Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কাশিমপুরের গুপ্তধন

    বর্ষা দিনের বিকেলে, ঝোপ জংলার মাঝে বসে লোকমান, একমনে তাকিয়ে আছে। বৃষ্টি হতে হতে শেষ হয়ে এসেছে। আবার ঝিরিঝিরি বৃষ্টি ঝরে ঝরে, গলে গলে সবুজের সাথে মিশে যাচ্ছে। বিকেলের আকাশে ক্রুদ্ধ মেঘদল। লোকমান ঝোপ জংলায় বসে একমনে তাকিয়ে আছে। পার্শ্ববর্তী রেল লাইন দিগন্তে মিশে গেছে। ছায়া ঘেরা আঁধারে দূর থেকে একটা আগুনের লাল বিন্দু থেমে থেমে জ্বলে উঠছে। হাবা মাস্টার সিগ্রেটে টান দিচ্ছে। লোকমান দূর থেকে দেখছে। হাবা মাস্টার প্রায়ই এরকম রেললাইনের ওপর বসে একা আনমনে সিগ্রেটে টান দেয়। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে। দূরে কোথাও তাকিয়ে থাকে। কেন করে, কে জানে? হাবা মাস্টারকে লোকমানের ঠিক পছন্দ না। হাবা মাস্টারের অনেক গুলো নাম হয়েছে, ক্ষ্যাপা মাস্টার, গুঁজা মাস্টার, মরা মাস্টার। হাবা মাস্টারকে দেখলে কিছুই বোঝা যায় না। কেন সে এই অজ পাড়া গাঁয়ে এসে পরে থাকবে? শুনেছে হাবা মাস্টার ভালোই জানে। তাহলে কেনো সে এই মড়ার গ্রামে পরে আছে? লোকমান নিজের বিড়িতে টান দিতে দিতে তাকিয়ে থাকে। হাবা মাস্টার এক আজিব রহস্য। তার ভালো লাগে না। এরই মধ্যে আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নেমে আসে। হাবা মাস্টার ওঠে দাঁড়ায়। তারপর নিকোটিনের স্বাদ নিতে নিতে রেল লাইন ধরে হাঁটা দেয়। দূর থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ থেমে থেমে জ্বলে ওঠে।
    কাশিমপুর গ্রামের আকাশে বাতাসে রটে যায়, ক্ষ্যাপা মাস্টার গুপ্তধন খুঁজে পেয়েছে। সবাই দেখেছে। রহিম দেখেছে, আনোয়ার দেখেছে, আলেয়ার ছোট মেয়ে ফুলকলি অবধি দেখেছে। নয়তো শালার ব্যাটা মাস্টার রোজ রোজ রেল লাইন ধরে হেঁটে যাবে ক্যানে? রেল লাইনের ধারে তো জংলার বন আর আগাছার ছড়াছড়ি। শালার ব্যাটা মাস্টারকে জিগ্যেস করেও কিছু বোঝা যায় না। বলে এমনিই হাঁটি। কাশিমপুর গ্রামে হাটে বাজারে আলোচনার গুঞ্জন। মাস্টারের ব্যাটা কি গুপ্তধন পেল? পাড়ার মৌলবি সাব বললেন, ওরে, ওদিকে নজর দিস না। কোন রক্তচোষার গুপ্তধন। শাপ লাগবে। লোকমান শুনেও না শোনার ভান করে। এটা কোন কথা? এমনিতেই ঘরে আকাল। সোনার মা সারাদিন মুখ চিমসে করে রাখে। গুপ্তধনের অনেক দাম হতে পারে। হয়তো সুদিন ফিরলো। তাছাড়া কোথাকার কোন মাস্টার? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে। এলাকার সম্পত্তিতে হাত বসায়।
    হাটে মাঠে এক গুজব, ক্ষ্যাপা মাস্টার গুপ্তধন খুঁজে পেয়েছে। সবার এক কথা, কার লুকোনো গুপ্তধন? হরিত মণ্ডল বলে বসলো, আরে এ এলাকায় যে বিখ্যাত জমিদার বাড়ি ছিলো। জমিদার সমর সেন, তার। সে ছাড়া আর কে হবে? জমিদার বাবু এলাকা ছাড়ার আগে নরবলি দিয়ে গুপ্তধন লুকিয়েছিল। হীরার মাণিক। হরিত মণ্ডলের কথায় কেউ বিশ্বাস করে না। বলে ব্যাটা বানিয়ে বলছে। কিন্তু রাতের ঘরে,সবাই ঘুমের কোলে হরিত মণ্ডলের কথা ফেলে দিতে পারে না। গুপ্তধন বলে কথা।
