক গ্রামবাসীর জন্য তো কম করেন নি। তবু জালেমের বাচ্ছাদের হুঁশ হলো না। এবার বুজবি শালারা, এবার বুজবি। বুড়ো হাশমতের তড়পানি দ্যাখে আরো অনেকে আগ্রহী হয়। হাশমত বুড়া বাজারের লোক ডেকে জড়ো করে। কিছুক্ষণ পরে সকলে বুঝতে পারে, নেকলেস উদ্ধার না হলে গ্রামের ইজ্জতে টান পরবে। কিন্তু কাজটা করলো কে? কার বুকের পাটা এতো বড়? সৈয়দ বাড়িতে চুরি করে? কলিম্মুদ্দিন ইনিয়ে বিনিয়ে কিছু কথা মুখ ফস্কে বলে ফেলে। বুড়ো হাশমত তাকে গঞ্জির কলারে চেপে ধরে কষে একটা চড় বসিয়ে দ্যায়। নাহ, সে বয়স আর নেই। জোয়ান কালে এক থাবায় কত বেয়াদব কাত করেছে। সে দিন আর নেই। ঘোর কলিকাল, অভাগা আকাল।
    বিকেল গড়িয়ে আসার আগেই নিয়ামতপুর গ্রামে ঘোর বিষাদের ছায়া পরে। বুড়ো হাশমতের নেতৃত্বে গ্রামের ইতরগুলোর উঠানে ঝড় ওঠে। এই শালাদের হাত টানের অভ্যেস। এবার ছাড়া হবে না। কিন্তু সেরকম কোন সুফল আসে না। সৈয়দ বাড়িতে ঢুকে চুরি করবে এমন সাহস কার?
    ধীরে ধীরে সন্ধ্যার সূর্য অস্তগামী হয়। বুড়ো হাশমত বিদ্ধস্ত মনে মেঠোপথে ফিরে চলে, ঘরের উদ্দেশ্যে। গোধূলি বেলায় পাখিরা নীড়ে ফেরার তাগিদে আকাশে পাখা মেলে।

    ফিঙ্গেটা এখন কামরাঙ্গার ডালে বসে তীক্ষ্ণ শব্দ করে। লাবু সেই বিকেল থেকে ফিঙ্গেটার পেছন পেছন ছুটছে। ধানের জমিতে একটা মরা কাকতাড়ুয়ার ঘাড়ে বসে ছিলো ফিঙ্গেটা। বিকেলের সূর্যের আলোকছটা প্রতিফলিত হয় ওর তেল চিকচিকে কালো শরীরে। লাবু ঘাসের ডগা চিবুতে চিবুতে ফিঙ্গেটার পেছন নেয়। শয়তান পাখিটা তখন থেকে ঘুরিয়ে মারছে। কখনো শস্য ভূমিতে, কখনো বিরাণ জমিতে, কখনো বা গৃহস্থের মরচে ধরা টিনের চালে ওর অবাধ বিচরণ। বদমাশটা জানে লাবু তার পিছু নিয়েছে। তাই এলোমেলো উড়ে উড়ে, যেখানে সেখানে বসে ও শিশ বাজায়। বলে, পারলে ধরো। তারপর উদাসীর মতো আকাশের পাণে চেয়ে ফুড়ুৎ করে উড়াল দ্যায়। কালো শয়তানটা এখন তাকে নিয়ে এসেছে এই পুরনো জংলায় ডোবার ধারে। লাবু একটু ভয় পায়। সন্ধ্যা ঘনিয়ে এলো। কামরাঙ্গার ঝাঁকড়া পাতায় আঁধার আরো ঘনো হয়ে আসে। কামরাঙ্গার সবচেয়ে উঁচু ডালে বসে কালো ফিঙ্গেটা আকাশের পাণে চায়। আড়চোখে লাবুকে দ্যাখে। লাবু গাছের দিকে এগিয়ে গেলে পর চোখে যেন আলো বেঁধে। ছায়া ছায়া আঁধারে সে চোখ চেয়ে দ্যাখে, গাছের গুঁড়িতে কি যেন চিকচিক করে। আরো একটু এগিয়ে গেলে লাবু দেখতে পায় একটা জ্বলজ্বলে নেকলেস গুঁড়িতে আঁটকে আছে। লাবু নেকলেসটা হাতে টেনে নেয়। তারপর তার মনে পরে বুড়া হাশমত আজ সারা দুপুর একটা নেকলেসের সন্ধানে পাড়া মাথায় তুলেছে। সৈয়দ সা’বের মেয়ের নেকলেস নাকি? অনেক দামি? লাবু নেড়েচেড়ে নেকলেসটা দ্যাখে। তার সেরকম কিছুই মনে হয় না। ফিরিয়ে দেবে? তারা যদি আবার তাকে চোর ভাবে? লাবু কিছুক্ষণ ভেবে নেকলেসটা নিয়ে সৈয়দ বাড়ির উদ্দ্যেশ্যে পা ফেলে। ফিঙ্গেটা কি তবে নেকলেসের সন্ধান বলে দিলো? লাবু নেকলেস হাতে ছুটতে থাকে।
    সন্ধ্যা সাতটা। সৈয়দ বাড়ির ড্রইং রুমে লাবু দাঁড়িয়ে আছে। সৈয়দ আনোয়ার হক প্রসন্ন চিত্তে দাঁড়িয়ে আছেন। জয়িতা নেকলেসটা শক্ত করে মুঠোয় ধরে বসে আছে। কোন এক অদ্ভুত কারণে তার চোখের কোণে অতল জল জমে উঠেছে। লাবুকে প্রথমে চোর ভেবে সন্দেহ করা হলেও পরে সে সন্দেহ দূর হয়েছে। কে জানে হয়তোবা কোন শয়তান পাখি বাসা বানাবে বলে চকমকে নেকলেসটা মুখে ভরে জানালা দিয়ে উড়াল দিয়েছিলো। হক সাহেব প্রসন্ন চিত্তে লাবুর হাতে পুরস্কার স্বরূপ হাজার টাকার চকচকে নোট ধরিয়ে দিয়েছেন। গ্রামের ইজ্জত বাঁচায় বুড়া হাশমতও খুব খুশি। হাজার টাকার চকচকে নোট হাতে লাবু ধীরে ধীরে সৈয়দ বাড়ির দরোজা খুলে বের হয়ে আসে।

    নতুন ভোরে, এই পুরোনো জংলায় ডোবার ধারে লাবু একা দাঁড়িয়ে আছে। তার হাতে মধু মাখানো পাউরুটি। লাবুর কতো দিনের শখ সে মধু মাখানো পাউরুটি খাবে। আজ এই বিশুদ্ধ সকালে মধু মাখা পাউরুটি হাতে লাবু ডোবার ধারে দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে সে নতুন ঘাসের ওপর ছড়িয়ে দ্যায়। লাবুর মাথার ওপর কামরাঙ্গার ডাল ভেদ করে অসংখ্য আকাশের পাখি চক্রাকারে নেমে আসে। কেউ কেউ বাতাসে ভেসে উড়ে যায় আরো দূরবর্তী আকাশে।

    2
    4 Comments
Skip to toolbar