Profile Photo

শাহাদাতুর রহমান সোহেলOffline

  • sr.sohel
  • কাশফুল এবং সাদা মেঘ
    – শাহাদাতুর রহমান সোহেল

    শরতের কাশফুল কি একান্ত বাংলার ফুল?
    শরতে বাংলার আকাশে যেমন সাদা মেঘের
    নিত্য আনাগোনা তেমনই বাংলার প্রান্তর জুড়ে
    সাদা কাশফুল; মাঠ-ঘাট-নদী তীর
    বহুস্থান জুড়ে ফুটে থাকে অজস্র কাশফুল,
    কখনো কখনো পরিত্যক্ত কোন প্রাসাদের
    উপরেও দেখেছি এফুলের আসর জমাতে –
    রাজধানীর মুগদা হয়ে মান্ডার শেষে
    আরো এগুলে বিশাল কাশবন;
    সেখানে জীবনে প্রথম কোন কাশবনে
    আমি ঘুরে বেড়িয়েছি অপার আনন্দে।

    ধলেশ্বরীর তীরে প্রচুর কাশফুল;
    এর তীরে মুন্সিগঞ্জের ভুঁইয়া বাড়ীর
    ছেলে আমার বাবা বললেন –
    ‘ধলেশ্বরীর তীরে যেখানে অনেক কাশবন
    দেওয়ান বাড়ীতে আমার নানা বাড়ী,
    আমার রকিব নামের এক মামা শেষবার
    আমাকে এই বাড়ীতে বেড়াতে নিয়ে গিয়েছিল’
    পঁচানব্বই বছর বয়সে বাবার স্মৃতিচারণ;
    শতশত হাজার বছরের স্মৃতিময় কাশফুল।

    শিবচরের আঁরিয়াল খাঁ নদের পারে গেলে
    দেখতে পাবে অজস্র কাশফুল, এর পশ্চিম
    পার দত্তপাড়ায় আছে মাইল মাইল কাশবন,
    পূর্বপারে সন্ন্যাসী চরেও আছে বড় কাশবন,
    মনে হয় রূপকথার রাজ্য, পরীরা উড়ে
    বেড়ালে হয়ে যেত পুরো ফ্যান্টাসী।

    সুনামগঞ্জের সীমান্ত উপজেলা দোয়ারাবাজারে
    মরাচেলা নদীর মোহনায় মেঘালয় পাহাড়ের ছায়ায়
    ডানা মেলে থাকে শত সহস্র কাশফুল,
    যখন দখিনা হাওয়ায় দোল খায়
    তখন বিস্তৃত বালুচর ও নদী হয়ে
    উঠে অপূর্ব মোহময় সাদা পরীদের দেশ।

    শরতে যমুনার নদীর শিবালয় চর হয়ে
    উঠে কাশফুলে সাদা, এর গাছ চরবাসীর
    জন্য প্রিয় আকাঙ্খিত জ্বালানীঃ
    কাশবন কেটে কেটে বড় বড় আঁটি বেঁধে
    কাঁধে করে নিয়ে যাওয়ার দৃশ্যও দর্শনীয়,
    ফুলের উৎসব হয়ে যায় আগুনের উৎস,
    পুরো শরৎ পেরিয়ে কার্তিকে কাশবন
    মরে গেলে চরে শুরু হয় চাষবাস।

    তুমি যদি স্বদেশী অথবা বিদেশী বন্ধু হও,
    বাংলার প্রান্তর ঘুরে ঘুরে দেখতে পাবে
    শরতে অনেক কাশবন, সেখানে তুমি পাবে
    অপার আনন্দ ও বিস্ময়ের সন্ধান –
    আকাশে সাদা মেঘ, জমিনে সাদা কাশফুল।

    12
    11 Comments
Skip to toolbar