    সকালবেলা অম্বলের চোঁয়া ঢেঁকুর তুলতে তুলতে চাষারা মাঠে যায়, আর ক্ষ্যাপা মাস্টারের খুঁজে পাওয়া গুপ্তধনের কথা ভাবে।

    ক্ষ্যাপা মাস্টার এক বিশাল বেকুব। সহজ সরল কথাই সে ধরতে পারে না। অথচ এই বেকুবে কিনা গুপ্তধন খুঁজে পেলো। গ্রামবাসী মনে মনে ভাবে। মাথা চুলকোয়। আর গভীর রাতে অতৃপ্তির ঢেঁকুর তোলে। তারপর সবাই মিলে ঠিক করলো ক্ষ্যাপা মাস্টারের পিছু নিয়ে গুপ্তধন জব্দ করা হবে। সবাই প্রস্তুত হোল। লোকমান মিয়াঁ অভিযাত্রী দলের সর্দার মনোনীত হল। তার সাথে থাকবে গ্রামের তরুণ যুবারা। আজ পূর্ণিমার রাতে ক্ষ্যাপা মাস্টারের পিছু নিয়ে গুপ্তধন জব্দ করা হবে। হাজার হলেও গ্রামের সম্পত্তি বলে কথা। লোকমান মিয়াঁ, পূর্ণিমার রাতে ক্ষ্যাপা মাস্টারের পিছু নিলো। তরুণ যুবারা দূরে দূরে তাকে অনুসরণ করে। লোকমান মিয়াঁ দূর থেকে ক্ষ্যাপা মাস্টারকে দ্যাখে। লম্বা ঋজু শরীর, আলু থালু চুল, চোখে চশমা। মুখে আগুনের ফুলকি থেমে থেমে জ্বলে ওঠে। পূর্ণিমার রাতে ক্ষ্যাপা মাস্টার রেলপথ ধরে একা একা হেঁটে চলে। মাঝে মাঝে আকাশের পাণে চায়। দিক খোঁজে নাকি?
    এভাবে দীর্ঘ সময় ও পথ পরিভ্রমন করে ক্ষ্যাপা মাস্টার একা একা হেঁটে চলে। লোকমানের এক সময় মনে হয়, ক্ষ্যাপা মাস্টার শালা আসলেই পাগল। তার ঠিক কিছুক্ষণ পরে ক্ষ্যাপা মাস্টার একটা ঝুপড়ির সামনে এসে দাঁড়ায়। গাছে গাছে, বিবিধ বৃক্ষে একটা ঝুপড়ির সৃষ্টি হয়েছে। ক্ষ্যাপা মাস্টার সন্তর্পণে সেখানে ঢুকে যায়। লোকমানের হৃদস্পন্দন হঠাৎ কমে আসে। সে তরুণ দলের প্রতি ইশারা দায়। হাতের লাঠিটা শক্ত করে ধরে, সে আর তিন জনকে নিয়ে ঝুপড়িতে প্রবেশ করে। দ্যাখে ঝুপড়িতে কেউ নেই। ঝুপড়িতে ঢোকার রাস্তাও একটা। বের হবার আর কোন পথ নেই। তবে, ক্ষ্যাপা মাস্টার গেলো কোথায়? তারা এলোমেলো মাথা চুলকোয়। হঠাৎ একজন চিৎকার করে ওঠে, গুপ্তধন। লোকমান ফিরে দ্যাখে একটা কাঠের বাক্স পরে আছে। তারা ক্ষ্যাপা মাস্টারের কথা ভুলে যায়। এবং কাঠের বাক্সের ওপর ঝাঁপিয়ে পরে। কাশিমপুরের সমস্ত গ্রামবাসী উল্লসিত হয়ে জড়ো হয়, বিজন ডাঙ্গার মাঠে। তাদের হারানো গুপ্তধন পাওয়া গেছে। নানা জনে নানা কথা বলে। তারপর সবার সম্মিলিত সিদ্ধান্তে কাঠের বাক্স খোলার সিদ্ধান্ত নেয়া হয়। ভোররাতে, কাঠের বাক্স খুলে পাওয়া গেলো একরাশ নুড়ি পাথর। সবাই হতবাক। লোকমান প্রচণ্ড খেপে উঠলো। সে চিৎকার করে জানালো সব ক্ষ্যাপা মাস্টারের দোষ। ঠিক তখন সবার মনে পরলো ক্ষ্যাপা মাস্টার কই?
