Profile Photo

Dipankar ShuvaOffline

  • Profile picture of Dipankar Shuva

    Dipankar Shuva

    3 years, 7 months ago

    আমাকে আশ্রয় দাও

    দীপঙ্কর শুভ

    আমি তোমাকে নতুন কোন কথা বলিনি
    এ কথা পুরনো; বহুবার উচ্চারিত ।
    এর আগেও বহুবার-বহুজনকে ব’লেছি।

    আমার স্পষ্ট মনে আছে এইতো বছর কয়েক আগে, যখন পাহাড়ে গিয়েছিলাম; মারমা পল্লীতে যে পালা দেখেছিলাম; সেদিনও অভিনেতার হৃদয়ে ফোঁটা পাহাড়ি ফুলের সৌরভে বুদ হ’য়ে;
    আমি সেদিনও এই কথাটাই বলেছিলাম।

    সে ভ্রমণে আমার দেখা হয়েছিল আফ্রোদিতির সাথে
    আজও সেই মারমা তরুণীর সুরম্য চোখ ভুলে যেতে পারিনি। তার সারল্য শামুক ঝর্ণার জলের মতো
    গড়িয়ে এসেছিল আমার শুষ্ক চিন্তার অনাবাদী ভূমিতে।
    তার স্মিত হাসির প্রেম পড়েছিলাম;
    আমি তাকেও এই কথাটাই বলেছিলাম।

    এমন কি নীলাচলের এক সন্ধ্যায়
    যখন যবুথবু হ’য়ে ছিলাম বৃষ্টি ভেজা তুলার মতো; শুনেছিলাম বন্ধুর একান্ত কান্না মসজিদের খুতবার মতো
    তখনও আমি পাহাড়কে মা ভেবে
    এই কথাটাই বলেছিলাম।

    বহু বছর আগে যে বার সমুদ্রের কাছে গিয়েছিলাম
    দেখেছিলাম সৈকত জুড়ে কাঁকড়ার আলপনা
    আর দূরের ডিঙি নৌকা; ভোরে জেলের লাল চোখ
    সেদিনও আমি এই কথাটাই বলেছিলাম।

    রাতের জীবন যখন শূন্যতায় আরও অনিন্দ্য সুন্দর
    মনে হচ্ছিল, সিগারেট পুড়ে যাচ্ছিল তাচ্ছিল্যে
    আমি তখনও আবছা আলোয় প্রবৃত্তির চাদরে মোড়ানো
    কেয়া বনে যুবক-যুবতীর আলিঙ্গন-চুম্বন দৃশ্য দেখে,
    একাকীত্বের কুয়ো থেকে বের হতে; বুক ভরে নিঃশ্বাস নিতে নিতে, সবকিছু ভুলে আবারও অসহায় মাছের মতো
    সমুদ্রকে পিতা ভেবে-এই কথাটাই বলেছিলাম।

    যে দিন প্রিয় মানুষটি-শ্মশানের নীরবতায় অন্তিম দাড়ি টেনে; স্মৃতি নিয়ে চলে গেলো একাকী-
    আমি সেদিনও শ্মশানে সাজানো চিতাকে
    এই একটা কথাই বলেছিলাম-
    “আমাকে আশ্রয় দাও। আমাকে একটু ভালোবাসো, আমাকে পূর্ণ কর। পূর্ণ কর।”

    5
    5 Comments
Skip to toolbar