Profile Photo

শাহাদাতুর রহমান সোহেলOffline

  • sr.sohel
  • রাতের কবিতা
    সংকলনে: শাহাদাতুর রহমান সোহেল

    ১)
    রাত্রি
    – অমিয় চক্রবর্তী

    অতন্দ্রিলা,
    ঘুমোওনি জানি
    তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে
    বলি, শোনো,
    সৌরতারা-ছাওয়া এই বিছানায়
    —সূক্ষ্মজাল রাত্রির মশারি—
    কত দীর্ঘ দুজনার গেলো সারাদিন,
    আলাদা নিশ্বাসে—এতক্ষণে ছায়া-ছায়া পাশে ছুঁই
    কী আশ্চর্য দু-জনে দু-জনা—
    অতন্দ্রিলা,
    হঠাত্ কখন শুভ্র বিছানায় পড়ে জ্যোত্স্না,
    দেখি তুমি নেই।

    ২)
    রাত্রি তখন তিনটা তিরিশ
    –  সন্ধি মুহিদ

    রাত্রি তখন তিনটা তিরিশ,
    বুকের ভেতর শিরিষ কাগজ দিচ্ছে ডলে,
    যাচ্ছে জ্বলে বুকের ভেতর।
    অষ্টপ্রহর জেগেই থাকি,
    হাতটা রাখি বুকের মাঝে,
    সকাল সাঁঝে কান্না আসে।
    আমার পাশে নেই আর তুমি,
    মরুভূমি নিয়ে কাটাই দিন রজনী,
    বুকে ব্যথার খঞ্জনীটা বেজেই চলে।

    ৩)
    শীতের রাতের কবিতা
    – জীবনানন্দ দাশ

    গভীর শীতের রাত এই সব,- তবু
    চারিদিকে যুবাদের হৃদয়ের জীবনের কথা
    মৃত্যুর উপর দিয়ে সাঁকোর মতন
    চেয়ে দেখে মরণের অপ্রমেয়তা
    সেতুর ছবির মত মিলে গিয়ে জলের ভিতরে
    জীবনের জয়-
    আর মরণের স্তব্ধতাকে অনুভব করে।
    অনুভব করে এই জীবনই মহৎ,
    মরণের চেয়ে বড় জীবনের সুর;
    যদিও অন্ন আজ ভূমি নয়- তবুও মৈত্রেয়ী
    অন্নলোভাতুর;
    হৃদয়বিহীনভাবে- দশ বিশ শত কোটি টন
    চলে আজ পঙ্গপাল,- নিজেকে উজাড় করে;- জেনে
    জীবন হতাশ নয় ব’লেই জীবন।

    ৪)
    রাত্রি
    – সুজন মজুমদার

    রাত্রি,
    তুমি কি এই নিঃসঙ্গ গ্রহচারীর
    সঙ্গী হবে?
    তোমাকে নিয়ে আমি নীরবে হাঁটবো ।
    ঐ কাছের নদীটায়,
    ঘাটে বাঁধা নৌকার মাথায়
    পা ঝুলিয়ে বসে গল্প করব।
    তুমি না হয় কিছু না ই বললে,
    কেবল কান পেতে থাকবে,
    আমি তোমার কানে
    চুপি চুপি ভাঙা গলায়
    কবিতা বলব, কেমন?
    তুমি কি রাজি?

    ৫)
    রাতের দ্বিপদী
    -শাহাদাতুর রহমান সোহেল

    ক)
    শ্রাবণের বর্ষণে সারারাত ঘুমময়:
    রিমিঝিমি সঙ্গীতে পাপিয়া কি জেগে রয়?
    খ)
    রাত কি ঘুমায়? রাত জেগে রয়!
    চরাচর জুড়ে কোটি কথা কয়।।
    গ)
    আকাশে তারারা সারারত জেগে থাকে:
    বিরহী মন ছাড়া কে তার সাথে রাখে?!

    ঘ)
    রাতের রহস্য কতটুকু জানি?!
    ..হারিয়ে সুদূরে হৃদয়ের রাণী।

    ঙ)
    নিয়ন আলোয় নির্জন রাতে কত না হেঁটেছি, রাণী!
    অন্তরে বাজে রাত-জাগা পাখীর পাখা ঝাপটানি।

    16
    15 Comments
Skip to toolbar