    পরবর্তী কিছুদিন ক্ষ্যাপা মাস্টারের খোঁজ চললো। কিন্তু তাকে আর খুঁজে পাওয়া গেলো না। রেল লাইনের ধারেও নেই কোন ঝুপড়ি। গ্রামবাসী ভুত প্রেতের কারবার বলে ঘটনাটা ধামা চাপা দেবার চেষ্টা করলো। কাঠের বাক্স আগুনে পুড়িয়ে গ্রামবাসী ঘরে ফিরলো।

    বর্ষা দিনের বিকেলে, ঝোপ জংলার মাঝে বসে সোনা মিয়াঁ, একমনে তাকিয়ে আছে। বৃষ্টি হতে হতে শেষ হয়ে এসেছে। আবার ঝিরিঝিরি বৃষ্টি ঝরে ঝরে, গলে গলে সবুজের সাথে মিশে যাচ্ছে। বিকেলের আকাশে ক্রুদ্ধ মেঘদল। সোনা মিয়াঁ ঝোপ জংলায় বসে একমনে তাকিয়ে আছে। পার্শ্ববর্তী রেল লাইন দিগন্তে মিশে গেছে। ছায়া ঘেরা আঁধারে দূর থেকে একটা আগুনের লাল বিন্দু থেমে থেমে জ্বলে উঠছে। হাবা মাস্টার সিগ্রেটে টান দিচ্ছে। লোকমান দূর থেকে দেখছে। হাবা মাস্টার প্রায়ই এরকম রেললাইনের ওপর বসে একা আনমনে সিগ্রেটে টান দেয়। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে। দূরে কোথাও তাকিয়ে থাকে। কেন করে, কে জানে? হাবা মাস্টারকে সোনা মিয়াঁর ঠিক পছন্দ না। হাবা মাস্টারের অনেক গুলো নাম হয়েছে, ক্ষ্যাপা মাস্টার, গুঁজা মাস্টার, মরা মাস্টার। হাবা মাস্টারকে দেখলে কিছুই বোঝা যায় না। কেন সে এই অজ পাড়া গাঁয়ে এসে পরে থাকবে? শুনেছে হাবা মাস্টার ভালোই জানে। তাহলে কেনো সে এই মড়ার গ্রামে পরে আছে? সোনা মিয়াঁ নিজের বিড়িতে টান দিতে দিতে তাকিয়ে থাকে। হাবা মাস্টার এক আজিব রহস্য। তার ভালো লাগে না। এরই মধ্যে আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নেমে আসে। হাবা মাস্টার ওঠে দাঁড়ায়। তারপর নিকোটিনের স্বাদ নিতে নিতে রেল লাইন ধরে হাঁটা দেয়। দূর থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ থেমে থেমে জ্বলে ওঠে।

    2
    5 Comments
Skip to toolbar